শিক্ষার্থীদের মধ্যে ছোটবেলা থেকেই সঞ্চয়ের অভ্যাস গড়ে তুলতে দেশের অধিকাংশ ব্যাংক স্কুল ব্যাংকিং কার্যক্রম চালু রেখেছে। এই ব্যবস্থায় সামান্য অর্থ জমা রেখেই শিক্ষার্থীরা ব্যাংক হিসাব খুলতে পারে। শুধু সঞ্চয়ই নয়, এর মাধ্যমে ব্যাংকিং কার্যক্রম সম্পর্কে হাতে-কলমে ধারণাও পাওয়ার সুযোগ তৈরি হয়।
কোন কোন ব্যাংকে সুযোগ রয়েছে
ইসলামী ব্যাংক, ডাচ্-বাংলা ব্যাংক, সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, অগ্রণী ব্যাংক, ব্র্যাক ব্যাংক ও জনতা ব্যাংকসহ দেশের বিভিন্ন ব্যাংকে শিক্ষার্থীদের জন্য এ ধরনের হিসাব খোলার সুযোগ রয়েছে। সংশ্লিষ্টদের মতে, শৈশব থেকেই অর্থ সঞ্চয় ও ব্যবস্থাপনার অভ্যাস তৈরি হলে ভবিষ্যতে শিক্ষার্থীরা আর্থিক বিষয়ে আরও সচেতন হয়ে উঠবে। পাশাপাশি সরকারি-বেসরকারি বৃত্তি এবং বিভিন্ন শিক্ষা সহায়তার অর্থ সরাসরি শিক্ষার্থীদের ব্যাংক হিসাবে পাঠানোর সুযোগও তৈরি হয়েছে।
শিক্ষার্থীদের ব্যাংক হিসাবের বর্তমান চিত্র
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, বর্তমানে দেশে শিক্ষার্থীদের ব্যাংক হিসাবের সংখ্যা ৬২ লাখের বেশি। এসব হিসাবে জমা রয়েছে প্রায় ৩ হাজার কোটি টাকা। কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, দেশে কার্যরত ৬১টি ব্যাংকের মধ্যে ৫৯টি ব্যাংকই শিক্ষার্থীদের জন্য স্কুল ব্যাংকিং বা স্টুডেন্ট ব্যাংকিং সেবা চালু রেখেছে। চলতি বছরের জানুয়ারি-মার্চ প্রান্তিক শেষে শিক্ষার্থীদের ব্যাংক হিসাবের সংখ্যা দাঁড়িয়েছে ৬২ লাখ ৭৩ হাজার। এসব হিসাবে জমা আমানতের পরিমাণ ২ হাজার ৯১০ কোটি টাকা।
স্কুল ব্যাংকিং কী
স্কুল ব্যাংকিং মূলত শিক্ষার্থীদের জন্য বিশেষ সুবিধা সংবলিত সঞ্চয়ী ব্যাংক হিসাব। সাধারণত প্রাথমিক থেকে উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরা এ হিসাব খুলতে পারে। শিক্ষার্থীদের বয়স ও আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে ব্যাংকগুলো এ হিসাব পরিচালনার সুযোগ দেয়। সাধারণ সঞ্চয়ী হিসাবের তুলনায় স্কুল ব্যাংকিংয়ে প্রাথমিক জমা ও হিসাব পরিচালনার খরচ কম থাকে। ব্যাংকভেদে হিসাব খোলার নিয়ম, ন্যূনতম জমা এবং অন্যান্য সুবিধায় কিছুটা পার্থক্য রয়েছে।
স্কুল ব্যাংকিংয়ের সুবিধাগুলো কী কী
স্কুল ব্যাংকিংয়ের মাধ্যমে শিক্ষার্থীরা কয়েক ধরনের সুবিধা পেয়ে থাকে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো—
- ছোটবেলা থেকেই নিয়মিত টাকা জমানোর অভ্যাস তৈরি হয়।
- ব্যাংকে টাকা জমা, উত্তোলন ও হিসাব পরিচালনা সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জন করা যায়।
