রাজধানীর মিরপুর-১০ নম্বর এলাকায় ইতিহাস পরিবহন নামে একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
মিরপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. জাহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, চলন্ত বাসে কেউ যদি গান পাউডার মেরে চলে যায়, তাহলে তারও তো জীবনের রিস্ক আছে।
এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানান তিনি। বাসটির চালক ও হেলপার পুলিশ হেফাজতে রয়েছে বলেও উল্লেখ করেন এডিসি জাহিদুল ইসলাম।
এ ঘটনায় জড়িতদের শনাক্তে সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হচ্ছে বলেও জানান তিনি।
ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন বলেন, মিরপুর-১০ গোলচত্বর থেকে মিরপুর-১ এর দিকে যাওয়ার পথে ফায়ার সার্ভিস কার্যালয়ের বিপরীত পাশে ইতিহাস পরিবহনের একটি বাসে আগুন লাগে।
রাত ৭টা ৩৮ মিনিটে খবর পেয়ে মিরপুর ফায়ার স্টেশনের সদস্যরা আগুন নির্বাপণ করেন বলে জানান তিনি।
তথ্যসূত্র: জাগো নিউজ
Source: জাগো নিউজ২৪






