বগুড়ার কাহালু উপজেলায় গ্রামীণ ব্যাংকের একটি শাখার সামনে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় দায়ের করা মামলায় তিন বছর আগে মৃত্যুবরণ করা এক ব্যক্তিকে আসামি করার অভিযোগ উঠেছে। মৃত ব্যক্তির নাম এস এম গোলাম কিবরিয়া। তিনি মুরইল ইউনিয়ন আওয়ামী লীগের তৎকালীন সভাপতি ছিলেন।
মামলা ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২০ নভেম্বর রাত ১১টার দিকে কাহালু উপজেলার অঘোর মালঞ্চা এলাকায় গ্রামীণ ব্যাংকের মালঞ্চা শাখার সামনে পেট্রোল বোমা ছোড়ার ঘটনা ঘটে। এ ঘটনায় গত ২৫ নভেম্বর রাতে থানায় মামলা করেন কাহালুর সাবানপুর গ্রামের বাসিন্দা মঞ্জুর রহমান সরদার।
মামলায় নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতাসহ মোট ৩০৫ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে ১৩৫ জনের নাম উল্লেখ করে মামলার এজাহার দাখিল করা হয়েছে এবং বাকি ১৭০ জনকে অজ্ঞাতনামা আসামি হিসেবে রাখা হয়েছে। আসামি তালিকার ১০৯ নম্বরে রয়েছে এস এম গোলাম কিবরিয়ার নাম।
জানা গেছে, গোলাম কিবরিয়া ২০২৩ সালের ১৩ নভেম্বর মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর পর পুরো ইউনিয়নে মাইকিং করে বিষয়টি জানানো হয়েছিল বলে স্থানীয় সূত্র নিশ্চিত করেছে।
মৃত ব্যক্তিকে মামলায় আসামি করার প্রসঙ্গে নাম প্রকাশ না করার শর্তে গোলাম কিবরিয়ার এক স্বজন বলেন, ‘আমার চাচা ২০২৩ সালে মারা গেছেন। মৃত্যুর পর পুরো ইউনিয়নে মাইকিং করে বিষয়টি জানানো হয়েছিল। এরপরও তার নাম মামলার আসামির তালিকায় আসায় আমরা রীতিমতো বিস্মিত।’
এ বিষয়ে জানতে চাইলে কাহালু থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন, ‘মামলাটি নথিভুক্ত করার পর প্রাথমিক যাচাই-বাছাইয়ে এস এম গোলাম কিবরিয়ার মৃত্যুর বিষয়টি নজরে আসে। পরে তার মৃত্যুসনদ সংগ্রহ করে বিষয়টি আদালতকে জানানো হয়েছে।’
তথ্যসূত্র: জাগো নিউজ—বাংলাদেশ
Source: জাগো নিউজ২৪






