এক সময় তরুণদের মধ্যে অবাধ যৌন সম্পর্কের প্রবণতা নিয়ে উদ্বিগ্ন ছিলেন অভিভাবকরা। ২০০০-এর দশকের শুরুতে বিশ্ববিদ্যালয়গুলোতে তরুণদের যৌন সম্পর্কের প্রবণতা নিয়ে ব্যাপক আলোচনা হতো। কেউ বলতেন, অবাধ যৌন সম্পর্ক তরুণদের মানসিকভাবে বিচ্ছিন্ন করছে। আবার রক্ষণশীল ও নারীবাদীদের একাংশ তরুণদের যৌন সম্পর্কের আগে ভালোভাবে চিন্তা করার পরামর্শ দিতেন। তবে এখন পরিস্থিতি উল্টো। ধনী দেশগুলোতে তরুণদের যৌন সম্পর্কের হার উল্লেখযোগ্যভাবে কমে গেছে। গবেষকদের মতে, এর অন্যতম কারণ অভিভাবকদের অতিরিক্ত নজরদারি ও সন্তানদের স্বাধীনভাবে বেড়ে ওঠার সুযোগ কমে যাওয়া।
যুক্তরাজ্যের জাতীয় যৌন আচরণ ও জীবনধারা জরিপের (ন্যাটসাল) সাম্প্রতিক তথ্য অনুযায়ী, দেশটিতে ১৬ থেকে ২৪ বছর বয়সী নারীদের মধ্যে কখনো যৌন সম্পর্কে লিপ্ত না হওয়ার হার এক দশকের কিছু বেশি সময়ের মধ্যে দ্বিগুণ হয়েছে। ২০১০ সালে এ হার ছিল ১৯ শতাংশ, যা ২০২২ থেকে ২০২৪ সালের মধ্যে বেড়ে ৩৮ শতাংশ হয়েছে। তরুণ পুরুষদের ক্ষেত্রে একই সময়ে এ হার ১৮ শতাংশ থেকে বেড়ে ২৮ শতাংশে দাঁড়িয়েছে।
যুক্তরাজ্যের মতো বিস্তারিত যৌন আচরণবিষয়ক তথ্য বিশ্বের সব দেশে পাওয়া যায় না। তবে অন্যান্য দেশেও একই প্রবণতা দেখা যাচ্ছে। জাপানে ২০ থেকে ২৪ বছর বয়সী অবিবাহিত নারীদের মধ্যে কখনো যৌন সম্পর্কে লিপ্ত না হওয়ার হার ২০২৫ সালে ৫৫ শতাংশে দাঁড়িয়েছে। ২০০৫ সালে এ হার ছিল ৪০ শতাংশের নিচে। চীনেও তরুণীদের মধ্যে অনিয়মিত বা casual যৌনসম্পর্কের অভিজ্ঞতা কমেছে। ২০২০ সালে ১৭ শতাংশ তরুণী এমন অভিজ্ঞতার কথা জানিয়েছিলেন, গত বছর তা কমে ৪ শতাংশ হয়েছে।
শুধু তরুণ নয়, বয়স্কদের মধ্যেও যৌন সম্পর্কের হার কমছে। যুক্তরাজ্যে ২০০০ সালে ৩৫ থেকে ৪৪ বছর বয়সীদের মধ্যে মাসে যৌনসম্পর্কের গড় হার ছিল চারবার। ২০১০ সালে তা তিনবারে নেমে আসে। ২০২২ সালে কমে দাঁড়ায় দুইবারে। যুক্তরাষ্ট্র, ফিনল্যান্ড ও ফ্রান্সের গবেষণাতেও একই প্রবণতা দেখা গেছে।
তবে যৌন সম্পর্ক কমে যাওয়ার সব কারণ নেতিবাচক নয়। ফ্রান্সে সঙ্গীকে খুশি করার জন্য নিজের ইচ্ছার বিরুদ্ধে যৌনসম্পর্কে লিপ্ত হওয়ার কথা জানিয়েছেন এমন নারীর হার গত দুই দশকে প্রায় এক-ষষ্ঠাংশ কমেছে। নারীরা নিজেদের ইচ্ছা ও সিদ্ধান্তের বিষয়ে আরও দৃঢ় হচ্ছেন—এটি ইতিবাচক। একই সঙ্গে কিশোরীদের অনাকাঙ্ক্ষিত গর্ভধারণের হারও কমেছে।
স্বাধীনভাবে বেড়ে ওঠার সুযোগ কমছে
তরুণদের যৌন সম্পর্ক কমে যাওয়ার পেছনে আরও অনেক কারণ রয়েছে। আগের প্রজন্মের তুলনায় তরুণরা দেরিতে স্বাবলম্বী হচ্ছেন। ছোটবেলায় অভিভাবকরা তাদের ওপর অতিরিক্ত নজরদারি করেন এবং একা খেলাধুলা বা বাইরে যাওয়ার সুযোগ কম দেন। কৈশোরে তারা আগের তুলনায় কম খণ্ডকালীন কাজ করেন। প্রাপ্তবয়স্ক হওয়ার পরও অনেকেই দীর্ঘদিন বাবা-মায়ের সঙ্গে বসবাস করেন।
