ভারতের পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি) সরকার দায়িত্ব নেওয়ার পর খ্রিষ্টান সম্প্রদায়ের ওপর হামলার ঘটনা বেড়েছে বলে অভিযোগ করেছেন দেশটির খ্রিষ্টান ধর্মীয় নেতারা। গত মে মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন হিন্দু জাতীয়তাবাদী দলটি পশ্চিমবঙ্গের নির্বাচনে জয়ী হওয়ার পর থেকে রাজ্যটিতে গির্জায় ভাঙচুর এবং যাজকদের ওপর হামলার ঘটনা ঘটেছে বলে শনিবার তাঁরা জানান।

এএফপির প্রতিবেদন অনুযায়ী, শনিবার পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় ভারতের বিভিন্ন এলাকার ৩৫ জন খ্রিষ্টান ধর্মীয় নেতা একটি বৈঠকে মিলিত হন। পূর্বাঞ্চলীয় এই রাজ্যে সহিংসতা ও বৈষম্যের বিভিন্ন অভিযোগ নিয়ে সেখানে আলোচনা হয়।

পূর্ব ও উত্তর-পূর্ব ভারতের বিভিন্ন খ্রিষ্টান সম্প্রদায়ের প্রতিনিধিত্বকারী সংগঠন বঙ্গীয় খ্রিষ্টীয় পরিষেবার প্রতিষ্ঠাতা ও সম্পাদক হেরোড মল্লিক জানান, ৪ মে বিজেপি পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার পর থেকে তাঁরা ৬০টি ঘটনার তথ্য নথিভুক্ত করেছেন। এএফপিকে তিনি বলেন, এসব ঘটনার মধ্যে ব্যক্তিগতভাবে আয়োজিত প্রার্থনাসভা ও বাড়িভিত্তিক গির্জায় ৫২টি তল্লাশি এবং আটটি দলবদ্ধ হামলা ও শারীরিক নির্যাতনের ঘটনা রয়েছে। তবে এএফপি স্বাধীনভাবে এসব তথ্য যাচাই করতে পারেনি।

মল্লিক আরও জানান, ভুক্তভোগী এবং ঘটনাগুলো তদন্তে যাওয়া প্রতিনিধিদল বারবার এসব ঘটনার সঙ্গে উগ্র ডানপন্থী সংগঠনগুলোর সংশ্লিষ্টতার কথা জানিয়েছে। তাঁর ভাষ্য অনুযায়ী, এসব গোষ্ঠী রবিবারের প্রার্থনাসভায় বাধা দিয়েছে, পরিচয়পত্র দেখতে চেয়েছে এবং উপাসনাকারীদের বিরুদ্ধে হিন্দুদের জোরপূর্বক ধর্মান্তরিত করার অভিযোগ তুলেছে।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, তিনি অভিযোগগুলো খতিয়ে দেখবেন। অভিযোগের সত্যতা পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

শনিবারের এই বৈঠকের আগে বিজেপি অভিযোগ করেছিল, পশ্চিমবঙ্গের কিছু প্রতিষ্ঠান জোরপূর্বক ধর্মান্তরের ঘটনায় সহায়তা করেছে।

ভারতের সর্বশেষ জাতীয় আদমশুমারি অনুযায়ী, পশ্চিমবঙ্গের মোট জনসংখ্যার এক শতাংশেরও কম খ্রিষ্টান। কলকাতার বৈঠকে অংশ নেওয়া খ্রিষ্টান নেতারা জানান, তারা সোমবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে একটি স্মারকলিপি জমা দেবেন। এতে স্বাধীন বিচার বিভাগীয় তদন্ত, খ্রিষ্টানদের নিরাপত্তা নিশ্চিত করা এবং যাজক ও ধর্মপ্রচারকদের বিরুদ্ধে ইচ্ছামতো গ্রেপ্তার ঠেকাতে সুরক্ষাব্যবস্থার দাবি জানানো হবে।

অন্যদিকে বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য সম্প্রতি অভিযোগ করেন, কলকাতা থেকে প্রায় ২২৫ কিলোমিটার উত্তর-পশ্চিমে শিল্পনগরী আসানসোলে জোরপূর্বক ধর্মান্তরের ঘটনা ঘটছে। কলকাতার একটি পরিচিত খ্রিষ্টান মিশনারি স্কুলের বিরুদ্ধেও ধর্মীয় বৈষম্যের অভিযোগ তোলেন তিনি।

সর্বশেষ আদমশুমারি অনুযায়ী, ১৪০ কোটি মানুষের দেশ ভারতে দুই শতাংশের বেশি খ্রিষ্টান। খ্রিষ্টান সম্প্রদায়ের নেতাদের দাবি, প্রায় দুই হাজার বছর ধরে ভারতে তাদের ধর্মের উপস্থিতি রয়েছে।

তথ্যসূত্র: এএফপি।

Source: জাগো নিউজ২৪