স্বল্প আয়ের মানুষের ব্যাংক হিসাবের সংখ্যা কিছুটা বাড়লেও এসব হিসাবে জমা অর্থের পরিমাণ কমেছে। চলতি বছরের জুনের তুলনায় সেপ্টেম্বর শেষে ১০, ৫০ ও ১০০ টাকার প্রাথমিক জমায় খোলা ব্যাংক হিসাবের সংখ্যা বেড়েছে ২৪ হাজার ৮৫৪টি। তবে একই সময়ে এসব হিসাবে জমা থাকা মোট আমানত কমেছে ১২১ কোটি ১১ লাখ টাকা।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের জুন শেষে এসব স্বল্প আয়ের মানুষের ব্যাংক হিসাবে জমা ছিল ৫ হাজার ৪৯০ কোটি টাকা। সেপ্টেম্বর শেষে তা কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৩৬৯ কোটি টাকা। তিন মাসের ব্যবধানে আমানত কমেছে ২ দশমিক ২১ শতাংশ।

অন্যদিকে, হিসাবের সংখ্যা বিবেচনায় জুন শেষে এ ধরনের হিসাব ছিল ২ কোটি ৯৫ লাখ ৪৭ হাজার ৮৯৭টি। সেপ্টেম্বর শেষে তা বেড়ে ২ কোটি ৯৫ লাখ ৭২ হাজার ৭৫১টিতে পৌঁছেছে। অর্থাৎ তিন মাসে হিসাব বেড়েছে ২৪ হাজার ৮৫৪টি, যা ০ দশমিক ৮ শতাংশ।

তবে তিন মাসের ব্যবধানে আমানত কমলেও এক বছরের হিসাবে এসব ব্যাংক হিসাবে জমা অর্থ ও হিসাবের সংখ্যা—দুটিই বেড়েছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, ২০২৫ সালের সেপ্টেম্বর শেষে স্বল্প আয়ের মানুষের ব্যাংক হিসাবে আমানত ছিল ৪ হাজার ৯৮৩ কোটি টাকা। চলতি বছরের সেপ্টেম্বর শেষে তা বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৩৬৯ কোটি টাকা। এক বছরে আমানত বেড়েছে ৩৮৬ কোটি টাকা বা ৭ দশমিক ৭৪ শতাংশ।

একই সময়ে হিসাবের সংখ্যার দিকে তাকালে দেখা যায়, ২০২৫ সালের সেপ্টেম্বর শেষে এসব হিসাব ছিল ২ কোটি ৮৯ লাখ ৪৮ হাজার ৮৩৫টি। এক বছরের ব্যবধানে হিসাব বেড়েছে ৬ লাখ ২৩ হাজার ৯১৬টি বা ২ দশমিক ১৬ শতাংশে দাঁড়িয়েছে।

স্বল্প আয়ের মানুষের ব্যাংকিং সুবিধা সম্প্রসারণের লক্ষ্যে ২০১০ সালে সরকার ১০, ৫০ ও ১০০ টাকার প্রাথমিক জমা দিয়ে ব্যাংক হিসাব খোলার সুযোগ চালু করে। এসব হিসাব ‘নো-ফ্রিলস অ্যাকাউন্ট’ (এনএফএ) নামে পরিচিত।

কৃষক, পোশাকশ্রমিক, হতদরিদ্র ও সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধাভোগীসহ প্রান্তিক জনগোষ্ঠীর মানুষ এসব হিসাবের আওতায় ব্যাংকিং সেবা পেয়ে থাকেন। এসব হিসাবে ন্যূনতম স্থিতি রাখার বাধ্যবাধকতা নেই। একইভাবে হিসাব পরিচালনায় কোনো সার্ভিস চার্জ বা ফি নেওয়া হয় না। সাধারণ সঞ্চয়ী হিসাবের তুলনায় এসব হিসাবে তুলনামূলক বেশি সুদ দেওয়ার ব্যবস্থাও রয়েছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, সেপ্টেম্বর শেষে কৃষকদের ব্যাংক হিসাবে আমানত বেড়েছে। জুন শেষে কৃষকদের এসব হিসাবে জমা ছিল ৭৭৭ কোটি ৫৬ লাখ টাকা। সেপ্টেম্বর শেষে তা বেড়ে ৭৯২ কোটি ২২ লাখ টাকায় পৌঁছেছে। তিন মাসে আমানত বেড়েছে ১৪ কোটি ৬৬ লাখ টাকা বা ১ দশমিক ৮৮ শতাংশ।

উল্লেখ্য, চলতি বছরের সেপ্টেম্বর শেষে এসব ব্যাংক হিসাবের মাধ্যমে প্রবাসী আয় এসেছে ৮৩১ কোটি ৯১ লাখ টাকা। সূত্র: জাগো নিউজ ইকোনমি।

Source: জাগো নিউজ২৪