অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন এবং ২০২০ সালে মেয়াদোত্তীর্ণ কেমিক্যাল ও উপকরণ ব্যবহারের অভিযোগে বগুড়ায় ‘শিমু বেকারি’ নামের একটি প্রতিষ্ঠানকে ৪ লাখ টাকা জরিমানা করেছেন বিশুদ্ধ খাদ্য আদালত। একই সঙ্গে কারখানাটি শর্তসাপেক্ষে বন্ধ ঘোষণা করা হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) দুপুরে বগুড়া শহরের বিসিক এলাকায় এই অভিযান পরিচালিত হয়। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (বিশুদ্ধ খাদ্য আদালত ও বগুড়া সদর) মেহেদী হাসানের নেতৃত্বে অভিযানটি চালানো হয়। নিরাপদ খাদ্য অধিদপ্তরের বগুড়া কার্যালয়ের কর্মকর্তা মো. রাসেল এ তথ্য নিশ্চিত করেছেন।

অভিযানে কারখানার ভেতরে মেয়াদোত্তীর্ণ ফুড অ্যাডিটিভস, রং ও ফ্লেভার ব্যবহার করে খাদ্যপণ্য তৈরির প্রমাণ পাওয়া গেছে। জব্দ করা কিছু অনুমোদনহীন কেমিক্যালের মেয়াদ ২০২০ সালেই শেষ হয়ে গেছে। অভিযোগ রয়েছে, গত ছয় বছর ধরে ওই কেমিক্যাল দিয়েই খাদ্য তৈরি করা হচ্ছিল।

এ ছাড়া অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি, প্রক্রিয়াকরণ ও মোড়কজাত করার চিত্রও আদালতের নজরে আসে।

বগুড়া জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রাসেল জানান, নিরাপদ খাদ্য আইন অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে এক বছরের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। পাশাপাশি কারখানার ওপর বেশ কিছু শর্ত আরোপ করা হয়েছে।

তিনি আরও জানান, নির্ধারিত শর্তগুলো পূরণ করে পরিদর্শকের মাধ্যমে পরিদর্শন ও সংশোধনের প্রতিবেদন পাওয়ার পরই কেবল প্রতিষ্ঠানটি পুনরায় চালু করা যাবে।

Source: জাগো নিউজ২৪