ভারতের আসন পুনর্বিন্যাস বা সীমানা নির্ধারণের উদ্যোগকে ‘চিরস্থায়ী ফ্যাসিবাদ প্রতিষ্ঠার পরিকল্পনা’ বলে আখ্যা দিয়েছেন বুকার পুরস্কারজয়ী লেখক অরুন্ধতী রায়। তাঁর অভিযোগ, এই উদ্যোগ ভারতের গণতন্ত্রের ভিত দুর্বল করে দেবে এবং জাতি, ধর্ম ও সম্প্রদায়ভিত্তিক বিভাজন আরও পাকাপোক্ত করবে।

শনিবার নয়াদিল্লির জওহর ভবনে লেখক, শিল্পী ও সাংস্কৃতিক কর্মীদের জাতীয় সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে নরেন্দ্র মোদী সরকারের আসন পুনর্বিন্যাস পরিকল্পনার সমালোচনা করেন তিনি।

অরুন্ধতী রায় বলেন, আসন পুনর্বিন্যাস গণতন্ত্রের মেরুদণ্ড ভেঙে দেবে। মানুষকে শুধু আসনসংখ্যা ও সাংসদের সংখ্যা বাড়ানোর বিষয় বলে ভুল বোঝানো হচ্ছে। নারী সংরক্ষণ বিলের সঙ্গে নারীর অধিকারের সম্পর্ক আছে, এমনটাও বিশ্বাস না করার আহ্বান জানান তিনি। তাঁর মতে, আসন পুনর্বিন্যাসের মূল উদ্দেশ্য নির্বাচনী এলাকার মানচিত্র নতুন করে সাজিয়ে জাতি, ধর্ম ও সম্প্রদায়ভিত্তিক বিভাজনকে আরও শক্তিশালী করা এবং ক্ষমতা নিজেদের হাতে কেন্দ্রীভূত করা।

আগামী ৩০ নভেম্বর থেকে সংসদের চার দিনের বিশেষ অধিবেশন ডেকেছে সরকার। সেখানে ২০২৯ সালের লোকসভা নির্বাচনের আগে লোকসভা ও রাজ্য বিধানসভাগুলোতে ৩৩ শতাংশ নারী সংরক্ষণ কার্যকর করতে তিনটি বিল আনার পরিকল্পনা রয়েছে। প্রস্তাবে প্রতিটি রাজ্যের আসনসংখ্যা ৫০ শতাংশ বাড়ানোর বিষয়টিও উল্লেখ করা হয়েছে।

এদিকে ডিএমকে ও শরদ পাওয়ারের এনসিপি (এসপি) বিলের প্রতি সমর্থনের ইঙ্গিত দিয়েছে। এতে সরকারের প্রস্তাব পাসের পথে বড় বাধা কিছুটা দূর হয়েছে বলে মনে করা হচ্ছে।

অরুন্ধতী রায় বলেন, ভারতে বর্তমানে যা ঘটছে, তা ‘গণতান্ত্রিক ফ্যাসিবাদ’। ফ্যাসিবাদীরা গণতন্ত্রের অর্থ ও মূল্যবোধকে ধ্বংস করার চেষ্টা করছে। তিনি বলেন, আসাম ও জম্মু-কাশ্মীরে নতুন করে নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণের প্রক্রিয়া দেখলেই সরকারের উদ্দেশ্য বোঝা যাবে। তাঁর অভিযোগ, এসব উদ্যোগের মাধ্যমে ফ্যাসিবাদী শক্তি নিজেদের ক্ষমতা আরও সুসংহত করছে।

সরকারি বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেওয়া লেখক ও শিল্পীদেরও সমালোচনা করেন অরুন্ধতী রায়। তাঁর মতে, সরকারি আয়োজনে অংশ নিয়ে অনেক শিল্পী নিজেদের মর্যাদা ক্ষুণ্ন করছেন। তিনি বলেন, ভারত বিশ্বের অন্যতম বৈষম্যপূর্ণ সমাজ, যেখানে জাতি, শ্রেণি, ধর্ম ও বর্ণের ভিত্তিতে আইনের প্রয়োগ ভিন্নভাবে হয়।

সরকার ইসরায়েল থেকে নজরদারির প্রযুক্তি কিনছে বলেও অভিযোগ করেন তিনি। গাজায় প্রতিদিন গণহত্যা চালানো হচ্ছে বলে অভিযোগ তুলে অরুন্ধতী বলেন, সেই দেশের কাছ থেকে প্রযুক্তি কিনে ভারতের তরুণ প্রতিবাদকারীদের ওপর তা ব্যবহার করা হচ্ছে। তিনি দাবি করেন, ‘ককরোচ জনতা পার্টি’র (সিজেপি) বিক্ষোভের সময় মুখ শনাক্তকরণ প্রযুক্তি ব্যবহার করা হয়েছিল। তখন কয়েক হাজার ব্যক্তিকে বারবার অপরাধ করা ব্যক্তি হিসেবে শনাক্ত করার কথা বলা হলেও, তাদের কীভাবে শনাক্ত করা হয়েছে, তা স্পষ্ট করা হয়নি।

অরুন্ধতী রায়ের মতে, দেশে যে দমন-পীড়নের পরিকল্পনা চলছে, তা অত্যন্ত ভয়াবহ। আসন পুনর্বিন্যাসের উদ্যোগ এসব ব্যবস্থাকে আরও সুসংহত করার অংশ এবং এটি দীর্ঘমেয়াদি ফ্যাসিবাদ প্রতিষ্ঠার পরিকল্পনা।

২০১৬ সালে নোট বাতিল, ২০১৯ সালে জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল এবং ২০২০ সালে মাত্র চার ঘণ্টার নোটিশে দেশজুড়ে লকডাউন ঘোষণার উদাহরণ টেনে তিনি বলেন, সরকার বারবার আকস্মিক সিদ্ধান্তের মাধ্যমে জনগণকে বিপাকে ফেলেছে। তাঁর অভিযোগ, সরকার মনে করছে সংসদে বিল পাস করানোর মতো যথেষ্ট সাংসদকে তারা নিজেদের পক্ষে আনতে পেরেছে। বিল পাস হলে আসন পুনর্বিন্যাস ভারতের গণতন্ত্রের জন্য তেমন ক্ষতিকর হবে, যেমন নোট বাতিল দেশের অর্থনীতির জন্য হয়েছিল।

অরুন্ধতী রায় বলেন, নোট বাতিল দরিদ্র মানুষের জীবন বিপর্যস্ত করে তাদের সরকারি সহায়তার ওপর নির্ভরশীল করে তুলেছিল। অন্যদিকে, নোট বাতিল ও নির্বাচনী বন্ডের মাধ্যমে বিজেপি বিপুল অর্থশালী রাজনৈতিক দলে পরিণত হয়েছে। সেই অর্থ ও প্রভাব ব্যবহার করে গণতন্ত্রের ভারসাম্য রক্ষাকারী প্রতিষ্ঠানগুলোকে নিজেদের নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

তথ্যসূত্র: জাগো নিউজ আন্তর্জাতিক, দ্য টেলিগ্রাফ ইন্ডিয়া

Source: জাগো নিউজ২৪