- সাধারণ হিসাবের তুলনায় কম খরচে ব্যাংকিং সেবা নেওয়ার সুযোগ থাকে।
- ব্যাংকভেদে ডেবিট কার্ড, এসএমএস অ্যালার্ট ও অনলাইন ব্যাংকিংয়ের সুবিধা পাওয়া যায়।
- সরকারি-বেসরকারি বৃত্তি ও শিক্ষা সহায়তার অর্থ সরাসরি হিসাবে গ্রহণ করা যায়।
- ভবিষ্যতে উচ্চশিক্ষা কিংবা ব্যক্তিগত প্রয়োজনের জন্য অর্থ সঞ্চয় করা সম্ভব হয়।
হিসাব খুলতে কী কী কাগজপত্র লাগবে
স্কুল ব্যাংকিং হিসাব খুলতে শিক্ষার্থীকে অভিভাবকসহ সংশ্লিষ্ট ব্যাংকের শাখায় যোগাযোগ করতে হয়। সাধারণত যেসব কাগজপত্র প্রয়োজন হয়—
- শিক্ষার্থীর জন্মনিবন্ধন সনদের কপি।
- সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচয়পত্র অথবা শিক্ষার্থী হিসেবে অধ্যয়নরত থাকার প্রত্যয়নপত্র।
- শিক্ষার্থী ও অভিভাবকের পাসপোর্ট সাইজের ছবি।
- অভিভাবকের জাতীয় পরিচয়পত্রের কপি।
- নমিনির নাম, পরিচয় ও প্রয়োজনীয় তথ্য।
ব্যাংকভেদে অতিরিক্ত কোনো কাগজপত্র বা তথ্য প্রয়োজন হতে পারে। তাই, হিসাব খোলার আগে নির্দিষ্ট ব্যাংকের শাখা থেকে প্রয়োজনীয় কাগজপত্রের তালিকা জেনে নেওয়া ভালো।
হিসাব খোলার আগে যেসব বিষয় খেয়াল রাখা জরুরি
শিক্ষার্থীর নামে ব্যাংক হিসাব খোলার আগে কয়েকটি বিষয় যাচাই করা জরুরি। প্রথমত, কোন ব্যাংকে কত টাকা প্রাথমিক জমা দিয়ে হিসাব খোলা যায়, তা জেনে নিতে হবে। দ্বিতীয়ত, হিসাব পরিচালনায় কোনো মাশুল আছে কি না এবং ন্যূনতম কত টাকা জমা রাখতে হবে, সে বিষয়ে পরিষ্কার ধারণা নিতে হবে। তৃতীয়ত, টাকা জমা ও উত্তোলনের নিয়ম জানতে হবে। বিশেষ করে মাসে সর্বোচ্চ কত টাকা তোলা যাবে এবং শিক্ষার্থীর বয়স ১৮ বছর না হওয়া পর্যন্ত অর্থ উত্তোলনে কী ধরনের সীমাবদ্ধতা রয়েছে, তা যাচাই করা প্রয়োজন। চতুর্থত, ডেবিট কার্ড, মোবাইল ব্যাংকিং, এসএমএস ও অনলাইন ব্যাংকিং সুবিধা পাওয়া যাবে কি না, তা নিশ্চিত হতে হবে। পঞ্চমত, শিক্ষার্থীর হিসাবে জমা অর্থ ব্যবহারের ক্ষেত্রে অভিভাবকের সচেতন থাকা জরুরি। হিসাবটি যেন দৈনন্দিন খরচের পরিবর্তে সঞ্চয়ের উদ্দেশ্যে ব্যবহৃত হয়, সেদিকে নজর দেওয়া উচিত।
উদাহরণ হিসেবে, ব্র্যাক ব্যাংকের স্কুল ব্যাংকিং হিসাবে মাসে সর্বোচ্চ ২ হাজার টাকা উত্তোলনের সুযোগ রয়েছে। এছাড়া, শিক্ষার্থীর বয়স ১৮ বছর পূর্ণ হওয়ার আগে হিসাবের পুরো অর্থ উত্তোলন করা যায় না। তবে, এ ধরনের শর্ত ব্যাংকভেদে ভিন্ন হতে পারে।
শিক্ষার্থীদের ব্যাংক হিসাব ও আমানতের এই পরিসংখ্যান থেকে বোঝা যায়, স্কুল ব্যাংকিংয়ের আওতা বাড়ছে। এর মাধ্যমে একদিকে যেমন শিক্ষার্থীদের মধ্যে সঞ্চয়ের প্রবণতা তৈরি হচ্ছে, অন্যদিকে প্রাতিষ্ঠানিক ব্যাংকিং ব্যবস্থার সঙ্গেও তাদের পরিচিতি বাড়ছে।
Source: জাগো নিউজ২৪






