বাংলাদেশের চামড়া, নন-লেদার, তৈরি পোশাক ও জাহাজ নির্মাণ খাতে তুর্কি বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। একই সঙ্গে তুরস্কের বাজারে বাংলাদেশি পণ্যের রপ্তানি সম্প্রসারণে কাস্টমসসংক্রান্ত বিদ্যমান প্রতিবন্ধকতা দূর করা এবং অতিরিক্ত শুল্ক কমানোর বিষয়েও তিনি গুরুত্ব দিয়েছেন।

রোববার (১ নভেম্বর) ইস্তাম্বুলের হিলটন হোটেলে তুরস্কের বাণিজ্যমন্ত্রী ওমর বোলাতের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে এ আহ্বান জানান বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী। বাণিজ্য মন্ত্রণালয়ের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, বৈঠকে খন্দকার আব্দুল মুক্তাদির বাংলাদেশের সম্ভাবনাময় শিল্প খাতগুলোয় বিনিয়োগের সুযোগ কাজে লাগানোর জন্য তুর্কি ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান। বিশেষ করে চামড়া ও নন-লেদার পণ্য, তৈরি পোশাক এবং জাহাজ নির্মাণ শিল্পে তুর্কি বিনিয়োগ বাড়ানোর ওপর তিনি জোর দেন।

আলোচনায় বাংলাদেশি পণ্য তুরস্কের বাজারে প্রবেশের ক্ষেত্রে বিদ্যমান শুল্ক ও কাস্টমসসংক্রান্ত বাধার বিষয়টি তুলে ধরেন বাণিজ্যমন্ত্রী। এসব প্রতিবন্ধকতা নিরসন এবং অতিরিক্ত শুল্ক হ্রাসে তুরস্কের বাণিজ্যমন্ত্রীর সহযোগিতা চান তিনি।

বৈঠকে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও বিস্তৃত বাণিজ্যিক অংশীদারত্বে এগিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা হয়। উভয় পক্ষ দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ এবং বিদ্যমান প্রতিবন্ধকতা নিরসনে ইতিবাচক মনোভাব ব্যক্ত করে। এ সময় দুই দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির কমসেকের ৪২তম মিনিস্ট্রিয়াল মিটিংয়ে অংশ নিতে তুরস্ক সফর করছেন।

Source: জাগো নিউজ২৪