আঞ্চলিক উত্তেজনা ও সাম্প্রতিক সামরিক সংঘাতের অভিজ্ঞতার আলোকে নিজেদের নৌবাহিনীকে আরও শক্তিশালী করার উদ্যোগ নিয়েছে ইরান। দেশটির নৌবাহিনীকে নতুন প্রযুক্তি ও উন্নত প্রতিরক্ষা ব্যবস্থায় সজ্জিত করার কাজ জোরালোভাবে এগিয়ে নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাগি। শুক্রবার (২৭ নভেম্বর) নৌবাহিনী দিবস উপলক্ষে দেওয়া এক বার্তায় তিনি এই তথ্য জানান।
প্রতিরক্ষামন্ত্রী বলেন, নৌবাহিনীর সক্ষমতা বাড়াতে নতুন প্রযুক্তি ও অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা সংযোজনের বিষয়টি প্রতিরক্ষা মন্ত্রণালয় গুরুত্বের সঙ্গে অনুসরণ করছে। ইরানের সংবাদ সংস্থা মেহরের বরাতে বিভিন্ন সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।
আখলাগি বলেন, সমুদ্রের কৌশলগত গুরুত্ব এবং অঞ্চলের বর্তমান পরিস্থিতি বিবেচনায় নৌবাহিনীর সামরিক ও অভিযান পরিচালনার সক্ষমতা বাড়ানো জরুরি। এ লক্ষ্যে দেশীয় প্রযুক্তি, বৈজ্ঞানিক দক্ষতা ও সামরিক শিল্পের সক্ষমতা কাজে লাগিয়ে নৌবাহিনীকে আধুনিকায়ন করা হচ্ছে।
নৌপ্রতিরক্ষা ও সামরিক সক্ষমতা বাড়ানোর পরিকল্পনা
ইরানের প্রতিরক্ষামন্ত্রীর বক্তব্য অনুযায়ী, নৌবাহিনীকে নতুন প্রযুক্তি, কার্যকর সরঞ্জাম ও উন্নত প্রতিরক্ষা ব্যবস্থায় সজ্জিত করার পাশাপাশি সামরিক অবকাঠামো এবং উৎপাদন সক্ষমতা বাড়ানো হচ্ছে। দেশটির প্রতিরক্ষা শিল্পে নিজস্ব প্রযুক্তির ব্যবহার, গবেষণা ও উন্নয়ন এবং সামরিক সরঞ্জামের উৎপাদন বাড়ানোর ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে।
ইরানের নিয়মিত নৌবাহিনী ও ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) নৌবাহিনীর মধ্যে সমন্বয় বাড়ানোর বিষয়টিও গুরুত্ব পাচ্ছে। প্রতিরক্ষামন্ত্রী বলেন, দুই বাহিনীর সহযোগিতা ও যুদ্ধপ্রস্তুতি জোরদার করা দেশের সামরিক প্রতিরোধ সক্ষমতার গুরুত্বপূর্ণ অংশ। সাম্প্রতিক সংঘাতের অভিজ্ঞতা উন্নত নৌপ্রযুক্তি ও প্রতিরক্ষা ব্যবস্থার প্রয়োজনীয়তা আরও বাড়িয়েছে বলেও জানান তিনি।
ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় নতুন সামুদ্রিক অস্ত্র ও প্রতিরক্ষাব্যবস্থা উন্নয়নে কাজ করছে।
উপসাগর ও হরমুজ প্রণালিতে নজর তেহরানের
ইরানের নৌসামরিক কৌশলে পারস্য উপসাগর, ওমান সাগর, কাস্পিয়ান সাগর ও হরমুজ প্রণালি গুরুত্বপূর্ণ। এসব জলপথ আন্তর্জাতিক বাণিজ্য, জ্বালানি পরিবহন ও আঞ্চলিক নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে হরমুজ প্রণালি দিয়ে বিশ্বের বিপুল পরিমাণ তেল ও গ্যাস পরিবহন করা হয়।
ইরান দীর্ঘদিন ধরে এসব জলসীমায় নিজেদের সামরিক উপস্থিতি ও প্রতিরোধ সক্ষমতা বাড়ানোর চেষ্টা করছে। দেশটির নৌবাহিনীতে ক্ষেপণাস্ত্র, ড্রোন, সাবমেরিন, দ্রুতগতির নৌযান এবং বিভিন্ন প্রতিরক্ষাব্যবস্থা যুক্ত করার উদ্যোগ আগেও নেওয়া হয়েছে। ২০২৪ সালে ইরানের নৌবাহিনী নতুন ৪২ ধরনের সামরিক সরঞ্জাম প্রদর্শন করেছিল। এর মধ্যে ড্রোন, ক্ষেপণাস্ত্র, নৌযানের প্রতিরক্ষাব্যবস্থা ও বিভিন্ন ধরনের সামুদ্রিক অস্ত্র ছিল। সে সময় দেশটির যুদ্ধজাহাজে মাঝারি পাল্লার আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ও ক্ষেপণাস্ত্র প্রতিরোধী প্রযুক্তি সংযোজনের কথাও জানানো হয়েছিল।
এখন নতুন করে নৌবাহিনীকে অত্যাধুনিক প্রতিরক্ষাব্যবস্থায় সজ্জিত করার ঘোষণা এমন এক সময়ে এলো, যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক উত্তেজনা এবং সমুদ্রপথের নিরাপত্তা নিয়ে উদ্বেগ রয়েছে। তবে নতুন করে কোন কোন প্রতিরক্ষাব্যবস্থা, অস্ত্র বা প্রযুক্তি ইরানের নৌবাহিনীতে যুক্ত করা হবে, সে বিষয়ে প্রতিরক্ষামন্ত্রী বিস্তারিত জানাননি।
তথ্যসূত্র: জাগো নিউজ আন্তর্জাতিক ও আল-জাজিরা
Source: জাগো নিউজ২৪






