ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৭৮ জন ডেঙ্গু রোগী। রোববার (২৯ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন করে ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ৪৬২ জন। এ ছাড়া চট্টগ্রাম বিভাগে ১৪০ জন, খুলনা বিভাগে ১২০ জন, ময়মনসিংহ বিভাগে ৫৯ জন, বরিশাল বিভাগে ৯৫ জন, রাজশাহী বিভাগে ৪৭ জন, রংপুর বিভাগে ৪৭ জন এবং সিলেট বিভাগে ৮ জন ভর্তি হয়েছেন।
বিভাগওয়ারী সারণিতে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে নবভর্তির সংখ্যা ৯৭৮ জন উল্লেখ করা হলেও সারাদেশের সামগ্রিক প্রতিবেদনে এই সংখ্যা ৯৮৯ জন দেখানো হয়েছে। এর মধ্যে সরকারি হাসপাতালে ৯০৫ জন এবং বেসরকারি হাসপাতালে ৮৪ জন ভর্তি হয়েছেন।
ঢাকা মহানগরে গত এক দিনে ১৩৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে সরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে ১০৬ জন এবং বেসরকারি ক্লিনিক ও হাসপাতালে ৩০ জন ভর্তি হয়েছেন।
ঢাকা মহানগরে চলতি বছর এখন পর্যন্ত ৩৮ হাজার ২৩৭ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং ২৩৫ জনের মৃত্যু হয়েছে। হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৩৭ হাজার ৮২ জন। বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৯২০ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৯ নভেম্বর পর্যন্ত সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট ৫৩২ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে মোট ভর্তি রোগীর সংখ্যা এক লাখ ৮০ হাজার ৬৮৬ থেকে এক লাখ ৮০ হাজার ৬৯৭ জনের মধ্যে রয়েছে।
এ পর্যন্ত সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন এক লাখ ৭৫ হাজার ৯৮৬ জন (সার্বিক তালিকায় এক লাখ ৭৫ হাজার ৯৯৭ জন)। বর্তমানে সারাদেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৪ হাজার ১৬৮ জন রোগী।
Source: জাগো নিউজ২৪






