জাতীয় পুরস্কারজয়ী নারী উদ্যোক্তা হাসিনা মুক্তার ফ্যাশন ব্র্যান্ড ‘নতুনত্ব’ ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলায় ফ্যাশন ও তৈরি পোশাক ক্যাটাগরিতে সেরা স্টলের পুরস্কার অর্জন করেছে।
শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে মেলার সমাপনী দিনে এই সেরা স্টলের ক্রেস্ট তুলে দেওয়া হয়। শিল্প মন্ত্রণালয়ের সচিব ও এসএমই ফাউন্ডেশনের চেয়ারপারসন আব্দুন নাসের খানের হাত থেকে পুরস্কার গ্রহণ করেন হাসিনা মুক্তা।
‘নতুনত্ব’ ব্র্যান্ডটি বুটিকস ও হস্তশিল্প নিয়ে কাজ করে। প্রতিষ্ঠানটি ফ্যাশন ও তৈরি পোশাক ক্যাটাগরিতে এই সেরা স্টলের স্বীকৃতি পেয়েছে।
তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় হাসিনা মুক্তা জানান, ‘নতুনত্ব’ ব্র্যান্ডের জন্য এই স্বীকৃতি নিঃসন্দেহে গৌরবের। তিনি বলেন, এর মাধ্যমে তাঁরা প্রমাণ করতে পেরেছেন যে শুধু পোশাক নয়, সেটি উপস্থাপনের স্টাইলেও তাঁরা সেরা। ফ্যাশন জগতে ক্রেতাদের কাছে ‘নতুনত্ব’কে সত্যিই নতুন আঙ্গিকে তুলে ধরতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তাঁরা।
হাসিনা মুক্তা নারী উদ্যোক্তা হিসেবে এর আগে যুব মন্ত্রণালয় থেকে জাতীয় পুরস্কার অর্জন করেছিলেন।
এবার ২২ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলার আসর বসে। সাত দিন ধরে চলা এই মেলা প্রতিদিন সকাল থেকে রাত ৮টা পর্যন্ত খোলা ছিল; যাতে অসংখ্য ক্রেতা ও দর্শনার্থীর সমাগম দেখা যায়।
তথ্যসূত্র: জাগো নিউজ ইকোনমি।
Source: জাগো নিউজ২৪






