চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের প্রধান ফটকসংলগ্ন এলাকা থেকে বিপুল পরিমাণ বৈদ্যুতিক ক্যাবলসহ এক ব্যক্তিকে আটকের পর ভ্রাম্যমাণ আদালত তাকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন। আটক ব্যক্তির নাম মো. সোহেল।

শনিবার (২৮ নভেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে বিমানবন্দরের ১৫ নম্বর গেট এলাকায় এ ঘটনা ঘটে। বিমানবন্দর কর্তৃপক্ষের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ওই এলাকায় দায়িত্ব পালনরত এক আনসার সদস্যের কাছে এক বহিরাগত ব্যক্তির আচরণ সন্দেহজনক মনে হয়। পরে তাকে তল্লাশি করে বিপুল পরিমাণ বৈদ্যুতিক ক্যাবল পাওয়া যায় এবং তাকে আটক করা হয়। বিষয়টি বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তা মো. তারেক জিয়াউদ্দিনকে জানানো হলে তিনি দলবল নিয়ে ঘটনাস্থলে যান। পরে বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মো. নুর হোসেন ও নির্বাহী ম্যাজিস্ট্রেটকে বিষয়টি অবহিত করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহফুজা জেরিনের উপস্থিতিতে জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তির নাম সোহেল বলে জানা যায়। বিমানবন্দর কর্তৃপক্ষের দাবি, তিনি ওই অঞ্চলে সংঘটিত বিভিন্ন চুরির ঘটনায় জড়িত এবং এর আগে এসব ঘটনায় কারাভোগও করেছেন।

পরে প্রাপ্ত তথ্য-উপাত্ত যাচাই করে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাকে দণ্ডবিধির ১৮৮ ধারায় ছয় মাসের কারাদণ্ড দেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

Source: জাগো নিউজ২৪