কোভিড-১৯ মহামারিও তরুণদের সামাজিক জীবনকে ক্ষতিগ্রস্ত করেছে। স্কুল বন্ধ থাকায় অনেক শিক্ষার্থী বন্ধুদের সঙ্গে সরাসরি মেলামেশার সুযোগ হারিয়েছে। এর পরিবর্তে তারা দীর্ঘ সময় পর্দার সামনে কাটিয়েছে। ফলে সুস্থ সম্পর্ক গড়ে তোলার জন্য প্রয়োজনীয় সামাজিক যোগাযোগ ও পারস্পরিক বোঝাপড়ার অভিজ্ঞতা কমেছে।
সঙ্গী খুঁজতে হলে মানুষের সঙ্গে মিশতে হয়, প্রত্যাখ্যাত হওয়ার ঝুঁকিও নিতে হয়। কিন্তু অতিরিক্ত সুরক্ষায় বেড়ে ওঠা তরুণদের মধ্যে ঝুঁকি নেওয়ার প্রবণতা কমে যাচ্ছে বলে উদ্বেগ প্রকাশ করেছেন গবেষকরা। যুক্তরাষ্ট্রের একটি গবেষণায় দেখা গেছে, কলেজ শিক্ষার্থীদের ৩৬ শতাংশের অবস্থান মোবাইল অ্যাপের মাধ্যমে তাদের বাবা-মা পর্যবেক্ষণ করেন। বাবা-মা জানেন সন্তান কোথায় রাত কাটাচ্ছে—এমন পরিস্থিতিতে তরুণদের স্বাধীনভাবে বাইরে যাওয়া বা নতুন সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে বাধা তৈরি হতে পারে।
সন্তান পালনের চাপেও কমছে যৌনসম্পর্ক
অতিরিক্ত অভিভাবকত্ব শুধু তরুণদের জন্য চাপের নয়, বাবা-মায়ের জন্যও ক্লান্তিকর। ২০১৮ সালে যুক্তরাষ্ট্রের তরুণ মায়েরা ১৯৮০-এর দশকের মায়েদের তুলনায় সন্তানদের যত্নে ৫২ শতাংশ বেশি সময় ব্যয় করেছেন। বাবাদের সন্তান পালনে ব্যয় করা সময়ও আগের তুলনায় দ্বিগুণ হয়েছে, যদিও শুরুতে তাদের সময় দেওয়ার পরিমাণ মায়েদের তুলনায় কম ছিল। কর্মক্ষেত্রের দায়িত্ব, ঘরের কাজ ও সন্তান পালন—সব মিলিয়ে বাবা-মায়ের ওপর চাপ বাড়ছে। ফলে সন্তান থাকা দম্পতিদের যৌনসম্পর্ক না হওয়ার অন্যতম সাধারণ কারণ হয়ে উঠেছে ক্লান্তি। অনেক ক্ষেত্রে একজন বা দুজনেরই যৌনসম্পর্কে আগ্রহ বা শক্তি থাকে না।
যৌন সম্পর্ক কেন গুরুত্বপূর্ণ?
যৌন সম্পর্ক মানুষের জীবনের আনন্দের অন্যতম উৎস হওয়ার পাশাপাশি শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্যও উপকারী। এটি মানসিক চাপ কমাতে, মেজাজ ভালো রাখতে এবং দাম্পত্য সম্পর্কের ঘনিষ্ঠতা বাড়াতে সাহায্য করতে পারে। অসন্তোষজনক যৌনজীবন থাকা দম্পতিদের বিচ্ছেদের ঝুঁকিও তুলনামূলক বেশি। বিশেষ করে তরুণদের মধ্যে যৌনসম্পর্কের হার কমে যাওয়াকে উদ্বেগজনক বলে মনে করছেন গবেষকরা। ২৫ বছর বয়সের মধ্যে যারা যৌনজীবন শুরু করেননি, পরবর্তী সময়ে তাদের সন্তোষজনক যৌনজীবন গড়ে তোলার সম্ভাবনা তুলনামূলক কম হতে পারে বলে কিছু গবেষণায় উঠে এসেছে।
তরুণদের যৌন সম্পর্ক কমে যাওয়ার পেছনে নানা জটিল কারণ থাকলেও অতিরিক্ত অভিভাবকত্বের প্রভাব গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তাদের মতে, বাবা-মায়ের উচিত সন্তানদের ওপর নজরদারি কিছুটা কমানো, মোবাইলের অবস্থান পর্যবেক্ষণকারী অ্যাপ বন্ধ রাখা এবং তরুণদের নিজেদের মতো করে জীবন গড়ার স্বাধীনতা দেওয়া।
তথ্যসূত্র: দ্য ইকোনমিস্ট, জাগো নিউজ ইন্টারন্যাশনাল
Source: জাগো নিউজ২৪






