দেশে উদ্ভাবনভিত্তিক নতুন উদ্যোক্তা তৈরি ও প্রযুক্তিনির্ভর ব্যবসার বিকাশে স্টার্টআপ প্রতিষ্ঠানগুলোকে সর্বোচ্চ ৫০ লাখ টাকা পর্যন্ত অনুদান দেবে সরকার। বাংলাদেশের নাগরিকদের পাশাপাশি প্রবাসী বাংলাদেশিরাও (এনআরবি) এ অনুদানের জন্য আবেদন করতে পারবেন। এ লক্ষ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ ‘তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সংক্রান্ত স্টার্টআপ অনুদান ব্যবস্থাপনা ও পরিচালন নীতিমালা, ২০২৬’ প্রণয়ন করেছে। গত ১১ নভেম্বর নীতিমালাটি জারি করা হয় এবং ১২ নভেম্বর গেজেট প্রকাশিত হয়। তথ্যসূত্র: জাগো নিউজ।
নীতিমালা অনুযায়ী, স্টার্টআপের উন্নয়নের বিভিন্ন পর্যায় বিবেচনায় এক লাখ থেকে ৫০ লাখ টাকা পর্যন্ত অনুদান দেওয়া হবে। এর মধ্যে আইডিয়া উন্নয়নে এক লাখ থেকে তিন লাখ টাকা, প্রোটোটাইপ ও ন্যূনতম কার্যকর পণ্য (এমভিপি) তৈরিতে তিন লাখ থেকে ১০ লাখ টাকা এবং ইনভেস্টমেন্ট রেডিনেস, ব্রিজ ও ম্যাচিং ফান্ডিংয়ের জন্য ১০ লাখ থেকে ৩০ লাখ টাকা দেওয়া যাবে। তবে যৌক্তিকতা বিবেচনায় বিশেষ ক্ষেত্রে এই অনুদানের পরিমাণ ৫০ লাখ টাকা পর্যন্ত হতে পারে। প্রোটোটাইপ ও এমভিপি পর্যায়ে ব্যক্তিগত আবেদনকারীরা সর্বোচ্চ পাঁচ লাখ টাকা পাবেন।
নীতিমালার উদ্দেশ্য হিসেবে বলা হয়েছে, প্রাথমিক পর্যায়ের স্টার্টআপের উদ্ভাবনী ধারণাকে বাজারজাতযোগ্য পণ্য ও সেবায় রূপান্তর, নতুন উদ্যোগ সৃষ্টি, কর্মসংস্থান, রপ্তানি সক্ষমতা বৃদ্ধি এবং দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণ করা। পাশাপাশি সরকারি অনুদান ব্যবস্থাপনায় স্বচ্ছতা, প্রতিযোগিতা, জবাবদিহি ও ফলাফলভিত্তিক অর্থায়ন নিশ্চিত করাও এর লক্ষ্য।
তিন ধাপে স্টার্টআপের বিকাশ
নীতিমালায় স্টার্টআপের বিকাশের জন্য তিনটি ধাপ নির্ধারণ করা হয়েছে। প্রথম ধাপে প্রি-আইডিয়েশন ও আইডিয়া উন্নয়ন, দ্বিতীয় ধাপে প্রোটোটাইপ ও ভ্যালিডেশন এবং তৃতীয় ধাপে ইনভেস্টমেন্ট রেডিনেস ও ব্রিজ ফান্ডিংয়ের ব্যবস্থা রাখা হয়েছে।
প্রথম ধাপে উদ্ভাবনী ধারণা শনাক্ত, দল গঠন, সমস্যা বিশ্লেষণ, প্রাথমিক মেন্টরিং ও ধারণা যাচাইয়ে সহায়তা দেওয়া হবে। দ্বিতীয় ধাপে প্রোটোটাইপ তৈরি, ন্যূনতম কার্যকর পণ্য (এমভিপি) উন্নয়ন, ব্যবহারকারী ও বাজার যাচাই এবং প্রযুক্তিগত পরীক্ষা করা হবে। তৃতীয় ধাপে পণ্য উন্নয়ন, বাজার সম্প্রসারণ, বিক্রয় বৃদ্ধি, বিনিয়োগ প্রস্তুতি, ডিউ ডিলিজেন্স এবং করপোরেট সুশাসন প্রতিষ্ঠায় সহায়তা দেওয়া হবে।
ছয় ধরনের অনুদান
অনুদানের ধরন ছয়টি। এগুলো হলো আইডিয়া অনুদান, প্রোটোটাইপ উন্নয়ন অনুদান, প্রি-সিড অনুদান, সিড অনুদান, ইনভেস্টমেন্ট রেডিনেস ব্রিজ অনুদান এবং বিশেষ উদ্ভাবন অনুদান।
