শক্তিশালী এল নিনোর প্রভাবে টানা ভারী বর্ষণে দক্ষিণ আমেরিকার দুই দেশ পেরু ও ইকুয়েডরে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। দুই দেশের বেশ কয়েকটি শহর পানিতে তলিয়ে গেছে। এতে ইকুয়েডরে এরই মধ্যে ৩৪ জনের মৃত্যু হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছেন অন্তত ৪৭ হাজার মানুষ। পেরুতেও হাজার হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। পরিস্থিতি মোকাবিলায় দুই দেশেই জাতীয় জরুরি অবস্থা জারি করা হয়েছে।
পেরুর উত্তরাঞ্চলীয় পিউরা শহরে গত ১৬ নভেম্বর বৃহস্পতিবার থেকে টানা ১২ ঘণ্টার ভারী বৃষ্টিতে রাস্তাঘাটে কোমরসমান পানি জমে গেছে। দেশটির ন্যাশনাল ইনস্টিটিউট অব সিভিল ডিফেন্সের প্রধান লুইস ভাসকেজ জানিয়েছেন, প্রাথমিক হিসাব অনুযায়ী পিউরায় প্রায় দুই হাজার পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। শহরের সান্তা মার্গারিটা এলাকার বাসিন্দা পিয়েরে গারাভিতো জানান, তাঁর ঘরের ভেতরে ফ্রিজ পর্যন্ত পানিতে ভাসছে। তিনি হতাশা প্রকাশ করে বলেন, এটি এল নিনোর প্রথম ভারী বৃষ্টি, তাতেই এই অবস্থা। তিনি সবকিছু হারিয়েছেন এবং এলাকার সবারই একই দশা।
বন্যার পানি ঢুকে পড়ায় পিউরার হোসে কায়েতানো হেরেদিয়া হাসপাতালের অনেক রোগীকে সরিয়ে নেওয়া হয়েছে। গুরুতর অসুস্থ রোগীদের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়েছে। শহরের কেন্দ্রস্থল প্লাজা দে আরমাসসহ বহু ব্যবসাপ্রতিষ্ঠান ও সরকারি ভবনও পানিতে তলিয়ে গেছে। পেরুর আবহাওয়া দপ্তর আগামী চার দিন মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। এ ছাড়া উত্তাল সাগরের ঢেউয়ে প্রশান্ত মহাসাগরীয় উপকূলের অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ায় কয়েক ডজন বন্দর সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে নৌবাহিনী।
অন্যদিকে, শুক্রবার (২৭ নভেম্বর) ইকুয়েডরের ন্যাশনাল সেক্রেটারিয়েট ফর রিস্ক ম্যানেজমেন্ট জানিয়েছে, দেশজুড়ে ভারী বৃষ্টি ও বন্যায় ৩৪ জন প্রাণ হারিয়েছেন। পশ্চিমাঞ্চলীয় মান্তা শহরে দুটি নদীর তীর ভেঙে পানি ঢুকে পড়ায় বাসিন্দারা বুকসমান পানি মাড়িয়ে ও তোশকে ভেসে চলাচল করছেন। মান্তা শহরের বাসিন্দা ফার্নান্দা নাভারেতে জানান, তাঁরা চার দিন ধরে কাদাপানির মধ্যে ডুবে আছেন। আসবাব, কাপড় ও ঘরের সব যন্ত্রপাতি নষ্ট হয়ে গেছে। এর ওপর পয়োনিষ্কাশন নালা ফেটে যাওয়ায় চারদিকে তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে।
প্রশান্ত মহাসাগরের মধ্যাঞ্চল ও পূর্বাঞ্চলের সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা বেড়ে যাওয়ায় প্রাকৃতিক ঘটনা 'এল নিনো'র সৃষ্টি হয়। এর ফলে বিশ্বজুড়ে বায়ুপ্রবাহ ও বৃষ্টিপাতের ধরনে বড় পরিবর্তন আসে। এবারের এল নিনোকে ইতিহাসের অন্যতম শক্তিশালী হিসেবে ধারণা করা হচ্ছে।
তথ্যসূত্র: জাগো নিউজ আন্তর্জাতিক
Source: জাগো নিউজ২৪






