যে জারি গানে একসময় রাত জেগে থাকত গোটা গ্রাম, কালের বিবর্তনে সেই লোকজ সংস্কৃতিই আজ হারিয়ে যেতে বসেছে। আধুনিক বিনোদনের ভিড়ে কমেছে এর চর্চাও। সেই হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে ও নতুন প্রজন্মকে এর সঙ্গে পরিচয় করিয়ে দিতে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বসেছিল জারি গানের আসর। গান আর সুরের মূর্ছনায় মেতে ওঠেন হাজারো নারী-পুরুষ। শিশু-কিশোর থেকে নানা বয়সের মানুষের উপস্থিতিতে ফিরে আসে গ্রামবাংলার চিরচেনা সাংস্কৃতিক আবহ।
মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে উপজেলার উজ্জীবন উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে এ আসরের আয়োজন করে সৈয়দগাঁও চৌরাস্তা যুবসমাজ। তথ্যসূত্র: জাগো নিউজ।
আয়োজকেরা জানান, বাংলার গ্রামীণ জনপদের সমৃদ্ধ লোকসংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ জারি গান। একসময় শীত মৌসুমে গ্রামাঞ্চলের বিভিন্ন এলাকায় নিয়মিত বসত এই গানের আসর। রাতভর চলত গান, পালাগান ও প্রতিযোগিতা। সময়ের সঙ্গে সঙ্গে এসব আয়োজন অনেকটাই কমে গেছে। নতুন প্রজন্মের কাছে এই সংস্কৃতি তুলে ধরতে এবং হারিয়ে যেতে বসা ঐতিহ্য বাঁচিয়ে রাখতেই তাদের এই উদ্যোগ বলে আয়োজকেরা জানান। ভবিষ্যতেও এলাকার মানুষের অংশগ্রহণে এ ধরনের সাংস্কৃতিক আয়োজন অব্যাহত রাখার পরিকল্পনার কথা জানিয়েছেন তাঁরা।
‘রাত জেগে গান দেখে ফিরতাম’
জারি গান দেখতে আসা আয়ুব আলী বলেন, আগে শীতের মৌসুমে প্রায় প্রতিটি এলাকায় জারি গানের আসর বসত। তিনিও পাটুয়াভাঙা ও মির্জাপুরসহ দূর-দূরান্তে জারি গান দেখতে যেতেন। কখনো রাত ১০টা, কখনো ১২টা, আবার কখনো রাত ১টায় বাড়ি ফিরতেন।
তিনি আরও বলেন, ‘তখন রাত জেগে গান দেখে ফিরলেও পরিবারের কেউ বকাঝকা করতেন না। কিন্তু সময়ের সঙ্গে এই ঐতিহ্য হারিয়ে যাচ্ছে। মোবাইল ফোনের ব্যবহার বেড়ে যাওয়াকে এর অন্যতম কারণ মনে করি। এখনকার অনেক তরুণ জারি গান সম্পর্কে জানেই না। আগের মতো নিয়মিত আয়োজনও আর চোখে পড়ে না।’
প্রথমবার দেখতে এসে মুগ্ধ সিয়াম
নতুন প্রজন্মের মধ্যেও জারি গানের প্রতি আগ্রহ তৈরি হচ্ছে। ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী সিয়াম বলে, জীবনে প্রথমবারের মতো জারি গান দেখতে এসেছে। আগে কখনো সরাসরি দেখেনি। জারি গানের আয়োজন হচ্ছে শুনে বন্ধুদের নিয়ে দেখতে এসেছে বলেও জানায় সে। জারি গান কেমন হয়, তা জানার আগ্রহ ছিল। এসে দেখে অনেক মানুষের সমাগম। পুরো আয়োজনটি তার খুব ভালো লেগেছে। ভবিষ্যতেও এমন আয়োজন হলে আবারও দেখতে আসবে বলে জানায় সিয়াম।
‘পুরোনো সংস্কৃতিকে নতুন ধারায় ফেরাতে চাই’
পাকুন্দিয়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাজহারুল হক উজ্জ্বল বলেন, নতুন প্রজন্মের কাছে পুরোনো সংস্কৃতিকে নতুন ধারায় ফিরিয়ে আনতে তাঁরা কাজ করে যাচ্ছেন। খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে যুবসমাজকে মাদক, মোবাইল আসক্তিসহ বিভিন্ন নেতিবাচক প্রবণতা থেকে দূরে রাখতে চান তাঁরা। এ লক্ষ্যে সংসদ সদস্য অ্যাডভোকেট জালাল উদ্দিনের সহযোগিতায় মাঠপর্যায়ে কাজ করছেন বলেও জানান তিনি। যুবসমাজকে সুস্থ সংস্কৃতি ও খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করতে সবার সহযোগিতা কামনা করেন মাজহারুল হক উজ্জ্বল।
অনুষ্ঠানের উদ্বোধক ইঞ্জিনিয়ার আমিনুল হক জর্জ বলেন, ‘আমাদের এলাকায় জারি গানের ঐতিহ্য দিন দিন হারিয়ে যাচ্ছে। পাকুন্দিয়া সদর ও কলেজসংলগ্ন এলাকায় দীর্ঘদিন ধরে এমন আয়োজন হয়নি। অনেকেই আছেন, যারা জীবনে কখনো সরাসরি জারি গান দেখেননি। হারিয়ে যেতে বসা এই ঐতিহ্য ফিরিয়ে আনতে এমন আয়োজন করায় আয়োজক কমিটিকে ধন্যবাদ জানাই। অনুষ্ঠানে মা-বোনসহ বিভিন্ন বয়সের মানুষের উপস্থিতি সত্যিই আনন্দের।’
হাফিজুল ইসলাম ছাদির সভাপতিত্বে অনুষ্ঠান উদ্বোধন করেন পাকুন্দিয়া পৌরসভার মেয়র পদপ্রার্থী ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার আমিনুল হক জর্জ। এ সময় উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাজহারুল হক উজ্জ্বল, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ এনামুল হক ও পৌর ছাত্রদলের সদস্য সচিব মিজানুর রহমান ফেরদৌসসহ স্থানীয় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
Source: জাগো নিউজ২৪






