ইউরোপে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় একের পর এক হামলার ঘটনা ঘটছে। কখনো রেললাইন, কখনো বিদ্যুৎকেন্দ্র, কখনো জ্বালানি অবকাঠামো এবং কখনো সামরিক সরঞ্জাম পরিবহনের পথ লক্ষ্যবস্তু হচ্ছে। এসব ঘটনার সঙ্গে রাশিয়ার সংশ্লিষ্টতার অভিযোগ উঠেছে। নিরাপত্তা বিশ্লেষকেরা সতর্ক করে বলেছেন, এ ধরনের হামলা অব্যাহত থাকলে কোনো এক ঘটনায় প্রাণহানির সংখ্যা ব্যাপকভাবে বেড়ে যেতে পারে।
গত বৃহস্পতিবার (২৬ নভেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক নিরাপত্তাবিষয়ক গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজ (আইআইএসএস)। প্রতিবেদনে বলা হয়, গত ১২ মাসে (২০২৫ সালের অক্টোবর থেকে ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত) ইউরোপে রাশিয়ার সঙ্গে সংশ্লিষ্ট বলে সন্দেহ করা হামলার ঘটনা ১৬ শতাংশ বেড়েছে। একই সময়ে আগুন লাগানো ও বিস্ফোরক ব্যবহারের ঘটনা বেড়েছে দ্বিগুণ। এসব হামলার প্রধান নিশানা ছিল রেলপথ, জ্বালানি সরবরাহব্যবস্থা ও প্রতিরক্ষা শিল্প।
প্রতিবেদনে আরও বলা হয়, ইউক্রেনের প্রতি ইউরোপের সমর্থন দুর্বল করতেই এসব হামলা চালানো হচ্ছে বলে অভিযোগ রয়েছে। এ কারণে রাশিয়ার গোয়েন্দা সংস্থা ও তাদের হয়ে কাজ করা ব্যক্তিরা বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ অবকাঠামোকে লক্ষ্যবস্তু করছেন বলে আইআইএসএস জানিয়েছে।
কৌশলের পরিবর্তন
প্রতিবেদনে আইআইএসএস উল্লেখ করে, আগে এসব কাজে সাধারণ ও কম দক্ষ লোকজনকে ব্যবহার করা হতো। তবে এখন হামলার কৌশল আরও জটিল হয়ে উঠছে। হামলাকারীদের কেউ কেউ সময় নির্ধারণ করে এবং দূর থেকে বিস্ফোরণ ঘটানো যায়, এমন বোমাও ব্যবহার করছেন।
জার্মানি ও পোল্যান্ডে এ ধরনের হামলার ঝুঁকি সবচেয়ে বেশি, বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। ইউক্রেনে সামরিক ও অন্যান্য সরঞ্জাম পাঠানোর ক্ষেত্রে এই দুই দেশের পরিবহন ও শিল্প অবকাঠামো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ কারণে এসব অবকাঠামো হামলার লক্ষ্যবস্তু হয়ে উঠছে।
নির্দিষ্ট ঘটনার উল্লেখ
গত ১২ মাসে ইউরোপের গুরুত্বপূর্ণ অবকাঠামোয় হওয়া অর্ধেকের বেশি হামলার ঘটনা ঘটেছে পরিবহন, জ্বালানি ও প্রতিরক্ষাসংশ্লিষ্ট খাতে। এসব ঘটনার কারণে ইউরোপের বিভিন্ন দেশের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে বলে আইআইএসএস জানিয়েছে।
পোল্যান্ডে রাশিয়ার সঙ্গে সংশ্লিষ্ট বলে সন্দেহ করা একাধিক ঘটনার তথ্য পাওয়া গেছে। ২০২৫ সালের অক্টোবর থেকে ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত দেশটিতে এমন ২৯টি ঘটনা ঘটেছে। এর মধ্যে ২০২৫ সালের নভেম্বরে একটি রেলপথে বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই পথ দিয়ে ইউক্রেনে বিভিন্ন সরঞ্জাম সরবরাহ করা হতো।
এছাড়া, গত ৪ আগস্ট জার্মানির লাইপজিগ শহরে বিস্ফোরকবাহী একটি ড্রোনের সন্ধান পাওয়া যায়। এটি ইউক্রেনে সামরিক সরঞ্জাম পরিবহনে ব্যবহৃত একটি আন্তোনভ কার্গো বিমানের কাছে পাওয়া গিয়েছিল। তদন্তকারীদের ধারণা, পরে আরেকটি ড্রোনের সঙ্গে ধাক্কা লেগে ডিএইচএলের একটি কার্গো বিমান ক্ষতিগ্রস্ত হয়ে থাকতে পারে।
ইউরোপের প্রতিক্রিয়া ও সীমাবদ্ধতা
ইউরোপের বিভিন্ন দেশ এরই মধ্যে সন্দেহভাজন ব্যক্তিদের গ্রেফতার করছে। পাশাপাশি, রুশ গোয়েন্দা কর্মকর্তাদের বহিষ্কার এবং কয়েকটি রুশ কনস্যুলেট বন্ধ করে দেওয়া হয়েছে। তবে এসব পদক্ষেপের পরও রাশিয়ার সঙ্গে সংশ্লিষ্ট বলে সন্দেহ করা হামলার ঘটনা কমেছে—এমন কোনো স্পষ্ট প্রমাণ পাওয়া যায়নি।
ফলে সন্দেহভাজন ব্যক্তিদের গ্রেফতার করা সম্ভব হলেও তাদের পেছনে থাকা রুশ গোয়েন্দা সংস্থার কার্যক্রম বন্ধ করা কঠিন বলে মনে করে আইআইএসএস।
সংস্থাটি সতর্ক করে বলেছে, ইউরোপে বড় ধরনের প্রাণহানি বা ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটলে রাশিয়ার বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়ার দাবি উঠতে পারে। তবে এ বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্যদেশগুলোর মধ্যে একমত হওয়া কঠিন হয়ে পড়তে পারে। এ ধরনের পরিস্থিতি এড়াতে আগেভাগেই করণীয় ঠিক করে রাখার পরামর্শ দিয়েছে আইআইএসএস। কী ধরনের হামলার জবাবে ইউরোপ কী পদক্ষেপ নেবে, তা আগে থেকেই স্পষ্ট করে জানানো প্রয়োজন বলে মনে করে সংস্থাটি।
অন্যদিকে, ইউরোপে ড্রোন, সাইবার হামলা, অগ্নিসংযোগ ও বিস্ফোরণের ঘটনায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে মস্কো। ইউক্রেনকে ইউরোপের সহায়তা কমিয়ে দেওয়ার উদ্দেশ্যে এসব হামলা চালানোর অভিযোগও প্রত্যাখ্যান করেছে রাশিয়া।
তথ্যসূত্র: দ্য গার্ডিয়ান ও আইআইএসএস
Source: জাগো নিউজ২৪






