চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় ২০২৬ সালের এসএসসি, দাখিল ও আলিম পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ৫৬ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে কর্ণফুলী প্রেস ক্লাব। শনিবার (২৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে সনদপত্র, ক্রেস্ট ও নগদ অর্থ তুলে দেওয়া হয়।

কর্ণফুলী প্রেস ক্লাবের সভাপতি ও চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য নুরুল আমিন মিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক আমার দেশের আবাসিক সম্পাদক জাহিদুল করিম কচি। অনুষ্ঠানের উদ্বোধন করেন কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রিদুয়ানুল ইসলাম।

কর্ণফুলী প্রেস ক্লাবের সাংস্কৃতিক সম্পাদক সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিশেষ অতিথিরা। তাঁদের মধ্যে ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট এস এম ফোরকান, বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি অধ্যক্ষ মাওলানা ইসমাইল হক্কানি, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সদস্যসচিব ও উপজেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব কামরুদ্দিন সবুজ, বিএনপি নেতা ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য জসিম উদ্দিন চৌধুরী, কর্ণফুলী উপজেলা জামায়াতের আমির নুর উদ্দিন জাহাঙ্গীর, উপজেলা যুবদলের সদস্যসচিব মোহাম্মদ ইব্রাহিম, প্রেস ক্লাবের সাবেক আহ্বায়ক আবদুল কাইয়ুম, সিনিয়র সহ-সভাপতি খালেদ মনসুর, সহসভাপতি বদরুল হক এবং আনোয়ারা প্রেস ক্লাবের সাবেক সভাপতি আনোয়ারুল হক।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কর্ণফুলী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম। এ সময় প্রেস ক্লাবের বিভিন্ন পর্যায়ের নেতা, আনোয়ারা প্রেস ক্লাব ও সাংবাদিক সমিতির প্রতিনিধিরা এবং বিভিন্ন সামাজিক ও মানবিক সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, জিপিএ-৫ অর্জন শিক্ষার্থীদের মেধা ও পরিশ্রমের স্বীকৃতি। এ সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে তাঁদের উচ্চশিক্ষায় মনোযোগী হতে হবে। মেধা ও যোগ্যতার পাশাপাশি মানবিক মূল্যবোধ ধারণ করে দেশ ও সমাজের কল্যাণে কাজ করার জন্যও শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তাঁরা।

তথ্যসূত্র: জাগো নিউজ এডুকেশন।

Source: জাগো নিউজ২৪