আইডিয়া অনুদানের অর্থ ধারণা যাচাই, দল গঠন, বাজার সমীক্ষা, প্রাথমিক গবেষণা ও ডিজাইনে ব্যবহার করা যাবে। প্রোটোটাইপ অনুদান দিয়ে হার্ডওয়্যার বা সফটওয়্যার উন্নয়ন, পরীক্ষণ ও প্রযুক্তিগত যাচাই করা যাবে। প্রি-সিড অনুদান দেওয়া হবে এমভিপি তৈরি, বাজার যাচাই, প্রাথমিক গ্রাহক অর্জন ও ব্যবসায়িক মডেল উন্নয়নে। সিড অনুদানের অর্থ পণ্য পরিমার্জন, বিপণন, গ্রাহক অর্জন, ব্যবসায় উন্নয়ন, সনদায়ন ও মেধাস্বত্ব নিবন্ধনে ব্যয় করা যাবে। ইনভেস্টমেন্ট রেডিনেস ব্রিজ অনুদান দেওয়া হবে বেসরকারি বিনিয়োগ পাওয়ার আগের সীমিত সময়ে স্টার্টআপের কার্যক্রম সচল রাখা এবং বিনিয়োগের উপযোগী করে তুলতে। এ ধরনের ব্রিজ অনুদানের মেয়াদ সর্বোচ্চ ছয় মাস।
এ ছাড়া কোনো স্টার্টআপ দেশি বা বিদেশি বিনিয়োগকারী, উন্নয়ন সহযোগী কিংবা সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কাছ থেকে অর্থায়ন বা বিনিয়োগ সংগ্রহ করলে সরকার ম্যাচিং ফান্ড অথবা সহ-অর্থায়ন দিতে পারবে।
অনুমোদন দেবেন সচিব ও মন্ত্রী
অনুদান অনুমোদনের ক্ষেত্রে দুই স্তরের কর্তৃপক্ষ নির্ধারণ করা হয়েছে। ৩০ লাখ টাকা পর্যন্ত অনুদান তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব অনুমোদন করবেন। ৩০ লাখ থেকে ৫০ লাখ টাকা পর্যন্ত অনুদান অনুমোদন করবেন মন্ত্রী। উভয় ক্ষেত্রেই চূড়ান্ত মূল্যায়ন কমিটির সুপারিশ বিবেচনা করতে হবে।
বিশেষ কৌশলগত, জাতীয় অগ্রাধিকারপ্রাপ্ত বা উচ্চ প্রভাবসম্পন্ন প্রযুক্তিভিত্তিক স্টার্টআপের ক্ষেত্রে সরকার নির্ধারিত সীমার অতিরিক্ত আর্থিক সহায়তাও দিতে পারবে। তবে এ ক্ষেত্রে সরকারের বিশেষ বিবেচনা ও অনুমোদন প্রয়োজন হবে।
কিস্তিতে অর্থ ছাড়
অনুদানের অর্থ এককালীন অথবা কিস্তিতে দেওয়া যাবে। কিস্তিতে অর্থ ছাড়ের ক্ষেত্রে চুক্তি সম্পাদনের পর প্রথমে ৪০ থেকে ৫০ শতাংশ, প্রথম মাইলস্টোন অর্জনের পর ২৫ থেকে ৩০ শতাংশ এবং প্রকল্প সফলভাবে শেষ করে চূড়ান্ত প্রতিবেদন অনুমোদনের পর বাকি ২৫ থেকে ৩০ শতাংশ দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে। প্রকল্পের ধরন অনুযায়ী সরকার বা সংশ্লিষ্ট কমিটি এ হার পরিবর্তন করতে পারবে।
পরবর্তী কিস্তির অর্থ পেতে আগের কিস্তির যথাযথ ব্যবহার, নির্ধারিত মাইলস্টোন অর্জন, অগ্রগতি প্রতিবেদন অনুমোদন, আর্থিক বিবরণী দাখিল এবং মাঠপর্যায়ের যাচাই সম্পন্ন করতে হবে। অনুদানের অর্থ সরাসরি নগদে দেওয়া হবে না। অনুদানগ্রহীতার ব্যাংক হিসাবে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার বা সরকার অনুমোদিত অন্য পদ্ধতিতে অর্থ পাঠানো হবে। স্কেল-আপ পর্যায়ে ইকুইটি, ভেঞ্চার ক্যাপিটাল বা অন্যান্য বিনিয়োগ সহায়তা সরকারের মালিকানাধীন স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড নিজস্ব বিনিয়োগ নীতি অনুযায়ী দেবে।
