পাবনা শহরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কার্যক্রমের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মিছিলে ককটেল হামলার অভিযোগ উঠেছে। শনিবার (২৮ নভেম্বর) রাত পৌনে ৮টার দিকে শহরের আব্দুল হামিদ সড়কের মুক্তিযোদ্ধা মার্কেটের সামনে এ ঘটনা ঘটে। ঘটনার পর ওই মার্কেটের তৃতীয় তলা থেকে এক নারী ও তিন যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

পুলিশ ও ছাত্রদল সূত্রে জানা গেছে, পাবনাসহ সারাদেশে নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের কার্যক্রমের প্রতিবাদে আজ সন্ধ্যায় পাবনা শহরের আব্দুল হামিদ সড়কে জেলা ছাত্রদলের সদস্যসচিব সাদ্দাম হোসেনের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক আব্দুল হামিদ সড়ক হয়ে শহীদ চত্বর বা ট্রাফিক মোড় প্রদক্ষিণ করে মুক্তিযোদ্ধা মার্কেটের সামনে এলে মিছিলে একটি ককটেল ছোড়া হয়। তবে এ ঘটনায় কেউ আহত হননি বলে জানা গেছে।

এ ব্যাপারে মিছিলে নেতৃত্ব দেওয়া জেলা ছাত্রদলের সদস্যসচিব সাদ্দাম হোসেন বলেন, সারাদেশে নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের সন্ত্রাসীরা নৈরাজ্য করছে। এর প্রতিবাদে তাদের মিছিলটি ওই মার্কেটের সামনে আসতেই ওপর থেকে ককটেল হামলা চালায় সন্ত্রাসী আওয়ামী বাহিনী। তিনি বলেন, “আমরা তৎক্ষণাৎ বুঝতে পারি ককটেলটি মার্কেটের ওপর থেকেই ছোড়া হয়েছে এবং হামলাকারীরা সেখানেই আছে। পরে আমরা শান্তিপূর্ণভাবে মার্কেটের সামনে অবস্থান নিয়ে প্রশাসনকে খবর দিলে তারা চারজনকে আটক করে। এই সন্ত্রাসীদের শাস্তি দাবি করছি।”

সাদ্দাম হোসেন আরও বলেন, “দেশ অস্থিতিশীল করতে দেওয়া হবে না। এক্ষেত্রে আওয়ামী নৈরাজ্যের বিরুদ্ধে প্রশাসনকে শক্ত ভূমিকা পালনের আহ্বান জানাচ্ছি।”

এ বিষয়ে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি আব্দুস সালাম জানান, ঘটনার পর ছাত্রদলের নেতাকর্মীরা মুক্তিযোদ্ধা মার্কেটের গেট আটকে দিয়ে গোয়েন্দা পুলিশকে খবর দেয়। পরে ওই মার্কেটের তৃতীয় তলা থেকে সন্দেহভাজন মধ্যবয়সী এক নারী ও তিন যুবককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে আনা হয়। তিনি বলেন, জিজ্ঞাসাবাদ শেষে ঘটনা সম্পর্কে বিস্তারিত বলা সম্ভব হবে।

তথ্যসূত্র: জাগো নিউজের প্রতিবেদন অনুযায়ী

Source: জাগো নিউজ২৪