সৌদি আরবে সাম্প্রতিক বিমান হামলাজনিত পরিস্থিতি ও যাত্রীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে সৌদিগামী ফ্লাইট পরিচালনার ব্যাপারে আগে ঘোষিত সিদ্ধান্ত আগামী ৩০ নভেম্বর পর্যন্ত বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে রাষ্ট্রীয় এই বিমান সংস্থাটি এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, নিরাপত্তাজনিত কারণে ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের নিয়মিত ফ্লাইট ৩০ নভেম্বর পর্যন্ত স্থগিত থাকবে। পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত এ রুটে ফ্লাইট চলাচল বন্ধ থাকবে।
তবে অন্য তিনটি রুটে ফ্লাইট আগের ঘোষিত সিদ্ধান্ত ও সময়সূচি অনুযায়ীই পরিচালিত হবে। রুটগুলো হলো ঢাকা-জেদ্দা-ঢাকা, ঢাকা-দাম্মাম-ঢাকা ও ঢাকা-মদিনা-ঢাকা।
টিকিট ও ভ্রমণসংক্রান্ত হালনাগাদ তথ্যের জন্য যাত্রীদের নিকটস্থ বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সেলস সেন্টারে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে সংস্থাটি।
Source: জাগো নিউজ২৪