আবেদন করতে পারবেন প্রবাসীরাও
বাংলাদেশের যে কোনো নাগরিক এবং নন-রেসিডেন্ট বাংলাদেশি (এনআরবি) ব্যক্তি, দল বা প্রতিষ্ঠান এ অনুদানের জন্য আবেদন করতে পারবেন। সরকার অনুমোদিত অন্য ব্যক্তি বা প্রতিষ্ঠানও আবেদনের সুযোগ পাবে।
আবেদনকারীকে উদ্ভাবনভিত্তিক, প্রযুক্তিনির্ভর ও সম্প্রসারণযোগ্য উদ্যোগের প্রস্তাব দিতে হবে। উদ্যোগটির সুস্পষ্ট সমস্যা সমাধানের সক্ষমতা, বাজার সম্ভাবনা ও টেকসই ব্যবসায়িক মডেল থাকতে হবে। পাশাপাশি প্রকল্প বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় কারিগরি ও ব্যবস্থাপনাগত সক্ষমতার প্রমাণ দিতে হবে। নির্ধারিত ডিজিটাল প্ল্যাটফর্মে নিবন্ধন করে আবেদন করতে হবে। আবেদনের সঙ্গে জমা দিতে হবে প্রয়োজনীয় পরিচয়পত্র, প্রতিষ্ঠানের নিবন্ধন সনদ, ব্যবসায়িক ও আর্থিক পরিকল্পনা, পিচ ডেক এবং অন্যান্য প্রয়োজনীয় দলিল।
তবে প্রি-আইডিয়েশন বা আইডিয়া পর্যায়ের আবেদনের ক্ষেত্রে কোম্পানি নিবন্ধন, ট্রেড লাইসেন্স, টিআইএন বা বিআইএন বাধ্যতামূলক নয়। এ পর্যায়ে পূর্ণাঙ্গ প্রোটোটাইপ, এমভিপি, রাজস্ব বা বিদ্যমান গ্রাহক থাকাও আবশ্যক নয়। আবেদনকারীকে সমস্যার প্রমাণ, সম্ভাব্য ব্যবহারকারী, ধারণা যাচাইয়ের পরিকল্পনা এবং প্রাথমিক দক্ষতার প্রমাণ দিতে হবে। দলগত আবেদনের ক্ষেত্রে একজন প্রধান আবেদনকারী নির্ধারণ করে সদস্যদের মধ্যে দলীয় ঘোষণাপত্র বা প্রাথমিক চুক্তি জমা দিতে হবে।
প্রোটোটাইপ ও এমভিপি পর্যায়ে আবেদনকারীর সমস্যা ও সমাধানের প্রাথমিক যাচাই, প্রযুক্তিগত নকশা বা প্রুফ অব কনসেপ্ট এবং সম্ভাব্য গ্রাহকের আগ্রহের প্রমাণ থাকতে হবে। এ পর্যায়ে অনুদান চুক্তির আগে প্রযোজ্য আইন অনুযায়ী কোম্পানি বা ব্যবসায়িক প্রতিষ্ঠান নিবন্ধন করতে হবে। প্রতিষ্ঠানের টিআইএন, প্রযোজ্য ক্ষেত্রে বিআইএন, ট্রেড লাইসেন্স ও ব্যাংক হিসাব থাকতে হবে।
ইনভেস্টমেন্ট রেডিনেস ও ব্রিজ ফান্ডিংয়ের জন্য আবেদনকারীকে নিবন্ধিত ও সক্রিয় স্টার্টআপ হতে হবে। কার্যকর ও পরীক্ষিত পণ্য বা সেবা এবং বাজারে অগ্রগতির প্রমাণ থাকতে হবে। দিতে হবে পরিশোধকারী গ্রাহক, বিক্রয়, সক্রিয় ব্যবহারকারী, পাইলট প্রকল্প, ক্রয়াদেশ কিংবা চুক্তির তথ্য।
অগ্রাধিকার পাবে যেসব খাত
নীতিমালায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, ডিপ টেক, ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার, কৃষি প্রযুক্তি, স্বাস্থ্য প্রযুক্তি, শিক্ষা প্রযুক্তি, আর্থিক প্রযুক্তি, জলবায়ু ও সবুজ প্রযুক্তি, উৎপাদন ও শিল্প প্রযুক্তি এবং সৃজনশীল অর্থনীতিকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। এ ছাড়া বায়োটেক, সামাজিক উদ্ভাবন, সামুদ্রিক প্রযুক্তি, শিল্প ও