দেশের অর্থনীতিতে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের ইতিবাচক প্রভাব সামনের দিনগুলোতে দৃশ্যমান হবে বলে আশা প্রকাশ করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। চলতি অর্থবছরে জিডিপি ও রাজস্ব আয়ে কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি অর্জিত হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। প্রথম প্রান্তিকের তুলনায় দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ প্রান্তিকে অর্থনীতির বিভিন্ন সূচকে আরও গতি আসবে বলে মন্ত্রী উল্লেখ করেন।
বুধবার (১১ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘বর্তমান সরকার দেশের অর্থনৈতিক উন্নয়ন ও শৃঙ্খলা রক্ষায় সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে কাজ করছে। হিসাব-নিকাশ ও পরিকল্পনা করেই প্রতিটি পদক্ষেপ নেওয়া হচ্ছে। কাস্টমস ও সামগ্রিক প্রবৃদ্ধির ধারা ভালো রয়েছে। প্রথম প্রান্তিকের তুলনায় আগামী প্রান্তিকগুলোতে রাজস্ব আয় আরও বাড়বে বলে আশা করছি।’
জনগণের করের টাকার যথাযথ ব্যবহার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে অর্থমন্ত্রী বলেন, ‘জনগণের কষ্টের টাকার প্রতিটি পাই-পয়সার যেন সঠিক মূল্যায়ন হয়, সেদিকে সরকারের কঠোর নজর রয়েছে। এমনভাবে প্রকল্প প্রণয়ন করা হচ্ছে, যাতে প্রতিটি বিনিয়োগ থেকে যথাযথ রিটার্ন আসে এবং এর মাধ্যমে দেশে নতুন কর্মসংস্থান সৃষ্টি হয়।’
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণ ও উন্নয়ন সহযোগীদের সঙ্গে আলোচনা প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘আইএমএফের ঋণ বা সহায়তা একটি সুসংহত অর্থনৈতিক কর্মসূচির অংশ। বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ও ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের পাশাপাশি বিভিন্ন বন্ড ও অন্যান্য উৎসের মাধ্যমে দেশের অর্থনীতির চাকা সচল রাখা হচ্ছে।’
তিনি জানান, আইএমএফের সঙ্গে চলমান কার্যক্রম ও কাঠামোগত বিষয়গুলো নিয়ে একটি ওয়ার্কিং গ্রুপ কাজ করছে। আগামী জানুয়ারির মধ্যে এসব বিষয়ে সুনির্দিষ্ট অগ্রগতি ও রূপরেখা চূড়ান্ত হবে বলে আশা করা হচ্ছে।
সরকারের সময়োপযোগী ও বিচক্ষণ পদক্ষেপের ফলে দেশের রাজস্ব আয় ও ব্যয়ের মধ্যে সামঞ্জস্য বজায় থাকবে বলেও মন্তব্য করেন অর্থমন্ত্রী। দিনশেষে এসব উদ্যোগের সুফল দেশের জনগণ পাবে বলে তিনি উল্লেখ করেন।
Source: জাগো নিউজ২৪






