রাশিয়ার রাজধানী মস্কোসহ দেশটির বিভিন্ন অঞ্চলে রাতভর ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এসব হামলা ঠেকিয়ে এক রাতেই ইউক্রেনের ১ হাজার ২৪৬টি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে রাশিয়া। শনিবার (২৮ নভেম্বর) রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

মন্ত্রণালয়ের দাবি, মস্কোসহ দেশটির বিভিন্ন অঞ্চলে এসব ড্রোন ভূপাতিত করা হয়েছে। রাশিয়ার রাজধানী মস্কোর দিকেও রাতভর ৪০০টির বেশি ড্রোন পাঠানো হয়েছিল বলে জানিয়েছেন নগরটির মেয়র সের্গেই সোবিয়ানিন। এসব ড্রোনের মধ্যে ১২৩টি শহরটির কাছাকাছি এলাকায় ভূপাতিত করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

তবে, ড্রোন হামলার ঘটনা শুধু মস্কোতেই সীমাবদ্ধ ছিল না। রাশিয়ার ব্রিয়ানস্ক অঞ্চলের ক্লিমোভো গ্রামে একটি বাসে ইউক্রেনীয় ড্রোন আঘাত হেনেছে বলে জানিয়েছেন ওই অঞ্চলের গভর্নর। এ ঘটনায় ৯ জন আহত হয়েছেন। তাদের চিকিৎসার বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

এছাড়া, সামারা অঞ্চলের শিল্পকারখানায় হামলার আরেকটি চেষ্টা চালানো হয়েছে বলে দাবি করেছেন ওই অঞ্চলের গভর্নর। তবে, এতে কেউ হতাহত হননি বলে জানিয়েছেন তিনি।

এর আগে, গত ১৭ নভেম্বর এক রাতেই ১ হাজার ৪৪১টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করার দাবি করেছিল রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।

এদিকে, ইউক্রেনের জাপোরিঝঝিয়া অঞ্চলেও রুশ বাহিনীর হামলায় প্রাণহানির ঘটনা ঘটেছে। গত শুক্রবার অঞ্চলটির ৪৯টি এলাকায় ৭০১টি হামলা চালায় রুশ বাহিনী। এসব হামলার মধ্যে বিভিন্ন ধরনের ৫৩৯টি ড্রোন হামলাও ছিল। এছাড়া বিমান হামলা, গোলাবর্ষণ ও রকেট লঞ্চার থেকেও হামলা চালানো হয়। এসব হামলায় একজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন বলে জানিয়েছেন ওই অঞ্চলের সামরিক প্রশাসনের প্রধান ইভান ফেদোরভ।

তথ্যসূত্র: জাগো নিউজ ইন্টারন্যাশনাল; রয়টার্স

Source: জাগো নিউজ২৪