ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের মার্চের মাঝামাঝি সময় থেকে এ পর্যন্ত হাসপাতালটিতে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ৯৪ শিশুর মৃত্যু হলো।

শনিবার (২৮ নভেম্বর) দুপুরে হাসপাতাল কর্তৃপক্ষের পাঠানো পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

মারা যাওয়া দুই শিশুর একজনের বাড়ি ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায়। তাঁর বয়স ৭ মাস। অপর শিশুটির বাড়ি নেত্রকোনার কলমাকান্দা উপজেলায়। তাঁর বয়স ১০ মাস। দুজনই মেয়ে শিশু।

হাসপাতাল সূত্র জানায়, ফুলবাড়িয়ার শিশুটিকে গত ২৭ নভেম্বর সকাল পৌনে ১২টার দিকে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়। পরে হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় ওই দিন সন্ধ্যায় তাঁর মৃত্যু হয়। চিকিৎসকরা জানিয়েছেন, হাম ভাইরাসের জটিলতায় শিশুটির মস্তিষ্ক ও মস্তিষ্কের আবরণীতে তীব্র সংক্রমণ হয়েছিল।

অন্যদিকে কলমাকান্দার শিশুটিকে গত ২২ নভেম্বর সন্ধ্যার পর হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়। ২৭ নভেম্বর সকাল ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। চিকিৎসকদের ধারণা, শিশুটির হামের পাশাপাশি ফুসফুসে তীব্র সংক্রমণ বা সিভিয়ার নিউমোনিয়া হয়ে থাকতে পারে।

হাসপাতালের বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে হামের উপসর্গ নিয়ে ৩২ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১৩ শিশু। বর্তমানে হাসপাতালটিতে চিকিৎসাধীন রয়েছে ১৬৪ শিশু।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, চলতি বছরের মার্চের মাঝামাঝি সময় থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ৬ হাজার ৮১২ শিশু ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৬ হাজার ৫৫৪ শিশু। এ সময়ে মারা গেছে ৯৪ শিশু।

Source: জাগো নিউজ২৪