রাজধানীর হাতিরঝিল এলাকায় একটি ইন্টারনেট সার্ভিস অফিসে গুলির ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি বলে পুলিশ জানিয়েছে।

শনিবার (২৮ নভেম্বর) রাত পৌনে ৮টার দিকে হাতিরঝিলের রামপুরা অংশে ডিএল নেটওয়ার্ক সার্ভিস নামের একটি ইন্টারনেট অফিসে ঢুকে গুলি চালায় দুর্বৃত্তরা। হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, দুর্বৃত্তরা ওই অফিসে ঢুকে এক রাউন্ড গুলি করে। গুলিটি একটি ল্যাপটপের ভেতর দিয়ে দেয়ালে লাগে। তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

প্রাথমিকভাবে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই গুলির ঘটনা ঘটেছে বলে ধারণা করছে পুলিশ। ওসি মো. আসাদুজ্জামান বলেন, পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।

তথ্যসূত্র: জাগো নিউজ

Source: জাগো নিউজ২৪