গাজীপুরের শ্রীপুরে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় মৃত দুই জনপ্রতিনিধিকে আসামি করা হয়েছে। পুলিশের করা ওই মামলায় তাদের একজন ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে এবং অন্যজন একই বছরের ডিসেম্বর মাসে মারা গেছেন। মৃত্যুর প্রায় দুই বছর পর মামলায় তাদের নাম অন্তর্ভুক্ত হওয়ায় বিস্মিত ও ক্ষুব্ধ হয়েছেন স্বজনরা। প্রিয়জনকে হারানোর শোকের সঙ্গেও নতুন করে যুক্ত হয়েছে এই বিব্রতকর পরিস্থিতি।

জাগো নিউজের প্রতিবেদন অনুযায়ী, গত মঙ্গলবার (২৪ নভেম্বর) শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মোশাররফ হোসেন বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলাটি দায়ের করেন। এতে মোট ১১১ জনকে আসামি করা হয়েছে। আসামি তালিকার ৯১ নম্বরে রয়েছেন শ্রীপুর পৌরসভার সাবেক কাউন্সিলর মো. আলী আজগর এবং ১০৪ নম্বরে রয়েছেন গাজীপুর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মো. ইদ্রিস আলী।

পৌরসভার কেওয়া পশ্চিমখণ্ড গ্রামের প্রয়াত আক্কাস আলীর ছেলে আলী আজগর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন। ২০২৪ সালের ১১ সেপ্টেম্বর তাঁর মৃত্যু হয়। অন্যদিকে, উপজেলার গাজীপুর ইউনিয়নের বাঁশবাড়ি গ্রামের প্রয়াত সামসুল হকের ছেলে ইদ্রিস আলী ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য ছিলেন। ২০২৪ সালের ২ ডিসেম্বর ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

মামলার এজাহারে বলা হয়েছে, গত ২৩ নভেম্বর তেলিহাটি ইউনিয়নের রঙিলা বাজার এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা সন্ত্রাসবিরোধী কার্যক্রম পরিচালনা করে জনমনে আতঙ্ক সৃষ্টি করেন। এই ঘটনায় শ্রীপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল জলিলকে প্রধান আসামি করে ১১১ জনের বিরুদ্ধে মামলা করে পুলিশ।

মামলার আসামির তালিকায় মৃত দুই জনপ্রতিনিধির নাম দেখে হতবাক হয়েছেন তাঁদের স্বজনরা। ইদ্রিস আলীর স্ত্রী বলেন, ‘এটা কোন ধরনের আইন। মৃত ব্যক্তিকে আসামি করা হয়েছে এতে সমস্যা নেই, এবার কবর থেকে তুলে নিয়ে আমার স্বামীকে ফাঁসি দেওয়া হোক।’

ইদ্রিস আলীর ভাই ও স্কুল শিক্ষক মোক্তার হোসেন বলেন, একজন মৃত ব্যক্তি কীভাবে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করতে পারেন? আমার ভাই তো ২০২৪ সালেই মারা গেছেন। ভাইকে হারানোর শূন্যতা এমনিতেই অনেক কষ্টের। এখন নতুন করে আরেকটি কষ্ট পেলাম। একজন মানুষ মারা যাওয়ার পরও যদি এভাবে মামলার আসামি হন, তাহলে পরিবারের সদস্য হিসেবে বিষয়টি মেনে নেওয়া কঠিন।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজাহারুল ইসলাম বলেন, মামলায় আসামির সংখ্যা অনেক। কীভাবে মৃত ব্যক্তিদের নাম আসামির তালিকায় এসেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। আইন অনুযায়ী মামলা থেকে তাঁদের নাম বাদ যাবে।

Source: জাগো নিউজ২৪