ভোলার বিচ্ছিন্ন মাঝের চর ও মদনপুরে কয়েক দিনের টানা বৃষ্টিতে শীতকালীন সবজি ও তরমুজের ব্যাপক ক্ষতি হয়েছে। বৃষ্টির পানিতে তরমুজের চারা তলিয়ে গেছে, আবার পানি জমে অনেক সবজিক্ষেতে গোড়া পচা ও ছত্রাকের সংক্রমণ দেখা দিয়েছে। এতে কোটি কোটি টাকার ফসল হারানোর আশঙ্কায় দিশেহারা হয়ে পড়েছেন কৃষকরা।

তাদের অভিযোগ, কৃষি বিভাগ থেকে আবহাওয়ার সতর্কবার্তা না পাওয়া এবং ক্ষতিগ্রস্ত হওয়ার পরও কর্মকর্তাদের খোঁজ না নেওয়ায় ক্ষতির পরিমাণ বেড়েছে। ভোলা সদর উপজেলার কাচিয়া ইউনিয়নের বিচ্ছিন্ন মাঝের চর ও দৌলতখান উপজেলার মদনপুর ইউনিয়নের কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রতি বছর নভেম্বর থেকে এপ্রিল পর্যন্ত ছয় মাসে এসব এলাকায় দেড় শত কোটি টাকার বেশি শীতকালীন সবজি ও তরমুজ উৎপাদন ও বিক্রি হয়। ক্যাপসিকাম, শসা, চিচিঙ্গা, করলা, পেঁয়াজ, কাঁচা মরিচ, লাউ ও কুমড়াসহ বিভিন্ন ফসল চাষ করেন তারা। এসব ফসল বিক্রি করে অনেক কৃষকের ভাগ্য বদলেছে। প্রতি বছরই লাভের আশায় নতুন করে চাষাবাদ বাড়ান তারা।

চলতি বছরও অক্টোবর থেকে শীতকালীন সবজি এবং নভেম্বরের মাঝামাঝি থেকে তরমুজের আবাদ শুরু করেন কৃষকরা। কেউ কেউ এরই মধ্যে কয়েক ধরনের সবজি বিক্রিও শুরু করেছিলেন। কিন্তু কয়েক দিনের টানা বৃষ্টিতে ক্ষেতের পানি জমে গাছের গোড়া পচতে শুরু করেছে। অনেক জায়গায় ছত্রাকের সংক্রমণ দেখা দিয়েছে। অন্যদিকে পানিতে তলিয়ে নষ্ট হয়েছে তরমুজের চারা।

ক্ষেত বাঁচাতে চেষ্টা, তবু লোকসানের শঙ্কা

সরেজমিনে মাঝের চর ও মদনপুর ঘুরে দেখা গেছে, শসা, ক্যাপসিকাম, চিচিঙ্গা, করলা ও কাঁচা মরিচের ক্ষেতের অনেক গাছের গোড়ায় পচন ধরেছে। কিছু গাছ ছত্রাকে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে। ক্ষতি কমাতে কৃষকরা জমিতে পানি সেচ, বালাইনাশক ও ছত্রাকনাশক প্রয়োগ করছেন। তবে তাতেও সব গাছ রক্ষা করা যাচ্ছে না।

মাঝের চরের কৃষক মো. মহিউদ্দিন বলেন, বহু বছর ধরে মাঝের চর ও মদনপুরে কৃষকরা বিভিন্ন ধরনের শীতকালীন সবজি চাষ করে আসছেন। এখানকার মাটি চাষাবাদের উপযোগী হওয়ায় প্রতি বছরই ভালো ফলন হয়। ভোলার বিভিন্ন এলাকা থেকেও কৃষকরা এসে এখানে জমি চাষ করেন। অক্টোবর থেকে এপ্রিল পর্যন্ত সবজি ও তরমুজ বিক্রি চলে। দুই চরের কৃষকরা বছরে দেড় শত কোটি টাকার বেশি ফসল বিক্রি করেন। এতে অনেকের ভাগ্য বদলেছে। কিন্তু চলতি বছর টানা বৃষ্টিতে মাঠের অনেক ফসল নষ্ট হয়ে গেছে। এ বছর কী হবে, তা নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন তারা।

কৃষক মো. মিজান জানান, এ বছর প্রায় ১০ লাখ টাকা খরচ করে ২৫০ শতাংশ জমিতে ক্যাপসিকাম চাষ করেছেন। কয়েক দিনের বৃষ্টিতে গাছের গোড়া পচতে শুরু করেছে। বালাইনাশক ও ছত্রাকনাশক দিয়েও পরিস্থিতির উন্নতি হচ্ছে না। তার ধারণা, ক্ষেতের অর্ধেকের বেশি গাছ মারা যেতে পারে। ঋণ ও ধারদেনা করে চাষাবাদ করায় লোকসান হলে বড় বিপদে পড়বেন তিনি।

আরেক কৃষক মো. আব্বাস প্রায় তিন একর জমিতে শসা চাষ করেছেন। এতে তার খরচ হয়েছে প্রায় তিন লাখ টাকা। তিনি বলেন, ফলন ভালো হওয়ায় আশাবাদী ছিলেন। কিন্তু টানা বৃষ্টিতে ক্ষেতে পানি জমে গাছের গোড়া পচে যাচ্ছে। বৃষ্টি কমার পর পাম্প দিয়ে পানি সেচ করেও গাছ বাঁচানো যাচ্ছে না। বৃষ্টির আগে প্রায় ৬০ হাজার টাকার শসা বিক্রি করতে পেরেছেন। এরপর থেকে আর বিক্রি করতে পারেননি। এ বছর উৎপাদন খরচ উঠবে কি না, তা নিয়েও দুশ্চিন্তায় রয়েছেন।

