বাংলাদেশ ও ভারতের চিকিৎসকদের মধ্যে জ্ঞান বিনিময় এবং বিশেষায়িত ক্যান্সার চিকিৎসাসেবায় পারস্পরিক সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে আন্তর্জাতিক সিএমই ও ক্লিনিক্যাল নলেজ এক্সচেঞ্জ প্রোগ্রাম ‘অ্যাপোলো অনকোলজি কানেক্ট ২০২৬: চেন্নাই-চট্টগ্রাম’।

শুক্রবার (২৭ নভেম্বর) নগরের র‍্যাডিসন ব্লু হোটেলে এই অনুষ্ঠানের আয়োজন করে ভারতের চেন্নাইয়ের তেনাম্পেটে অবস্থিত অ্যাপোলো স্পেশালিটি হাসপাতাল। ‘কানেক্টিং গ্লোবাল এক্সপার্টাইজ, অ্যাডভান্সিং ক্লিনিক্যাল এক্সিলেন্স’ প্রতিপাদ্যে আয়োজিত এই অনুষ্ঠানে বাংলাদেশ ও ভারতের চিকিৎসক, বিশেষজ্ঞ এবং স্বাস্থ্যসংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেন। এ ছাড়া অধ্যাপক ডা. সাজ্জাদ মোহাম্মদ ইউসুফ, ডা. আলী আসগর চৌধুরীসহ চট্টগ্রামের জ্যেষ্ঠ চিকিৎসকরাও উপস্থিত ছিলেন।

অ্যাপোলো স্পেশালিটি হাসপাতালের পক্ষে অংশ নেন তিন বিশেষজ্ঞ চিকিৎসক। তাঁরা হলেন সার্জিক্যাল অনকোলজি বিশেষজ্ঞ ডা. পি. ভেঙ্কট, মেডিকেল অনকোলজি বিশেষজ্ঞ ডা. মোহাম্মদ জেহরান সাইপিল্লাই এবং ব্রেস্ট সার্জারি বিশেষজ্ঞ ডা. আশা রেড্ডি। আলোচনায় তাঁরা ক্যান্সার চিকিৎসার আধুনিক অগ্রগতি, সমন্বিত চিকিৎসাপদ্ধতি এবং প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্ত ও সময়মতো চিকিৎসা শুরুর গুরুত্ব তুলে ধরেন।

নভেম্বর মাসের ক্যান্সার সচেতনতা কর্মসূচির অংশ হিসেবে অনুষ্ঠানে ‘আর্লি ডিটেকশন, টাইমলি ডায়াগনসিস, বেটার আউটকামস’ অর্থাৎ প্রাথমিক শনাক্তকরণ, সময়মতো রোগ নির্ণয় ও উন্নত চিকিৎসার ফল বার্তাটি গুরুত্ব পায়। এ সময় ক্যান্সার বিষয়ে জনসচেতনতা বাড়ানো, নিয়মিত স্ক্রিনিং এবং সঠিক বিশেষজ্ঞের পরামর্শ নেওয়ার ওপর জোর দেওয়া হয়।

অনুষ্ঠানে চেন্নাইয়ের অ্যাপোলো স্পেশালিটি হাসপাতালের রিজিওনাল হেড রাগিল রঘুনাথ বলেন, অ্যাপোলো অনকোলজি কানেক্ট ২০২৬ বাংলাদেশ ও ভারতের স্বাস্থ্যখাতে সহযোগিতা বৃদ্ধিতে আমাদের অঙ্গীকারের প্রতিফলন। এই উদ্যোগের মূল লক্ষ্য ক্লিনিক্যাল জ্ঞান বিনিময়, দীর্ঘমেয়াদি পেশাগত সম্পর্ক গড়ে তোলা এবং বাংলাদেশের চিকিৎসকদের জন্য অ্যাপোলোতে বিশেষায়িত প্রশিক্ষণ, ক্লিনিক্যাল অবজারভারশিপ ও রোবোটিক সার্জারির মতো অত্যাধুনিক চিকিৎসাপ্রযুক্তির সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ তৈরি করা।

তথ্যসূত্র: জাগো নিউজ হেলথ।

Source: জাগো নিউজ২৪