বিদেশি শ্রমবাজারে দক্ষ জনশক্তি পাঠানো এবং দালালমুক্ত স্বচ্ছ নিয়োগব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যে সংযুক্ত আরব আমিরাতের দুবাইভিত্তিক প্রতিষ্ঠান ট্রান্সগার্ড গ্রুপ এলএলসিতে কর্মী নিয়োগের চূড়ান্ত কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (আনসার ও ভিডিপি)।
আজ বুধবার রাজধানীর খিলগাঁওয়ে আনসার ও ভিডিপি সদর দপ্তরে ১৩৯ জন প্রশিক্ষিত ভিডিপি সদস্যের মধ্য থেকে চূড়ান্তভাবে ১০০ জন কর্মী নির্বাচনের এ প্রক্রিয়া শুরু হয়। বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করেন এবং বিদেশগামী প্রার্থীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
জানা গেছে, বাংলাদেশ আনসার ও ভিডিপি ওয়েলফেয়ার ট্রাস্টের সার্বিক তত্ত্বাবধানে এবং ট্রান্সগার্ড গ্রুপ ও রিক্রুটিং এজেন্সি ‘ম্যান ফোর্স বাংলাদেশ’-এর সমন্বয়ে পরিচালিত এ বাছাই প্রক্রিয়ায় প্রার্থীদের কাগজপত্র যাচাই ও সংক্ষিপ্ত মৌখিক পরীক্ষা নেওয়া হয়। এর মাধ্যমে শাটারিং কার্পেন্টার, ম্যাসন (রাজমিস্ত্রি) ও স্টিল ফিক্সার—এই তিনটি ক্যাটাগরিতে কর্মী চূড়ান্ত করা হয়।
দক্ষ কর্মী পাঠানোই অগ্রাধিকার
মহাপরিচালক আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেন, বৈদেশিক শ্রমবাজারে অদক্ষ শ্রমিকের পরিবর্তে প্রশিক্ষিত ও দক্ষ কর্মী পাঠানোই বাহিনীর অন্যতম অগ্রাধিকার। ট্রান্সগার্ড গ্রুপের প্রায় পাঁচ হাজার কর্মীর চাহিদার বিপরীতে ৬০ দিনের নিবিড় প্রশিক্ষণ ও কঠোর মূল্যায়নের মাধ্যমে প্রথম ধাপে এই কর্মীদের নির্বাচন করা হচ্ছে। এ ছাড়া সারাদেশ থেকে বাছাই করা আরও প্রায় এক হাজার প্রশিক্ষিত সদস্য বিদেশে যাওয়ার অপেক্ষায় রয়েছেন।
প্রান্তিক জনগোষ্ঠীকে দালালচক্রের প্রতারণা ও আর্থিক ক্ষতি থেকে সুরক্ষা দিতে ডিজিটাল ব্যবস্থাপনা ও প্রাতিষ্ঠানিক জবাবদিহির ওপর জোর দেন তিনি। মহাপরিচালক জানান, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, বৈদেশিক মিশন এবং বিদেশি নিয়োগকারী প্রতিষ্ঠানের পাশাপাশি প্রান্তিক শক্তি লিমিটেড, আনসার-ভিডিপি ওয়েলফেয়ার ট্রাস্ট ও আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের সমন্বয়ে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।
তিনি আরও জানান, ওয়েলফেয়ার ট্রাস্টের সিআরএম সফটওয়্যার এবং ওয়ান সিঙ্গেল পয়েন্ট সার্ভিসের মাধ্যমে নিবন্ধন থেকে শুরু করে প্রবাসে অবস্থানকালীন রেমিট্যান্স প্রেরণ, ঋণের কিস্তি পরিশোধ এবং জরুরি সমস্যা সমাধানে কার্যকর সেবা কাঠামো গড়ে তোলা হয়েছে। পাশাপাশি দেশে থাকা প্রবাসীদের পরিবারের নিরাপত্তা ও কল্যাণে বাহিনীর প্রায় ৬০ লাখ সদস্যের বিস্তৃত নেটওয়ার্ক কাজে লাগানো হবে।
শৃঙ্খলা ভঙ্গে কঠোর হুঁশিয়ারি
বিদেশগামী সদস্যদের উদ্দেশে মহাপরিচালক বলেন, প্রতিটি সদস্য বিদেশের মাটিতে বাহিনী তথা বাংলাদেশের ভাবমূর্তির প্রতিনিধিত্ব করবেন। তাই কর্মক্ষেত্রে শৃঙ্খলা, সততা ও নিয়োগকারী প্রতিষ্ঠানের শর্ত যথাযথভাবে মেনে চলতে হবে। কোনো ধরনের অনিয়ম বা শৃঙ্খলাভঙ্গের মাধ্যমে বাহিনীর সুনাম ক্ষুণ্ণ করা হলে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। বৈধ পথে রেমিট্যান্স পাঠানো এবং চুক্তি শেষে যথানিয়মে দেশে ফেরার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।
জাপান ও ইউরোপের বাজারে নতুন উদ্যোগ
আন্তর্জাতিক শ্রমবাজার সম্প্রসারণের পরিকল্পনার কথা জানিয়ে আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেন, সংযুক্ত আরব আমিরাত ও ইতালির রাষ্ট্রদূতের সঙ্গে ইতোমধ্যে ফলপ্রসূ আলোচনা হয়েছে। জাপানের চাহিদা অনুযায়ী দক্ষ জনশক্তি তৈরির পাশাপাশি আইসিটি ও ভাষা শিক্ষায় দক্ষ সদস্যদের জন্য ‘স্টুডেন্ট ট্র্যাক’-এর আওতায় জাপানি বিশ্ববিদ্যালয় ও ল্যাঙ্গুয়েজ কলেজের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর ও স্পন্সরশিপের উদ্যোগ নেওয়া হয়েছে। এ ছাড়া ইউরোপের বাজার ধরতে আন্তর্জাতিক মানদণ্ড ও কমপ্লায়েন্স নিশ্চিত করা হচ্ছে।
অন্যদিকে পারিবারিক বা সামাজিক কারণে যাঁরা বিদেশে যেতে পারবেন না, তাঁদের জন্য দেশের ভেতরেই ‘সঞ্জীবন প্রকল্পের’ আওতায় খামার, বায়োগ্যাস ও একক পণ্যভিত্তিক উদ্যোক্তা তৈরির কার্যক্রম সম্প্রসারণ করা হচ্ছে বলেও তিনি জানান।
Source: জাগো নিউজ২৪