উৎপাদন প্রযুক্তি, পরিবহন প্রযুক্তি, জ্বালানি প্রযুক্তি এবং অ্যাডভান্সড টেকনোলজিও অগ্রাধিকার পাবে। এসব খাতের মধ্যে রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা, ক্লাউড কম্পিউটিং, সেমিকন্ডাক্টর, রোবোটিক্স, কোয়ান্টাম কম্পিউটিং, মহাকাশ প্রযুক্তি, ড্রোন, ডিজিটাল পেমেন্ট, টেলিমেডিসিন, বায়োটেকনোলজি, নবায়নযোগ্য জ্বালানি, বৈদ্যুতিক যানবাহন, থ্রিডি প্রিন্টিং, স্মার্ট গ্রিড, ব্যাটারি প্রযুক্তি, গেমিং, অ্যানিমেশন ও ডিজিটাল মিডিয়া।
সরকার প্রয়োজনে জাতীয় কৌশলগত প্রয়োজন বিবেচনায় প্রজ্ঞাপন জারি করে নতুন প্রযুক্তি বা শিল্পখাতকেও অগ্রাধিকার তালিকায় অন্তর্ভুক্ত করতে পারবে। খাত নির্বাচনের সময় প্রযুক্তিগত সম্ভাবনা, কর্মসংস্থান, রপ্তানি, বৈদেশিক বিনিয়োগ, আমদানি বিকল্প উৎপাদন, জলবায়ু সহনশীলতা, স্থানীয় সমস্যা সমাধান, নারী নেতৃত্বাধীন স্টার্টআপ, শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক উদ্ভাবন ও জাতীয় নিরাপত্তার বিষয় বিবেচনা করা হবে।
তিন কমিটির মাধ্যমে যাচাই-বাছাই
অনুদান দেওয়ার জন্য তিনটি কমিটি গঠনের বিধান রাখা হয়েছে। এগুলো হলো আবেদন গ্রহণ ও প্রাথমিক যোগ্যতা যাচাই কমিটি, পিচিং এবং কারিগরি ও সামগ্রিক মূল্যায়ন কমিটি এবং চূড়ান্ত মূল্যায়ন কমিটি।
প্রাথমিক যোগ্যতা যাচাই কমিটির আহ্বায়ক হবেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আইসিটি গবেষণা ও প্রমোশন অনুবিভাগের যুগ্মসচিব বা উপসচিব। পিচিং এবং কারিগরি ও সামগ্রিক মূল্যায়ন কমিটির আহ্বায়ক হবেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অতিরিক্ত সচিব। চূড়ান্ত মূল্যায়ন কমিটির আহ্বায়ক হবেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব।
যেসব খাতে ব্যয় করা যাবে না
নীতিমালায় অনুদানের অর্থ ব্যবহারের ক্ষেত্রও নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। পণ্য ও সফটওয়্যার উন্নয়ন, গবেষণা, পরীক্ষণ, পাইলট প্রকল্প, প্রযুক্তিগত পরামর্শ, মেধাস্বত্ব নিবন্ধন, ক্লাউড ও সার্ভার, সফটওয়্যার লাইসেন্স, পরীক্ষাগার, যন্ত্রপাতি, বিপণন, বাজার যাচাই, ব্যবসায় উন্নয়ন, প্রশিক্ষণ ও সক্ষমতা বৃদ্ধিতে এ অর্থ ব্যয় করা যাবে।
তবে প্রতিষ্ঠাতা বা পরিচালকদের ব্যক্তিগত ব্যয়, ব্যক্তিগত ঋণ পরিশোধ, জমি বা ভবন কেনা, বিলাসবহুল যানবাহন, আসবাবপত্র বা ব্যক্তিগত সম্পদ কেনা, লভ্যাংশ বা মুনাফা বিতরণ এবং রাজনৈতিক, ধর্মীয় বা অবৈধ কার্যক্রমে অনুদানের অর্থ ব্যবহার করা যাবে না। জমি বা ভবন কেনার ক্ষেত্রে সরকারের বিশেষ অনুমোদনের সুযোগ রাখা হয়েছে।
অনুদানের অর্থ পৃথক ব্যাংক হিসাবে রাখতে হবে। প্রতিটি ব্যয়ের বিপরীতে যথাযথ বিল, ভাউচার ও দলিল সংরক্ষণ করতে হবে। প্রকল্প শেষ হওয়ার পর কমপক্ষে পাঁচ বছর আর্থিক হিসাব ও সংশ্লিষ্ট নথি সংরক্ষণ করতে হবে।
