শিশুদের পুষ্টি নিশ্চিত করতে ২০২৭ সাল থেকে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল কর্মসূচি চালু করবে সরকার। এ কর্মসূচির আওতায় ১ কোটি ১০ লাখ শিশু প্রতিদিন দুপুরের খাবার পাবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান।

শুক্রবার (২৭ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় সংলগ্ন পুরাতন বাণিজ্য মেলা প্রাঙ্গণ মাঠে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে আয়োজিত রন্ধন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।

ডা. জুবাইদা রহমান বলেন, শিশুদের পুষ্টির ঘাটতি পূরণ, বিদ্যালয়ে উপস্থিতি বৃদ্ধি এবং প্রাতিষ্ঠানিক শিক্ষা অব্যাহত রাখতে স্কুল ফিডিং কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি জানান, বর্তমানে দেশের ৫০০টি উপজেলার মধ্যে ১৫১টি উপজেলায় প্রায় ৩১ লাখ শিক্ষার্থী প্রতিদিন পুষ্টিকর খাবার পাচ্ছে। এই প্রকল্প বিদ্যালয়ে চার থেকে ১০ বছর বয়সী শিশুদের উপস্থিতি ও প্রাতিষ্ঠানিক শিক্ষা ধরে রাখার জন্য যথেষ্ট।

আগামী ২০২৭ সাল থেকে ৫০০টি উপজেলার সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১ কোটি ১০ লাখ শিশু মিড ডে মিল পাবে বলে জানান তিনি। চলমান কর্মসূচির পাশাপাশি খাবারের গুণগত মান নিশ্চিত করতে মায়েদের সম্পৃক্ত করে তদারকি জোরদারের ওপর গুরুত্ব দেন ডা. জুবাইদা রহমান।

বিদ্যালয়ের খাবারের মান ও পুষ্টিগুণ বাড়াতে স্থানীয় পর্যায়ে রন্ধন প্রতিযোগিতা আয়োজনের প্রস্তাব দিয়ে তিনি বলেন, ‘বিভিন্ন জেলা বা উপজেলা পর্যায়ে স্কুলের মিড ডে মিল বা শিশুদের বিদ্যালয়ের দুপুরের খাবার সুস্বাদু ও সহজলভ্য করার জন্য রন্ধন প্রতিযোগিতার আয়োজন করা যেতে পারে।’

প্রাথমিক বিদ্যালয়ে স্বাস্থ্যসম্মত রান্নার পদ্ধতি অনুসরণ এবং স্থানীয় উপকরণের ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্ব দিয়ে ডা. জুবাইদা রহমান বলেন, ‘প্রাথমিক বিদ্যালয়ে স্বাস্থ্যসম্মত রন্ধনপ্রণালি, সহজলভ্য স্থানীয় উপকরণ, শাকসবজি, আমিষ, দুগ্ধজাত পণ্য ব্যবহার, মায়েদের সম্পৃক্ততা ও তদারকি দেশের শিশুদের পুষ্টির মান বহুগুণে বাড়াবে।’

এই বিশেষজ্ঞ চিকিৎসক আরও বলেন, ‘আমরা প্রায়ই বলি, রান্না একটি শিল্প। তবে এটি একই সঙ্গে একটি ভাষা, একটি বিজ্ঞান এবং মানুষের সঙ্গে যোগাযোগের একটি মাধ্যম। যেখানে প্রয়োজন, অনুরাগ, সৃজনশীলতা এবং আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যের এক অপূর্ব মিলনমেলা। আমরা রান্নায় আমাদের ইতিহাস, ব্যক্তিত্ব এবং ভালোবাসার একটি অংশ যোগ করি।’

রন্ধন প্রতিযোগিতায় ৩০০ রেসিপির মধ্য থেকে সেরা রেসিপির জন্য অনুষ্ঠানে পাঁচজনকে পুরস্কার দেওয়া হয়।

তথ্যসূত্র: বাসস

Source: জাগো নিউজ২৪