নাটোর শহরের জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তরা আগুন দিয়েছে বলে জানা গেছে। শনিবার (২৮ নভেম্বর) ভোর সাড়ে চারটার দিকে শহরের ভবানীগঞ্জ মোড় এলাকায় সরকারি গণগ্রন্থাগারের সামনে অবস্থিত স্মৃতিস্তম্ভে এ ঘটনা ঘটে।

ঘটনার একটি ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, এক মুখোশধারী যুবক জুলাই স্মৃতিস্তম্ভের গোড়ায় পেট্রোল ঢেলে গ্যাস লাইট দিয়ে আগুন ধরিয়ে দিচ্ছে। আগুন ধরার পরই ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যেতে দেখা যায় তাকে।

পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা গেছে, শনিবার ভোরে নাটোর সদর উপজেলা পরিষদের গেট থেকে টহলরত পুলিশ সদস্যরা মাদরাসা মোড়ের দিকে আসছিলেন। এ সময় ভবানীগঞ্জ মোড়ে জুলাই স্মৃতিস্তম্ভের গোড়ায় আগুন দেখতে পেয়ে দ্রুত তারা আগুন নিয়ন্ত্রণ করেন।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনসুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, দুজন যুবক জুলাই স্মৃতিস্তম্ভে গোড়ায় আগুন ধরিয়ে পালিয়ে গেছে। ওই সময় পুলিশ সদস্যরা দ্রুত আগুন নেভাতে সক্ষম হয় বলে তিনি জানান। তিনি আরও বলেন, জড়িত ব্যক্তিদের শনাক্তে পুলিশ তদন্ত করছে এবং দ্রুত তাদের আইনের আওতায় আনা হবে।

সূত্র: জাগো নিউজ।

Source: জাগো নিউজ২৪