স্টার্টআপ ডিজিটাল প্ল্যাটফর্ম
নীতিমালায় বলা হয়েছে, সরকার একটি সমন্বিত জাতীয় স্টার্টআপ ডিজিটাল প্ল্যাটফর্ম প্রতিষ্ঠা করবে। এ প্ল্যাটফর্মে স্টার্টআপ নিবন্ধন, অনলাইন আবেদন, নথি ব্যবস্থাপনা, মূল্যায়ন, পিচিং, ডিজিটাল চুক্তি, অনুদান ব্যবস্থাপনা, কর্মসম্পাদন সূচক (কেপিআই) ও মাইলস্টোন পর্যবেক্ষণের ব্যবস্থা থাকবে। পাশাপাশি বিনিয়োগকারী, মেন্টর, ইনকিউবেটর ও অ্যাক্সেলারেটরের সঙ্গে উদ্যোক্তাদের সংযোগ, অনলাইন প্রতিবেদন এবং অভিযোগ নিষ্পত্তির সুবিধাও রাখা হবে।
জাতীয় পরিচয়পত্র, বিআইএন, পাসপোর্ট ও জন্মনিবন্ধন যাচাই ব্যবস্থার সঙ্গে প্ল্যাটফর্মটি যুক্ত করা যাবে। সরকার এ প্ল্যাটফর্মে জাতীয় স্টার্টআপ ড্যাশবোর্ড চালু করতে পারবে। এতে নিবন্ধিত ও অনুদানপ্রাপ্ত স্টার্টআপের সংখ্যা, খাত ও অঞ্চলভিত্তিক তথ্য, নারী নেতৃত্বাধীন স্টার্টআপ, কর্মসংস্থান, বিনিয়োগ, রপ্তানি ও উদ্ভাবনের সামগ্রিক পরিসংখ্যান প্রকাশ করা যাবে। তবে ব্যক্তিগত, বাণিজ্যিকভাবে সংবেদনশীল ও মেধাস্বত্বসংক্রান্ত তথ্য গোপন রাখতে হবে।
কোানারা অনুদান পাবেন না
মিথ্যা তথ্য, জাল দলিল, দুর্নীতি, অর্থ আত্মসাৎ, জালিয়াতি, মানি লন্ডারিং, সাইবার অপরাধ বা ফৌজদারি মামলায় বিচারাধীন ব্যক্তি বা প্রতিষ্ঠান অনুদানের জন্য অযোগ্য বিবেচিত হবে। আগের সরকারি অনুদানের হিসাব বা প্রতিবেদন জমা না দেওয়া, অর্থ অপব্যবহার, দেউলিয়া হওয়া কিংবা কালো তালিকাভুক্ত ব্যক্তিরাও আবেদন করতে পারবেন না।
অস্ত্র, মাদক, জুয়া, পর্নোগ্রাফি, অবৈধ আর্থিক কার্যক্রম বা আইনবিরোধী ব্যবসার সঙ্গে যুক্ত উদ্যোগ অনুদান পাবে না। একই প্রকল্পের জন্য একই সময়ে একাধিক সরকারি সংস্থা থেকে একই উদ্দেশ্যে অনুদান নেওয়াও নিষিদ্ধ করা হয়েছে, যদি না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ লিখিত অনুমোদন দেয়।
অনুদানের অর্থ অপব্যবহার, প্রতারণা, চুক্তির শর্ত লঙ্ঘন, দুর্নীতি বা জালিয়াতির প্রমাণ পাওয়া গেলে সরকার অনুদান আংশিক বা সম্পূর্ণ বাতিল করতে পারবে। তবে বাতিলের আগে সংশ্লিষ্ট স্টার্টআপকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হবে। অর্থের অপব্যবহার বা অনিয়ম প্রমাণিত হলে সম্পূর্ণ বা আংশিক অর্থ সরকারি কোষাগারে ফেরত দিতে হবে। ট্রেজারি চালানের মাধ্যমে অর্থ ফেরত না দিলে ১৯১৩ সালের পাবলিক ডিমান্ডস রিকভারি অ্যাক্ট অনুযায়ী সরকারি দাবি হিসেবে তা আদায় করা যাবে। এ ছাড়া সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে ভবিষ্যতে সরকারি অনুদান কর্মসূচিতে অংশগ্রহণের অযোগ্য ঘোষণা এবং আইনগত ব্যবস্থা নেওয়া যাবে।
Source: জাগো নিউজ২৪






