দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তাদের পেশাগত দক্ষতা বাড়ানোর লক্ষ্যে প্রশিক্ষণ কর্মশালা আয়োজনের উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। এ উদ্যোগের আওতায় দিনব্যাপী একটি কর্মশালা আয়োজনের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছেন কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) ইউজিসি চেয়ারম্যানের কার্যালয়ে বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয় জনসংযোগ সমিতির (বাপাজস) নেতাদের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে তিনি এ নির্দেশনা দেন। খবর জাগো নিউজের।
ইউজিসি চেয়ারম্যান বলেন, কমিশনের নতুন ধরনের বিভিন্ন কার্যক্রম জনপ্রিয় করতে জনসংযোগ কর্মকর্তাদের সহযোগিতা প্রয়োজন। এ কারণে তাঁদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।
সাক্ষাতে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তাদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং পাবলিক রিলেশন্স বিষয়ে অ্যাকাডেমিক প্রোগ্রাম চালুর সম্ভাবনা নিয়েও আলোচনা হয়।
বাপাজসের সভাপতি ড. মহিউদ্দিন আহমেদ সুমন ও সাধারণ সম্পাদক সামছুল আলম শিবলীর নেতৃত্বে সংগঠনের একটি প্রতিনিধিদল ইউজিসি চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তাঁরা চেয়ারম্যানকে একটি ক্রেস্ট ও সংগঠনের পরিচিতিপত্র তুলে দেন।
অনুষ্ঠানে বাপাজসের উপদেষ্টা আবুল কাসেম শিখদার, সহ-সভাপতি মো. নজরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক খলিলুর রহমান ও সাইফুল ইসলাম, কোষাধ্যক্ষ মো. বাবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. আল-আমিন খান, সমাজকল্যাণ সম্পাদক মোস্তাক জাহান এবং প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক মো. ইফতেখার রাজু উপস্থিত ছিলেন।
Source: জাগো নিউজ২৪






