তথ্য চুরির অভিযোগে একে অপরের বিরুদ্ধে মামলা করেছে বিশ্বের শীর্ষ দুই প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল ও ওপেনএআই। প্রথমে অ্যাপল মামলা করলেও গত শুক্রবার (২৭ নভেম্বর) যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার একটি আদালতে পাল্টা মামলা করেছে চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই। এই মামলার মধ্য দিয়ে দুই প্রতিষ্ঠানের আইনি লড়াই নতুন মোড় নিয়েছে।

ওপেনএআইয়ের অভিযোগ, অ্যাপল তাদের সাবেক এক কর্মীকে নিয়োগ দিয়ে গোপন তথ্য সংগ্রহ করেছে। ওপেনএআইয়ের দাবি, ওই কর্মী প্রতিষ্ঠানটিতে মাত্র ছয় মাস কাজ করেছেন। সেই সময়ে তিনি একটি নতুন যন্ত্র এবং ভবিষ্যতে তৈরি হতে যাওয়া পণ্যের পরিকল্পনা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য জানার সুযোগ পান। অভিযোগ অনুযায়ী, তিনি নিজের ব্যক্তিগত ফোন নম্বরে ওপেনএআইয়ের কয়েক ডজন নথি পাঠিয়েছেন। একই সঙ্গে ওপেনএআইয়ের অভিযোগ, অ্যাপলের অনুরোধে ওই কর্মী প্রতিষ্ঠানের ভবিষ্যৎ পরিকল্পনা অ্যাপলের জ্যেষ্ঠ কর্মকর্তাদের কাছে তুলে ধরেছিলেন। এমনকি, গোপন নথি সংগ্রহের উদ্দেশ্যেই তিনি ওপেনএআইয়ে যোগ দিয়েছিলেন কি না, তা নিয়েও সন্দেহ প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।

পাল্টা মামলায় অ্যাপলের বিরুদ্ধে আরও একটি অভিযোগ এনেছে ওপেনএআই। প্রতিষ্ঠানটির দাবি, অ্যাপল কর্মীদের অফিসের নথি ব্যক্তিগত আইক্লাউড অ্যাকাউন্টে সংরক্ষণ করতে বলে। পরে, কোনো কর্মী চাকরি ছেড়ে প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানে যোগ দিলে তার বিরুদ্ধে গোপন তথ্য চুরির অভিযোগ তোলার সুযোগ পায় অ্যাপল।

তবে, ওপেনএআইয়ের এসব অভিযোগ অস্বীকার করেছে অ্যাপল। প্রতিষ্ঠানটির এক মুখপাত্র বলেছেন, ওপেনএআইয়ের কর্মীরা অ্যাপলের অপ্রকাশিত প্রযুক্তি, কাজের পদ্ধতি ও পণ্য সম্পর্কে গোপন তথ্য চুরি করেছেন এবং সেগুলো ব্যবহার করেছেন। তিনি আরও মন্তব্য করেন, পাল্টা মামলাটি অ্যাপলের মূল অভিযোগ থেকে দৃষ্টি সরানোর চেষ্টা মাত্র।

অন্যদিকে, গত জুলাইয়ে ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা করেছিল অ্যাপল। প্রতিষ্ঠানটির অভিযোগ, অ্যাপলের সাবেক অন্তত দুজন কর্মী ওপেনএআইয়ে যোগ দেওয়ার সময় নিজেদের ই-মেইলে অ্যাপলের অভ্যন্তরীণ গোপন নথি পাঠিয়েছিলেন। অ্যাপল এ ঘটনাকে ‘তথ্য চুরির ধারাবাহিক কর্মকাণ্ড’ বলে উল্লেখ করেছিল। একই সঙ্গে প্রতিষ্ঠানটির অভিযোগ, অ্যাপলের গোপন তথ্য হাতিয়ে নেওয়ার কৌশল নিয়েছে ওপেনএআই। তবে এসব অভিযোগ অস্বীকার করে আসছে চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠানটি। ওপেনএআইয়ের পক্ষ থেকে বলা হয়েছিল, অন্য কোনো প্রতিষ্ঠানের বাণিজ্যিক গোপন তথ্যের প্রতি আগ্রহ নেই তাদের।

অ্যাপলের মামলায় ওপেনএআইয়ের পাশাপাশি তাদের সাবেক দুই কর্মীকেও বিবাদী করা হয়েছে। এছাড়া, মামলায় বিবাদী করা হয়েছে অ্যাপলের সাবেক ডিজাইনপ্রধান জনি আইভের প্রতিষ্ঠিত নকশার প্রতিষ্ঠান আইও প্রোডাক্টসকেও। জনি আইভ অ্যাপলে থাকাকালে আইম্যাক, আইপড, আইফোন ও আইপ্যাডের নকশা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন।

সব মিলিয়ে, গোপন তথ্য চুরির অভিযোগ ঘিরে দুই প্রযুক্তিপ্রতিষ্ঠানের আইনি লড়াই এখন নতুন মোড় নিয়েছে।

তথ্যসূত্র: বিবিসি

Source: জাগো নিউজ২৪