গোপালগঞ্জে মোবাইল ব্যাংকিং সেবা বন্ধ রাখার প্রতিবাদ জানিয়ে অবিলম্বে এসব সেবা চালুর দাবি জানিয়েছে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন (বিএমপিসিএ)। সংগঠনটির দাবি, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের নামে সাধারণ মানুষের আর্থিক লেনদেনের পথ বন্ধ করে দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ দাবি জানান সংগঠনটির সভাপতি মহিউদ্দিন আহমেদ।
বিবৃতিতে মহিউদ্দিন আহমেদ বলেন, মোবাইল ব্যাংকিং বর্তমানে শুধু অর্থ লেনদেনের মাধ্যম নয়; এটি মানুষের দৈনন্দিন জীবন, ব্যবসা-বাণিজ্য, চিকিৎসা, শিক্ষা, কৃষি ও কর্মসংস্থানসহ নানা জরুরি কার্যক্রমের গুরুত্বপূর্ণ অবকাঠামো। বিশেষ করে নিম্ন আয়ের ও প্রান্তিক জনগোষ্ঠীর কাছে এ সেবা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, কোনো ব্যক্তি বা গোষ্ঠীর কর্মকাণ্ডের দায়ভার সাধারণ নাগরিকের ওপর চাপিয়ে তাদের আর্থিক লেনদেনের পথ বন্ধ করে দেওয়া গ্রহণযোগ্য হতে পারে না। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সুনির্দিষ্ট ও লক্ষ্যভিত্তিক আইনগত ব্যবস্থা নেওয়া উচিত। বরং এর পরিবর্তে সাধারণ মানুষের জীবনযাত্রা ও অর্থনৈতিক কর্মকাণ্ড ব্যাহত করা সমস্যার সমাধান নয় বলে মত দেন তিনি।
বিবৃতিতে অতীতের অভিজ্ঞতার কথাও তুলে ধরেন মহিউদ্দিন আহমেদ। তিনি বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের সময় ইন্টারনেট বন্ধ করে দেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন প্রতিবাদ জানিয়েছিল। তখন সংগঠনটি বলেছিল, ইন্টারনেট বন্ধ করে মানুষের মতপ্রকাশ, যোগাযোগ ও তথ্যপ্রাপ্তির অধিকার বাধাগ্রস্ত করা যায় না। বরং এ ধরনের সিদ্ধান্তে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ বাড়ে।
তিনি আরও বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর সংবিধান সংশোধন কমিটির কাছে ইন্টারনেট ও ইন্টারনেটনির্ভর জরুরি সেবাকে নাগরিকের মৌলিক অধিকার হিসেবে অন্তর্ভুক্ত করার প্রস্তাব দিয়েছিল সংগঠনটি। পরবর্তী সময়ে টেলিযোগাযোগ আইন ও সাইবার সুরক্ষা আইনে ইন্টারনেটের অধিকার এবং ইন্টারনেট সেবা বন্ধের বিরুদ্ধে সুরক্ষার বিষয়টি অন্তর্ভুক্ত হওয়াকে ইতিবাচক অগ্রগতি হিসেবে দেখছে তারা।
বিবৃতিতে বলা হয়, ইন্টারনেট কিংবা মোবাইল ব্যাংকিংয়ের মতো গুরুত্বপূর্ণ সেবা বন্ধ করে দেওয়া হলে নাগরিকদের মধ্যে অসন্তোষ ও অনাস্থা তৈরি হতে পারে। অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এ ধরনের সিদ্ধান্তের সম্ভাব্য নেতিবাচক প্রভাব বিবেচনা করা উচিত।
বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন গোপালগঞ্জে অবিলম্বে মোবাইল ব্যাংকিংসহ সব ধরনের বৈধ আর্থিক সেবা সচল করার দাবি জানিয়েছে। একই সঙ্গে সাধারণ নাগরিকের আর্থিক ও যোগাযোগের অধিকার অক্ষুণ্ন রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সুনির্দিষ্ট আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে তারা।
সংগঠনটি আরও বলেছে, ইন্টারনেট, মোবাইল ব্যাংকিং ও ডিজিটাল আর্থিক সেবাকে নাগরিক জীবনের অপরিহার্য সেবা হিসেবে বিবেচনা করতে হবে। বিশেষ পরিস্থিতিতে কোনো সেবা সীমিত করার প্রয়োজন হলে তার আইনগত ভিত্তি, যৌক্তিকতা ও সময়সীমা সম্পর্কে জনগণকে স্বচ্ছভাবে জানাতে হবে।
সরকারের প্রতি আহ্বান জানিয়ে মহিউদ্দিন আহমেদ বলেন, রাষ্ট্রের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। তবে নিরাপত্তার অজুহাতে সাধারণ মানুষের মৌলিক ও অপরিহার্য সেবা বন্ধ করে দেওয়া কোনো স্থায়ী সমাধান হতে পারে না। তিনি বলেন, নাগরিকের অধিকার রক্ষা করতে হবে এবং জনজীবন সচল রাখতে হবে। সেবা বন্ধ করে নয়, বরং আইনের শাসন ও দায়িত্বশীল পদক্ষেপের মাধ্যমে সমস্যার সমাধান করতে হবে।
তথ্যসূত্র: জাগো নিউজের অর্থনীতি বিভাগের প্রতিবেদন অনুযায়ী।
Source: জাগো নিউজ২৪






