রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জনে কর্মকর্তাদের শতভাগ সততা, পেশাদারত্ব ও সেবামুখী মানসিকতা নিয়ে কাজ করতে হবে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আহসান হাবিব। তিনি বলেছেন, হয়রানিমুক্ত পরিবেশ নিশ্চিত করে রাজস্ব আদায় বাড়ানোই বর্তমান এনবিআরের মূল লক্ষ্য।

মঙ্গলবার (৩ নভেম্বর) রাজধানীর এনবিআর ভবনের মাল্টিপারপাস হলে সদ্য নিয়োগপ্রাপ্ত সহকারী কর কমিশনারদের যোগদান উপলক্ষে আয়োজিত সংবর্ধনা ও ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটির আয়োজন করে বাংলাদেশ সিভিল সার্ভিস (ট্যাক্সেস) অ্যাসোসিয়েশন।

নবীন কর্মকর্তাদের উদ্দেশে এনবিআর চেয়ারম্যান বলেন, ‘আপনাদের হাতে যে ক্ষমতা ও সুযোগ সরকার দিয়েছে, সেটিকে চিরস্থায়ী ও টেকসই করতে হবে। চ্যালেঞ্জ গ্রহণ করাই জীবনের সবচেয়ে বড় সাহস। এনবিআরের প্রতিটি সিদ্ধান্ত কোনো একক ব্যক্তির নয়, বরং তা সম্মিলিত। তাই এনবিআরের ভাবমূর্তি উজ্জ্বল করতে সবাইকে সুশৃঙ্খলভাবে দায়িত্ব পালন করতে হবে।’

তিনি আরও জানান, করদাতাদের অটোমেশন ও অনলাইন সেবার আওতায় আনার ফলে হয়রানি ও অনিয়ম উল্লেখযোগ্যভাবে কমেছে। গত অর্থবছরে প্রায় ৫০ লাখ করদাতা রিটার্ন দাখিল করেছেন। চলতি অর্থবছরে অনলাইনে রিটার্ন দাখিলের সংখ্যা আরও বাড়বে বলে তিনি আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে বিসিএস (ট্যাক্সেস) অ্যাসোসিয়েশনের জ্যেষ্ঠ নেতারা, এনবিআরের সদস্য এবং নতুন যোগদানকারী সহকারী কর কমিশনাররা উপস্থিত ছিলেন। বক্তারা নবীন কর্মকর্তাদের দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে সর্বোচ্চ নিষ্ঠা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

Source: জাগো নিউজ২৪