মাঝের চরের কৃষক মো. আলমগীর ও তার ছেলে মো. নিজাম জানান, গত বছর ভালো লাভ হওয়ায় এবার বেশি জমিতে কাঁচা মরিচ, লাউ, কুমড়া ও শসা চাষ করেছিলেন। কিন্তু বৃষ্টির পানিতে তাদের কাঁচা মরিচ ও কুমড়ার ক্ষেত পুরোপুরি নষ্ট হয়ে গেছে। লাউ ও শসার প্রায় অর্ধেক ক্ষেত ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের অভিযোগ, ফসলের এত ক্ষতি হলেও কৃষি বিভাগের কোনো কর্মকর্তা বা উপসহকারী কৃষি কর্মকর্তাকে মাঠে আসতে দেখেননি। তারা এলে ক্ষতি কমানোর পরামর্শ পাওয়া যেত।

২০ লাখ টাকার বেশি ক্ষতির আশঙ্কা

মাঝের চর ও মদনপুরে তরমুজ, ক্যাপসিকাম ও শসা চাষ করেছেন কৃষক মো. শাহাবুদ্দিন ফরাজি। তিনি জানান, এ বছর চাষাবাদে তার ৪০ লাখ টাকার বেশি খরচ হয়েছে। কিন্তু টানা তিন-চার দিনের বৃষ্টিতে তরমুজের পুরো ক্ষেত তলিয়ে গেছে। ক্যাপসিকাম ও শসার ক্ষেতের অবস্থাও খারাপ। তার আশঙ্কা, অর্ধেকের বেশি ক্ষেত নষ্ট হতে পারে। এতে ২০ লাখ টাকারও বেশি ফসলের ক্ষতি হয়েছে।

কৃষি বিভাগের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ভোলা সদর ও দৌলতখান উপজেলা কৃষি অফিসের কোনো কর্মকর্তা বা মাঠপর্যায়ের উপসহকারী কৃষি কর্মকর্তাকে ক্ষতিগ্রস্ত কৃষকদের খোঁজ নিতে আসতে দেখেননি। তার অভিযোগ, কৃষি কর্মকর্তারা নিয়মিত মাঠে যান না। মাসে বা তিন মাসে একবার গিয়ে ছবি তুলে চলে আসেন। এ কারণে কৃষকরা তাদের ‘ছবি তোলার কর্মকর্তা’ বলে ডাকেন। সার ও কৃষি পরামর্শ পাওয়ার ক্ষেত্রেও সহযোগিতা না পাওয়ার অভিযোগ করেন তিনি।

কৃষক মো. আল আমিন বলেন, বিচ্ছিন্ন চরাঞ্চলে বিদ্যুৎ নেই, টেলিভিশন নেই, এমনকি মুঠোফোনের নেটওয়ার্কও ভালো নয়। ফলে আবহাওয়ার পূর্বাভাস জানার সুযোগ সীমিত। কৃষি বিভাগ থেকেও কোনো সতর্কবার্তা পাননি তারা। তার অভিযোগ, আগে থেকে বৃষ্টির খবর জানানো হলে কৃষকরা প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারতেন। কৃষি বিভাগের দায়িত্বে অবহেলা ও অনিয়মের কারণে দুই চরের কৃষকদের কোটি কোটি টাকার ক্ষতি হয়েছে। এ ঘটনায় উপযুক্ত বিচারের দাবিও জানান তিনি।

কৃষি কর্মকর্তাদের বক্তব্য

কৃষকদের অভিযোগের বিষয়ে ভোলা সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. কামরুল হাসানের কাছে জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন, সাংবাদিকরা নেতিবাচক সংবাদ প্রচার করেন। কয়েক দিনের মধ্যে তিনি ও উপসহকারী কৃষি কর্মকর্তারা চরে গিয়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষেত পরিদর্শন করবেন এবং পরামর্শ দেবেন। এত দিন কেন ক্ষতিগ্রস্ত কৃষকদের খোঁজ নেওয়া হয়নি—এমন প্রশ্নের কোনো উত্তর দেননি তিনি। কৃষকরা কেন আবহাওয়ার সতর্কবার্তা পাননি, জানতে চাইলে কামরুল হাসান বলেন, আবহাওয়ার খবর জানানোর জন্য আবহাওয়া অধিদপ্তর রয়েছে। তাদের পক্ষে সব কৃষককে খবর দেওয়া সম্ভব নয়।

তবে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মো. খায়রুল ইসলাম মল্লিক বলেন, কৃষকদের আবহাওয়ার খবর ও সতর্কবার্তা দেওয়ার জন্য তাদের একটি প্রকল্প রয়েছে। এ প্রকল্পের মাধ্যমে উপজেলা ও ব্লক পর্যায়েও আবহাওয়ার বার্তা পৌঁছে দেওয়া হয়। কৃষকদের করণীয় সম্পর্কেও কৃষি কর্মকর্তারা অবহিত করেন। তিনি বলেন, তবে মাঝের চর ও মদনপুরের কৃষকরা কেন সতর্কবার্তা পাননি, তা খোঁজ নিয়ে দেখা হবে। ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরি করে পরবর্তী সময়ে সহযোগিতারও আশ্বাস দেন তিনি।

তথ্যসূত্র: জাগো নিউজ

Source: জাগো নিউজ২৪