সেতু, আন্তর্জাতিক মানের যাত্রী টার্মিনাল এবং ইমিগ্রেশন ও কাস্টমসের অবকাঠামো নির্মাণের কাজ শেষ হলেও চালু হচ্ছে না খাগড়াছড়ির রামগড়-সাবরুম সীমান্ত দিয়ে যাত্রী পারাপার। একইভাবে থমকে আছে রামগড় স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরুর উদ্যোগ। দীর্ঘদিনের অপেক্ষা এবং প্রশাসনিক জটিলতার কারণে এই সম্ভাবনাময় যোগাযোগপথের সুফল পাচ্ছেন না স্থানীয় মানুষ ও ব্যবসায়ীরা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ফেনী নদীর ওপর ৪১২ মিটার দৈর্ঘ্যের বাংলাদেশ-ভারত মৈত্রী সেতু দু দেশের সীমান্তে দাঁড়িয়ে আছে। চট্টগ্রাম থেকে কয়েক ঘণ্টায় ভারতে যাওয়ার সুযোগ তৈরি হলেও এখনো চালু হয়নি ইমিগ্রেশন কার্যক্রম। ইমিগ্রেশন ডেস্ক, কাস্টমস বুথ এবং বাস টার্মিনাল প্রস্তুত রয়েছে। স্থলবন্দরের জন্য ইয়ার্ড, পণ্য ওঠানো-নামানোর ব্যবস্থা, ওজন স্কেল, প্রশাসনিক ভবন এবং ওয়্যারহাউস নির্মাণের কাজও শেষ। কিন্তু দুই দেশের উচ্চপর্যায়ের অনুমোদন না পাওয়ায় সব প্রস্তুতি কার্যত অব্যবহৃত পড়ে আছে।

সরেজমিনে দেখা যায়, রামগড় স্থলবন্দর ও ইমিগ্রেশন চালুর জন্য প্রয়োজনীয় অবকাঠামোর বড় অংশ নির্মাণ করা হয়েছে। চট্টগ্রাম বন্দর থেকে মাত্র ৬১ কিলোমিটার দূরত্বে অবস্থিত হওয়ায় স্থলবন্দরটি চালু হলে পণ্য পরিবহন ও আমদানি-রপ্তানিতে নতুন সম্ভাবনা তৈরি হতে পারে। ভারতের উত্তর-পূর্বাঞ্চলের সাতটি রাজ্যের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য সম্প্রসারণের সুযোগও তৈরি হবে।

তবে প্রকল্পের অগ্রগতি থমকে আছে প্রশাসনিক ও অনুমোদনসংক্রান্ত জটিলতায়। অন্তর্বর্তী সরকারের সময় সম্ভাব্যতা যাচাই কমিটির হিসাব-নিকাশ এবং জমি ভরাটে পাহাড় কাটার অভিযোগসহ বিভিন্ন বিষয় সামনে আসে। এতে প্রকল্পের অগ্রগতি বাধাগ্রস্ত হয়। জানুয়ারিতে নৌপরিবহন উপদেষ্টা ও সচিবের সফরের পরও দৃশ্যমান অগ্রগতি হয়নি। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর অবশ্য দ্রুত কার্যক্রম শুরুর আশায় রয়েছেন স্থানীয়রা।

রামগড় স্থলবন্দর চালু হলে শুধু বাণিজ্য নয়, চিকিৎসা ও পর্যটন খাতেও নতুন সুযোগ তৈরি হবে বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা। চট্টগ্রাম, কক্সবাজার ও পার্বত্য চট্টগ্রামের মানুষের জন্য ভারতের উত্তর-পূর্বাঞ্চলে যাতায়াত সহজ হতে পারে। একইভাবে ভারতের সাতটি রাজ্যের পর্যটকদের জন্যও বাংলাদেশের পর্যটনকেন্দ্রগুলোতে আসার সুযোগ বাড়বে।

স্থানীয় বাসিন্দা ও গণমাধ্যমকর্মী বেলাল হোসেন বলেন, রামগড় স্থলবন্দর চালু হলে বাংলাদেশের কক্সবাজার সমুদ্রসৈকত ও পার্বত্য চট্টগ্রামের পর্যটন সম্ভাবনা বাড়বে। ভারতের উত্তর-পূর্বাঞ্চলের সাতটি রাজ্যের মানুষের জন্যও বাংলাদেশে আসার সুযোগ তৈরি হবে। চিকিৎসার প্রয়োজনে ভারতে যাতায়াত এবং পর্যটন—দুই ক্ষেত্রেই এই রুট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তিনি আরও বলেন, সীমান্ত সড়ক চালু হলে এলাকার পর্যটন ও অর্থনীতিতে বড় পরিবর্তন আসতে পারে।

