প্রায় আট বছর কেটে গেছে শুধু দপ্তরে দপ্তরে চিঠি চালাচালি ও কয়েক দফা নকশা পরিবর্তন করেই। এখনো নির্মাণ হয়নি নতুন ভবন। অথচ পুরোনো ভবনগুলোতে ধরেছে ফাটল, খসে পড়ছে পলেস্তারা। তবুও জান ও মালের ঝুঁকি নিয়েই পরিত্যক্ত এসব ভবনে চলছে সরকারের কয়েকটি দপ্তরের কাজ। এটি কুষ্টিয়ার কুমারখালী উপজেলার বাস্তব চিত্র।
উপজেলা পরিষদের ভেতরে থাকা তিনটি ঝুঁকিপূর্ণ ভবনেই এখনো চলছে কৃষি সম্প্রসারণ, দারিদ্র্য বিমোচন, সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়, মুক্তিযোদ্ধা কমান্ড ও দলিল লেখক সমিতির কার্যালয়সহ কয়েকটি সরকারি দপ্তরের কার্যক্রম। অথচ ২০১৮ সালেই এসব ভবনকে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছিল। এসবের পাশাপাশি এই তিন ভবনের মাঝখানের ফাঁকা জায়গায় রয়েছে একটি বড় মরা কড়োই গাছ। যে কোনো সময় গাছটি উপড়ে পড়ে দুর্ঘটনার আশঙ্কা করছেন সংশ্লিষ্ট দপ্তরগুলোর কর্মকর্তা-কর্মচারীরা।
সরেজমিনে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে দেখা যায়, ভবনের কক্ষগুলোর ছাদের পলেস্তারা খসে পড়েছে। বেরিয়ে আছে মরিচা ধরা রড। দেওয়ালে ফাটল, জন্মেছে আগাছা। এরপরও ঝুঁকি নিয়ে সেখানে অর্ধ শতাধিক কর্মকর্তা-কর্মচারী, দলিল লেখক ও বীর মুক্তিযোদ্ধারা তাঁদের কার্যক্রম পরিচালনা করছেন। আরও দেখা যায়, ভবনগুলোর মাঝের ফাঁকা অংশে পানি জমে আছে, জন্মেছে আগাছা এবং পড়ে রয়েছে কয়েকটি মরা গাছ।
ঝুঁকি বিবেচনায় নিয়ে ইতিমধ্যে নিরাপত্তার স্বার্থে পরিত্যক্ত ভবন থেকে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় ও উপজেলা সমবায় কার্যালয় সরিয়ে অন্যত্র নেওয়া হয়েছে। সেসব কক্ষে এখন তালা ঝুলছে।
এ প্রসঙ্গে স্ট্যাম্প বিক্রেতা আশরাফুল আলম বলেন, আগে এখানে সোনালী ব্যাংক ছিল। ২০১৮ সালে ভবনটি পরিত্যক্ত ঘোষণা করায় ব্যাংকটি অন্যত্র চলে যায়। পরে দলিল লেখকরা সেখানে বসেন। তবে জীবনের ঝুঁকি থাকায় সম্প্রতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অফিস তালা লাগিয়ে দেয়। তিনি বলেন, দেওয়ালে ফাটল, ছাদের পলেস্তারা খসে খসে পড়ছে। বৃষ্টি এলেই পানি ঝরে। মনে হয় কখন যেন ভেঙে পড়ে দুর্ঘটনা ঘটবে।
তবে বিকল্প ব্যবস্থা না থাকায় জীবনের ঝুঁকি নিয়েই সেবা চালু রাখার কথা জানান উপজেলা পল্লী দারিদ্র্য বিমোচন কর্মকর্তা মনিকান্ত বিশ্বাস। তিনি বলেন, নতুন ভবন না হোক, অন্তত সংস্কার করলেও চলা যেত।
উপজেলা কৃষি সম্প্রসারণ কার্যালয়ের অফিস সহায়ক রুহুল আমীন বলেন, প্রায়ই ছাদ থেকে ইট-সিমেন্টের দলা (স্তূপ) ভেঙে পড়ে। দুই দিন আগেও বৃষ্টিতে ছাদের টুকরা ভেঙে পড়েছিল।
শুধু ভবন নয়, ঝুঁকি বাড়িয়েছে ভবনের পাশে দাঁড়িয়ে থাকা মরা গাছও। ঝড়-বৃষ্টিতে যে কোনো সময় গাছটি ভেঙে পড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। এতে অফিসে আসা সেবাগ্রহীতারাও চরম ঝুঁকিতে রয়েছেন বলে জানান উপজেলা কৃষি কর্মকর্তা মো. মনির হোসেন। তিনি বলেন, বিষয়টি একাধিকবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং উপজেলা প্রশাসনকে জানানো হয়েছে। তবে কোনো কাজ হয়নি।
উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন, বিকল্প ব্যবস্থা না থাকায় ঝুঁকি নিয়েই কার্যক্রম চলছে। জান ও মালের নিরাপত্তায় দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি।
জীবনের ঝুঁকি বিবেচনায় নিয়ে ২০১৮ সালেই ভবনগুলো পরিত্যক্ত ঘোষণা করে দপ্তরগুলোকে নিরাপদ স্থানে চলে যাওয়ার চিঠি দেওয়া হয়েছিল বলে জানান উপজেলা প্রকৌশলী (স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর-এলজিইডি) মো. নাজমুল হক। তিনি বলেন, নতুন ভবনের জন্য বহুবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে চিঠি পাঠানোর পর প্রায় ছয় মাস আগে চারতলা ভবন নির্মাণের কার্যক্রম প্রায় টেন্ডার পর্যন্ত গিয়েছিল। কিন্তু মাস তিনেক আগে মন্ত্রণালয়ের নির্দেশে সেই টেন্ডার বাতিল করে আবার আটতলা বিশিষ্ট ভবন নির্মাণের চাহিদা প্রেরণ করা হয়। কিন্তু সম্প্রতি প্রকল্পটি বন্ধ থাকায় কার্যক্রম থেমে আছে।
নতুন ভবন না হওয়ায় জনস্বার্থে ঝুঁকি নিয়েই পরিত্যক্ত ভবনে কার্যক্রম চালু রাখার কথা স্বীকার করেছেন ইউএনও মো. রাইসুল ইসলাম। তিনি বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে দ্রুতই প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে।
তথ্যসূত্র: জাগো নিউজ
Source: জাগো নিউজ২৪






