পূর্ব চীনের শানডং প্রদেশের জাওঝুয়াং শহরে পুরোনো ও বাতিল বাসগুলোকে ভ্রাম্যমাণ ক্যাফেতে রূপান্তর করে নতুন জীবন দেওয়া হয়েছে। এই ব্যতিক্রমী উদ্যোগের ফলে ছাঁটাইয়ের ঝুঁকিতে থাকা দুই শতাধিক পরিবহনকর্মীর চাকরি বেঁচে গেছে। স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

২০২৩ সালে লিয়াং ইউ নামে এক নারী স্টেশন কর্মী তাঁর চাকরি ছেড়ে বারিস্তা বা কফি প্রস্তুতকারক হিসেবে কাজ শুরু করেন। একটি বাতিল বাসকে সংস্কার করে তৈরি ভ্রাম্যমাণ কফিশপেই তাঁর নতুন পেশাজীবনের যাত্রা শুরু হয়।

রাইড শেয়ারিং অ্যাপ, ইলেকট্রিক বাইক এবং ব্যক্তিগত গাড়ির সংখ্যা বেড়ে যাওয়ায় চীনে গণপরিবহনে যাত্রী সংখ্যা অনেক কমে গেছে। গত বছরের শেষ নাগাদ যাত্রী সংখ্যা ২০১৯ সালের তুলনায় প্রায় অর্ধেকে নেমে আসে। জ্বালানি খরচ কমাতে অনেক স্থানীয় সরকার ডিজেলচালিত বাসের বদলে বৈদ্যুতিক বাস চালু করছে। তবে ছোট শহরগুলোর জন্য একসঙ্গে বিপুল সংখ্যক বৈদ্যুতিক বাস কেনা বেশ ব্যয়বহুল।

জাওঝুয়াংয়ের কর্মকর্তারা বুঝতে পারেন, পরিবহন ব্যবস্থার আসল সম্পদ শুধু গাড়ি নয়; বরং শহরের গুরুত্বপূর্ণ জায়গাগুলোর অবস্থান এবং মানুষের দীর্ঘদিনের আস্থা। বর্তমানে শহরের ব্যস্ত শপিং মল ও জনসমাগমস্থলে ছুটির দিনগুলোতে এসব ভ্রাম্যমাণ ক্যাফে হাজির হতে দেখা যায়। সেখানে মাত্র ১২ ইউয়ানে (প্রায় ২২০ টাকা) আমেরিকানো কফি পাওয়া যায়। সাশ্রয়ী ও সুবিধাজনক হওয়ায় তরুণ অফিসকর্মীদের কাছে এই বাস ক্যাফে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। লিয়াং ইউ জানান, এতে তাঁর আয়ও আগের চেয়ে বেড়েছে।

বৈদ্যুতিক যানবাহন চালুর কারণে যেসব চালক ও টিকিট বিক্রেতা কাজ হারানোর ঝুঁকিতে ছিলেন, তাদের মধ্যে দুই শতাধিক কর্মীকে প্রশিক্ষণ দিয়ে বারিস্তা ও ক্যাশিয়ারের কাজ দেওয়া হয়েছে।

পরবর্তীতে এই সৃজনশীল প্রকল্প আরও বিস্তৃত হয়েছে। এখন পুরোনো বাস দিয়ে বিয়ের গাড়ি, সাশ্রয়ী সুপারমার্কেট এবং ভ্রাম্যমাণ হোটেলও তৈরি করা হচ্ছে। এসব উদ্যোগ থেকে এখন পর্যন্ত প্রায় ৬ কোটি ৫০ লাখ ইউয়ান (প্রায় ৯৮ লাখ মার্কিন ডলার) আয় হয়েছে। নবদম্পতিরা মাত্র ৯৯৯ ইউয়ানে (১৫০ মার্কিন ডলার) এক দিনের জন্য সাজানো বাস ভাড়া নিতে পারেন। এসব বাসে ‘১৩১৪’-এর মতো শুভ রুট নম্বর ব্যবহার করা হয়, চীনা ভাষায় যার উচ্চারণের অর্থ ‘সারা জীবন একসঙ্গে থাকা’।

এ ছাড়া বাসস্টপে তৈরি সুবিধাজনক দোকানগুলোতে স্থানীয় খাবারের পাশাপাশি পরিবহন বিষয়ক স্মারকও বিক্রি হচ্ছে।

সূত্র: সাউথ চায়না মর্নিং পোস্ট

Source: জাগো নিউজ২৪