আরাফাত রহমান কোকো স্মৃতি টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের প্রথম আসরে চ্যাম্পিয়ন হয়েছে ইসহাক কাদের চৌধুরী স্মৃতি একাদশ। শনিবার (২৮ নভেম্বর) চট্টগ্রামের শহীদ শাহজাহান মাঠে অনুষ্ঠিত মেগা ফাইনালে সন্দ্বীপ ক্রিকেট একাডেমিকে ৪ উইকেটে হারিয়ে শিরোপা জেতে দলটি।
ফাইনালে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে সন্দ্বীপ ক্রিকেট একাডেমি ১৮ দশমিক ৩ ওভারে ১৩৯ রান করে। দলের পক্ষে তারিক রহমান ৩৫, মাসুম উদ্দিন ২৫ ও এ কে রানা ২২ রান করেন। ইসহাক কাদের চৌধুরী একাদশের সামশুদ্দীন বাপ্পা ২৪ রানে ৩ উইকেট নেন। ইফরান হোসাইন ১৫ এবং সাজ্জাদ হোসাইন ২৮ রান দিয়ে দুটি করে উইকেট শিকার করেন।
জবাবে ব্যাট করতে নেমে ১৬ দশমিক ৪ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪০ রান তুলে জয় নিশ্চিত করে ইসহাক কাদের চৌধুরী স্মৃতি একাদশ। দলের পক্ষে আবদুল্লাহ জিসান ৪১ বলে ৪৪, তুহিন ২৬ বলে ৪৩ এবং সাজ্জাদ হোসাইন ১০ বলে অপরাজিত ৩০ রান করেন। সন্দ্বীপের রানা ও রাতুল ইরফান দুটি করে উইকেট নেন।
সকালে ফাইনাল শুরুর আগে দুই দলের খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান। পরে তিনি খেলার উদ্বোধন করেন। এ সময় টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক মোশাররফ হোসেন দিপ্তী উপস্থিত ছিলেন।
খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক, দেশ রক্ষা তারেক মঞ্চের প্রতিষ্ঠাতা ও মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দিপ্তী।
বক্তব্যে ডা. শাহাদাত হোসেন বিজয়ী ও বিজিত দুই দলকে অভিনন্দন জানান। তিনি বলেন, হার-জিত থাকবেই, তবু এগিয়ে যেতে হবে। ফুটবলের পর ক্রিকেটের এমন আয়োজনের জন্য সংশ্লিষ্টদের অভিনন্দন জানিয়ে চসিক প্রশাসক বলেন, বেশি বেশি ক্রীড়া আয়োজন হলে তরুণরা খেলাধুলায় উৎসাহিত হবে। খেলাধুলার মাধ্যমে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে সমাজকে নিরাপদ করা সম্ভব।
টুর্নামেন্টে সেরা ব্যাটসম্যান নির্বাচিত হয়েছেন চ্যাম্পিয়ন দলের আবদুল্লাহ জিসান। তিনি মোট ২৩৯ রান করেন। ১২ উইকেট নিয়ে সেরা বোলার হয়েছেন একই দলের সাজ্জাদ হোসাইন। ফাইনালের সেরা খেলোয়াড়ও নির্বাচিত হয়েছেন সাজ্জাদ।
টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দলকে দুই লাখ এবং রানার্সআপ দলকে এক লাখ টাকা প্রাইজমানি ও আকর্ষণীয় ট্রফি দেওয়া হয়। এছাড়া সেরা খেলোয়াড়, সর্বোচ্চ রান সংগ্রাহক ও সর্বোচ্চ উইকেটশিকারীর জন্য ছিল ক্রেস্ট ও প্রাইজমানি।
অনুষ্ঠানে চট্টগ্রাম মহানগর যুবদলের সহসভাপতি আজমল হুদা রিংকু, নুর আহমেদ গুড্ডু, শহীদুল্লাহ বাহার, নাসির উদ্দিন চৌধুরী নাসিম, হাবিবুর রহমান চৌধুরী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসাইনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা এবং টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
রাতে একই মাঠে হাজারো সংগীতপ্রেমীর উপস্থিতিতে অনুষ্ঠিত হয় জমকালো কনসার্ট। এতে জয়শ্রী, সিটি অব নাইট, ওয়ারিয়র্স এবং জনপ্রিয় ব্যান্ড অ্যাশেজ সংগীত পরিবেশন করে।
তথ্যসূত্র: জাগো নিউজ
Source: জাগো নিউজ২৪