রামগড় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোবারক হোসেন বলেন, স্থলবন্দর চালু হলে উপজেলার অর্থনীতি ও পর্যটন খাতে আমূল পরিবর্তন আসবে। কিন্তু নানা জটিলতায় এটি চালু না হওয়ায় স্থানীয় মানুষ পিছিয়ে পড়ছেন। সম্প্রতি স্থলবন্দরটি দ্রুত চালুর বিষয়ে আলোচনা শোনা যাচ্ছে। এটি চালু হলে পর্যটকের সংখ্যা বাড়বে এবং স্থানীয় অর্থনীতি সচল হবে। তিনি জানান, ভারতের প্রায় ১ হাজার ২০০ পাসপোর্টধারী রাঙামাটির সাজেক পর্যটনকেন্দ্রে আসার অপেক্ষায় রয়েছেন বলে তাঁরা জানতে পেরেছেন। তবে স্থলবন্দর চালু না হওয়ায় তাদের যাতায়াতও শুরু হয়নি। দ্রুত বন্দরটি চালুর জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

স্থলবন্দরের সঙ্গে যোগাযোগ সহজ করতে চট্টগ্রামের বারইয়ারহাট থেকে রামগড় পর্যন্ত ৩৮ কিলোমিটার সড়ক প্রশস্ত করা হয়েছে। এ পথে সেতু ও কালভার্ট নির্মাণের কাজও হয়েছে। ফলে বন্দর চালু হলে পণ্য ও যাত্রী পরিবহনের জন্য সড়ক যোগাযোগের সুবিধা কাজে লাগানো সম্ভব হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

স্থানীয় ব্যবসায়ী, শিক্ষক, সাংবাদিক ও রাজনৈতিক ব্যক্তিদের ভাষ্য, রামগড় ইতোমধ্যে পর্যটনকেন্দ্র হিসেবে পরিচিতি পাচ্ছে। পর্যটকের আনাগোনাও বাড়ছে। স্থলবন্দর চালু হলে পর্যটন আরও সম্প্রসারিত হবে এবং স্থানীয় মানুষের কর্মসংস্থান ও ব্যবসার সুযোগ তৈরি হবে।

জানা গেছে, ১৯২০ সালে রামগড় একটি মহকুমা শহর হিসেবে পরিচিত ছিল। সময়ের ব্যবধানে এলাকার আগের গুরুত্ব ও ঐতিহ্যের অনেক কিছু হারিয়ে গেছে। স্থলবন্দর চালুর মাধ্যমে রামগড়ের অর্থনৈতিক ও যোগাযোগগত গুরুত্ব আবারও বাড়বে বলে আশা করছেন সচেতন নাগরিকেরা।

রামগড় স্থলবন্দর উন্নয়ন প্রকল্পের পরিচালক মো. শামছুল আলম বলেন, স্থলবন্দর চালুর সব প্রস্তুতি রয়েছে। এখন শুধু দুই দেশের উচ্চপর্যায়ের অনুমোদনের অপেক্ষা। রাষ্ট্রীয় অনুমতি পাওয়া গেলেই সব কার্যক্রম পুরোদমে শুরু হবে।

খাগড়াছড়ির জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত বলেন, রামগড় স্থলবন্দর চালু হলে ভারতের সঙ্গে আমদানি-রপ্তানি বাড়বে। ব্যবসা-বাণিজ্যে গতিশীলতা আসার পাশাপাশি স্থানীয় মানুষের জীবনযাত্রার মানও উন্নত হবে। তবে স্থলবন্দরটি কবে উদ্বোধন হবে, সে বিষয়ে এখনো প্রশাসনিক নির্দেশনা আসেনি। এটি চালুর বিষয়টি সম্পূর্ণ সরকারের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।

স্থানীয়দের দাবি, স্থলবন্দরের পূর্ণাঙ্গ আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু করতে সময় লাগলেও অন্তত ইমিগ্রেশন সেন্টার দ্রুত চালু করা হোক। এতে খাগড়াছড়ির পাশাপাশি রাঙামাটি, বান্দরবান, চট্টগ্রাম ও আশপাশের এলাকার মানুষ সহজে ভারতে যাতায়াতের সুযোগ পাবেন। দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে রামগড়কে বাণিজ্য ও পর্যটনের নতুন যোগাযোগকেন্দ্র হিসেবে গড়ে তোলার প্রত্যাশা তাঁদের।

Source: জাগো নিউজ২৪