মেহেরপুর শহরের গুরুত্বপূর্ণ চারটি স্থানে বোমাসদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাত ১০টার দিকে মেহেরপুর সদর থানা পুলিশ পৃথক পৃথক অভিযান চালিয়ে এসব বস্তু উদ্ধার করে।

উদ্ধার হওয়া স্থানগুলো হলো—পুলিশ সুপারের বাংলোর ফটকের সামনে, জেলা কারাগারের প্রধান ফটকের সামনে, সার্কিট হাউজের গেটসংলগ্ন স্থান এবং কমিউনিটি সেন্টারের সামনে।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, শহরের গুরুত্বপূর্ণ কয়েকটি স্থানে বোমাসদৃশ বস্তু পড়ে আছে—এমন সংবাদের ভিত্তিতে অভিযানে যায় পুলিশের একটি দল।

কালো স্কচটেপে মোড়ানো লাল রঙের টিস্যু ব্যাগের ভেতরে বস্তুগুলো রাখা ছিল বলে তিনি উল্লেখ করেন। তিনি আরও জানান, পুলিশের কাছে খবর আসে বিশ্ববিদ্যালয়ের ফটক, সার্কিট হাউজের গেট, পুলিশ সুপারের বাংলোর সামনে, জেলা কারাগারের গেট ও কমিউনিটি সেন্টারের সামনে শপিং টিস্যু ব্যাগের ভেতরে বিস্ফোরকজাতীয় বস্তু রাখা আছে।

খবর পেয়ে পুলিশ দ্রুত ওই স্থানগুলোতে অভিযান চালায়। চারটি স্থান থেকে চারটি বোমাসদৃশ বস্তু উদ্ধার করে।

ওসি হুমায়ুন কবির জানান, উদ্ধার হওয়া বস্তুগুলো প্রকৃতপক্ষে বিস্ফোরক কি না, তা পরীক্ষা-নিরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে।

এ ঘটনায় এলাকায় উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। তথ্যসূত্র: জাগো নিউজ।

Source: জাগো নিউজ২৪