দুর্গাপূজা ও লক্ষ্মীপূজার ছুটিসহ টানা কয়েক দিনের বন্ধ শেষে দেশের সরকারি-বেসরকারি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় এবং মাদরাসাগুলোতে ২৬ অক্টোবর সোমবার থেকে যথারীতি ক্লাস শুরু হচ্ছে। শিক্ষা মন্ত্রণালয়ের সূত্র ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর বার্ষিক ছুটির তালিকা পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।

তবে কলেজের শিক্ষার্থীদের ছুটি আরও কয়েক দিন চলবে। বার্ষিক ছুটির তালিকা অনুযায়ী, ১ নভেম্বর রোববার থেকে সরকারি-বেসরকারি কলেজগুলোতে ক্লাস শুরু হবে।

সূত্র অনুযায়ী, দুর্গাপূজা, লক্ষ্মীপূজা এবং সরকারের নির্বাহী আদেশে ঘোষিত ছুটি শুরু হয় ১৮ অক্টোবর থেকে। এর আগে ১৬ ও ১৭ অক্টোবর শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি পড়ায় প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় এবং মাদরাসাগুলো বন্ধ ছিল।

এরপর ২২ অক্টোবর ঘোষিত ছুটি শেষ হলেও ২৩ ও ২৪ অক্টোবর শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি থাকায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ থাকে। ২৫ অক্টোবর রোববার ছিল লক্ষ্মীপূজার ছুটি। এতে শিক্ষক ও শিক্ষার্থীরা টানা ১০ দিনের ছুটি কাটানোর সুযোগ পান।

অন্যদিকে সরকারি ও বেসরকারি কলেজগুলোতে ছুটির মেয়াদ আরও বেশি। কলেজগুলোর বার্ষিক ছুটির তালিকা অনুযায়ী, ১৮ অক্টোবর থেকে দুর্গাপূজা, বিজয়া দশমী, প্রবারণা পূর্ণিমা ও লক্ষ্মীপূজা উপলক্ষে ছুটি শুরু হয়, যা শেষ হবে ২৯ অক্টোবর। এরপর ৩০ ও ৩১ অক্টোবর শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি পড়বে। ফলে ১ নভেম্বর রোববার টানা ছুটি শেষে দেশের সরকারি-বেসরকারি কলেজগুলোতে যথারীতি ক্লাস শুরু হবে।

Source: জাগো নিউজ২৪