পাবনা সদর উপজেলার পদ্মাতীরবর্তী এলাকায় নদীভাঙন ভয়াবহ আকার ধারণ করেছে। জাগো নিউজের প্রতিবেদন অনুযায়ী, ইতোমধ্যে নদীগর্ভে বিলীন হয়ে গেছে প্রায় দুই হাজার বিঘা ফসলি জমি, ফলদ বাগান, চারণভূমি ও বসতভিটা। চলতি বছরেই অন্তত পাঁচটি পরিবারের বসতভিটা নদীতে বিলীন হয়েছে। ভাঙনের আশঙ্কায় দিন কাটাচ্ছেন প্রায় এক হাজার পরিবার।
ভাঙন দেখা দিয়েছে ভাঁড়ারা ইউনিয়নের জোতকাকুরিয়া, খাসচর বলরামপুর ও বাদুরডেঙ্গিসহ দোগাছি ও চরতারাপুর ইউনিয়নের কয়েক কিলোমিটার এলাকাজুড়ে। একসময় এসব এলাকায় মরিচ, পেঁয়াজ, লাউসহ বিভিন্ন ধরনের সবজির ব্যাপক আবাদ হতো। ছিল গবাদিপশুর বিস্তীর্ণ চারণভূমি। ফসলি জমির পাশাপাশি চারণভূমি হারিয়ে কৃষি ও প্রাণিসম্পদনির্ভর পরিবারগুলো চরম সংকটে পড়েছে।
গত বুধবার (২৫ নভেম্বর) ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেন পাবনার জেলা প্রশাসক আমিনুল ইসলাম। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে কথা বলেন এবং তাঁদের দুর্দশার কথা শোনেন।
পরিদর্শনকালে ভাঁড়ারা ইউনিয়নের জোতকাকুরিয়া গ্রামের হাসেন আলি মৃধা বলেন, ‘বাপ-দাদার আমল থেকে আবাদ করা জমি চোখের সামনে পদ্মা গিলে খাচ্ছে। আমাদের কয়েক প্রজন্মের সম্বল শেষ হয়ে গেল। এখন পরিবার নিয়ে কীভাবে বাঁচব, কিছুই ভেবে পাচ্ছি না।’
একই গ্রামের মো. সেলিম মৃধা বলেন, ‘আগে এই চরাঞ্চলে মরিচ, পেঁয়াজ আর লাউয়ের বাম্পার ফলন হতো। গরু-মহিষ চড়ানোর খোলা মাঠ ছিল। জমি আর চারণভূমি দুই-ই চলে যাওয়ায় এখন কাজকর্ম নেই, সংসার চালানোই কঠিন হয়ে পড়েছে।’
জোতকাকুরিয়া গ্রামের মো. আমজাদ হোসেন মৃধা জানান, কারও ১০ বিঘা, কারও ৩০-৪০ বিঘা জমি নদীতে বিলীন হয়েছে। তিনি বলেন, ‘ভাঙন যে গতিতে এগোচ্ছে, তাতে সামনের দিনগুলোতে বসতভিটাও রক্ষা করা যাবে কি না, সেই দুশ্চিন্তায় রাতের ঘুম হারাম হয়ে গেছে।’
চরতারাপুর ইউনিয়নের আরিয়া গোহাইলবাড়ি গ্রামের মো. ইমান আলী মোল্লা বলেন, ‘বাবা মৃত ইব্রাহিম মোল্লার রেখে যাওয়া জমি ও জীবিকার ওপর আমাদের সংসার চলত। নদীভাঙনে সেই জমি হারিয়ে আমরা এখন নিঃস্ব হওয়ার পথে। দ্রুত স্থায়ী বাঁধ না দিলে আমাদের শেষ আশাটুকুও থাকবে না।’
একই গ্রামের মো. মান্নান মোল্লা বলেন, ‘রাতের আঁধারে পদ্মায় অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু কাটার কারণে নদীর পাড় আরও দ্রুত ধসে পড়ছে বলে আমাদের ধারণা। প্রশাসন কঠোর ব্যবস্থা না নিলে ভাঙন থামানো যাবে না।’
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পদ্মার দুই পাড়ের পাবনা, সুজানগর, কুষ্টিয়া ও রাজবাড়ী জেলার বিভিন্ন অংশে রাতের আঁধারে চায়নিজ ড্রেজার ও কাটার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে। এতে নদীর তলদেশ ও পাড়ের স্থিতিশীলতা ক্ষতিগ্রস্ত হয়ে ভাঙন তীব্র হচ্ছে বলে তাঁরা আশঙ্কা করছেন। অবৈধ বালু উত্তোলন বন্ধে সমন্বিত তদন্ত ও আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।
পাবনা পানি উন্নয়ন বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. মাহবুব আলম বলেন, ভাঙনের বিস্তৃতি ও ভয়াবহতা বিবেচনায় স্বল্প পরিসরে জিওব্যাগ ফেলে স্থায়ী সমাধান সম্ভব নয়। এ জন্য কারিগরি জরিপ, নদীর গতিপ্রকৃতি বিশ্লেষণ এবং বড় বরাদ্দে সমন্বিত নদীতীর সংরক্ষণ প্রকল্প প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন।
জেলা প্রশাসক আমিনুল ইসলাম ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সহায়তায় প্রকৃত ভুক্তভোগীদের তালিকা প্রস্তুত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন। পাশাপাশি কৃষিজমি হারানো পরিবারগুলোর পাশে দাঁড়াতে কৃষি বিভাগ এবং প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে পানি উন্নয়ন বোর্ড ও উপজেলা প্রশাসনকে নির্দেশনা দিয়েছেন তিনি।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনিরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক ও পাবনা পৌরসভার প্রশাসক মো. খায়রুল ইসলাম, এনডিসি সুবীর নন্দী সরকার নয়ন, পাবনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তামারা তাসবিহা, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহরিয়ার ইসলাম নাফিজ, পাবনা পানি উন্নয়ন বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. মাহবুব আলম এবং ভাঁড়ারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সুলতান মাহমুদ খানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
তথ্যসূত্র: জাগো নিউজ বাংলাদেশ।
Source: জাগো নিউজ২৪






