বড় ছেলে আশিক আহমেদ থাকেন সৌদি আরবে। ছোট ছেলে সাগর আহমেদকেও কিছুদিন পর প্রবাসে পাঠানোর স্বপ্ন দেখেছিলেন বাবা সবুজ আহমেদ। ভেবেছিলেন, দুই ছেলেই বিদেশে গিয়ে পরিবারের মুখে হাসি ফোটাবে। কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হলো না। বিদেশের মাটিতে ছোট ছেলেকে পাঠানোর আগেই সড়ক দুর্ঘটনায় নিভে গেল ছেলের জীবনপ্রদীপ।
শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে ছেলের জানাজা শেষে কান্নায় ভেঙে পড়েন বাবা সবুজ আহমেদ। ছেলেকে ঘিরে ছিল কত স্বপ্ন, কত পরিকল্পনা, সেই ছেলের নিথর দেহের পাশে দাঁড়িয়ে এখন শুধু বুকফাটা আর্তনাদ বাবার। তার কান্না দেখে চোখের পানি ধরে রাখতে পারেননি উপস্থিত স্বজন ও এলাকাবাসীরা। সবাই সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলেও কোনো সান্ত্বনাই যেন বাবার বুকের হাহাকার কমাতে পারছিল না।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দিবাগত রাত ১১টার দিকে টাঙ্গাইলের সখীপুর-সাগরদিঘী সড়কের বড়চওনা ইউনিয়নের পাগলা মোড় এলাকায় মোটরসাইকেল ও মাহিন্দ্রা পিকআপের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারান সাগর আহমেদ (১৮)। এ ঘটনায় কবির হোসেন (১৭) নামে আরও এক মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন।
নিহত সাগর কিশোরগঞ্জ জেলার বাসিন্দা স্বর্ণকার সবুজ আহমেদের ছেলে। ব্যবসার সুবাদে সবুজ আহমেদ দীর্ঘদিন ধরে পরিবার নিয়ে সখীপুর উপজেলার কালিয়া বাজার এলাকায় স্থায়ীভাবে বসবাস করছেন।
নিহতের পরিবার ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে সাগর ও কবির মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। পথে পাগলা মোড় এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি মাহিন্দ্রা পিকআপের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী সাগর ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত হন তার সঙ্গে থাকা কবির হোসেন।
স্থানীয় ইউপি চেয়ারম্যান জামাল হোসেন বলেন, তার মৃত্যুতে পরিবারে যে শূন্যতা তৈরি হয়েছে, তা কোনোদিন পূরণ হওয়ার নয়। বাবার স্বপ্ন ছিল, একদিন ছোট ছেলেও বড় ভাইয়ের মতো প্রবাসে গিয়ে পরিবারের হাল ধরবে। অথচ বিদেশে থাকা বড় ছেলের পাশাপাশি ছোট ছেলেকে ঘিরে দেখা সেই স্বপ্ন এখন বাবার কাছে শুধুই এক বুক হাহাকার হয়ে রইল।
এ ব্যাপারে সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ হোসেন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
তথ্যসূত্র: জাগো নিউজ বাংলাদেশের প্রতিবেদন অনুযায়ী
Source: জাগো নিউজ২৪






