আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে আগামীকাল রোববার থেকে টানা তিন দিন ৫৫টি রাজনৈতিক দলের সঙ্গে মতবিনিময় করবে নির্বাচন কমিশন (ইসি)। শনিবার ইসির জনসংযোগ বিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে।
ইসি সূত্রে জানা গেছে, রোববার (২৯ নভেম্বর) প্রথম দিনে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১৮টি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসবে ইসি। পরের দিন সোমবার (৩০ নভেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপিসহ ১৯টি রাজনৈতিক দলের সঙ্গে এবং ১ ডিসেম্বর মঙ্গলবার জাতীয় নাগরিক পার্টি-এনসিপিসহ ১৮টি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হবে।
সংলাপে রাজনৈতিক দলগুলোর কাছে সুষ্ঠু নির্বাচনের জন্য সহায়তা চাওয়া হবে বলে ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ জানান। তিনি বলেন, রোববার থেকে পরপর তিন দিন বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে ইসি মতবিনিময় করবে। এরপর আইনশৃঙ্খলা বিষয় নিয়েও একটি পৃথক সভা অনুষ্ঠিত হবে বলেও উল্লেখ করেন তিনি।
সূত্র: বাসস ও জাগো নিউজ।
Source: জাগো নিউজ২৪






