নিরাপত্তা ঝুঁকি এবং ভারত থেকে সার্ভারে তথ্য প্রবেশাধিকারের অভিযোগের প্রেক্ষিতে অনলাইন পেমেন্ট গেটওয়ে ডিজিই-পে সার্ভিসেস লিমিটেডের সঙ্গে জাতীয় পেমেন্ট সুইচ বাংলাদেশের (এনপিএসবি) সংযোগ বিচ্ছিন্ন করেছে বাংলাদেশ ব্যাংক। গত ২৯ অক্টোবর এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
সূত্রের ভাষ্য অনুযায়ী, ওই দিন বাংলাদেশ ব্যাংকের একটি দল ডিজিই-পে’র কার্যালয়ে নিরীক্ষা পরিচালনা করে। নিরীক্ষা শেষে প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে কেন্দ্রীয় ব্যাংক; এরপরই এনপিএসবি থেকে প্রতিষ্ঠানটির সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
তবে ডিজিই-পে’র কর্মকর্তারা জানিয়েছেন, গণমাধ্যমের মাধ্যমে তাঁরা সংযোগ বিচ্ছিন্নের বিষয়টি জানতে পেরেছেন। তাঁদের অভিযোগ, নিরীক্ষার সময় কিংবা পরে বাংলাদেশ ব্যাংক আনুষ্ঠানিকভাবে কোনো নির্দেশনা দেয়নি। প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের দাবি, এনপিএসবি-সংশ্লিষ্ট লেনদেন ছাড়া তাদের অন্যান্য সেবা চালু রয়েছে।
বাংলাদেশ ব্যাংকের কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে জানান, ডিজিই-পে’র বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ পাওয়া গেছে। তাঁদের ভাষ্য, এমন পরিস্থিতিতে জাতীয় পেমেন্ট ব্যবস্থায় প্রতিষ্ঠানটিকে যুক্ত রাখা নিরাপদ নয়। প্রতিষ্ঠানটির কার্যক্রম নিয়ে তদন্ত শুরু হয়েছে এবং তদন্তের ফলাফলের ভিত্তিতে লাইসেন্সের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে তারা জানান।
এনপিএসবি বাংলাদেশ ব্যাংক পরিচালিত একটি কেন্দ্রীয় পেমেন্ট নেটওয়ার্ক, যার মাধ্যমে দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে তাৎক্ষণিক ডিজিটাল লেনদেন সম্পন্ন হয়।
২০২৩ সালের আগস্টে পেমেন্ট সিস্টেম অপারেটর (পিএসও) হিসেবে বাংলাদেশ ব্যাংকের লাইসেন্স পায় ডিজিই-পে সার্ভিসেস লিমিটেড। প্রতিষ্ঠানটি বর্তমানে নিয়মিত ৬০০ থেকে ১ হাজার মার্চেন্টকে সেবা দিচ্ছে বলে জানা গেছে। ডিজিই-পে দীপন গ্রুপের একটি অঙ্গপ্রতিষ্ঠান।
Source: জাগো নিউজ২৪






