নগরবাসীর জানমালের নিরাপত্তা নিশ্চিত করা, অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধ এবং যানবাহনের নিরাপত্তা রক্ষার উদ্দেশ্যে রাজধানী ঢাকায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। নগরীর গুরুত্বপূর্ণ প্রবেশপথ, সড়ক ও অপরাধপ্রবণ এলাকায় জোরালো চেকপোস্ট স্থাপনের পাশাপাশি পুলিশি টহল ও নজরদারিও বাড়ানো হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার আকতার হোসেন এ তথ্য জানান।

তিনি জানান, ডিএমপির বিভিন্ন থানা ও ইউনিটের সমন্বয়ে পরিচালিত এসব কার্যক্রমে সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে। মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনের কাগজপত্র যাচাই করা হচ্ছে এবং সন্দেহজনক চলাচলের ওপর বিশেষ নজর রাখা হচ্ছে।

আকতার হোসেন আরও জানান, ছিনতাই, চুরি ও ডাকাতিসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে গুরুত্বপূর্ণ সড়ক ও জনসমাগমস্থলে পুলিশের উপস্থিতি জোরদার করা হয়েছে।

তিনি বলেন, নগরবাসীর নিরাপদ চলাচল নিশ্চিত করা এবং অপরাধ সংঘটনের আগেই তা প্রতিরোধে ডিএমপির এ তৎপরতা অব্যাহত রয়েছে। বিশেষ করে নগরীর সড়কে চলাচলরত যানবাহন ও চালকদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে।

Source: জাগো নিউজ২৪