২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় ফলাফল বিপর্যয়ের জেরে ১০ জেলার ২২টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানকে তলব করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। রোববার (২৯ নভেম্বর) বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক মুনসী হুমায়ুন কবিরের সই করা এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।

চিঠিতে বলা হয়, ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় এসব প্রতিষ্ঠানের পাসের হার ছিল ১ থেকে ১০ শতাংশের মধ্যে, যা 'কাঙ্ক্ষিত পর্যায়ে' নয়। তাই সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে কেন নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে না, তার 'সুস্পষ্ট লিখিত ব্যাখ্যা' দিতে হবে প্রতিষ্ঠানপ্রধানদের।

আগামী ৩ ডিসেম্বর (বৃহস্পতিবার) সকাল ১০টায় শিক্ষা বোর্ডের সভাকক্ষে তাদের সশরীরে উপস্থিত হতে বলা হয়েছে। সঙ্গে আনতে হবে বিগত পাঁচ বছরের প্রশাসনিক ও একাডেমিক সব কাগজপত্র। চিঠিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে, প্রতিষ্ঠানপ্রধানের পরিবর্তে কোনো প্রতিনিধি পাঠানো যাবে না।

সর্বনিম্ন পাসের হার রাজবাড়ীতে

বোর্ডের তালিকা পর্যালোচনায় দেখা গেছে, তলবকৃত ২২টি প্রতিষ্ঠানের মধ্যে সবচেয়ে কম পাসের হার রাজবাড়ী সদরের অঙ্কুর কলেজিয়েট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে—মাত্র ৩ দশমিক ০৩ শতাংশ। এছাড়া রাজধানী ঢাকার তিনটি প্রতিষ্ঠানও এই তালিকায় রয়েছে।

ঢাকার গুলশানের ক্রাউন কলেজে পাসের হার ৬.৬৭ শতাংশ, পল্লবীর মিরপুর ডেভেলপমেন্ট কমিটি মডেল ইনস্টিটিউট অ্যান্ড কলেজে ১০ শতাংশ, এবং খিলক্ষেতের ডুমনি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ১০ শতাংশ।

অন্যান্য জেলার প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে:

  • গাজীপুর: জেনুইন রেসিডেনসিয়াল কলেজ (৭.১৪ শতাংশ)
  • নরসিংদী: ফরিদা হাশেম ইন্টারন্যাশনাল হাই স্কুল অ্যান্ড কলেজ (৫ শতাংশ), বাবুরহাট গ্রিন ফিল্ড কলেজ (৯.০৯ শতাংশ), পাঁচদোনা স্যার কৃষ্ণ গোবিন্দ গুপ্ত স্কুল অ্যান্ড কলেজ (৪ শতাংশ)
  • মুন্সিগঞ্জ: সৈয়দপুর আব্দুর রহমান স্কুল অ্যান্ড কলেজ (৯.০৯ শতাংশ)
  • মানিকগঞ্জ: খোন্দকার দেলোয়ার হোসেন কলেজ (৭.৪৬ শতাংশ), বানিয়াজুরী ইউনিয়ন সরকারি স্কুল অ্যান্ড কলেজ (৫.২৬ শতাংশ)
  • টাঙ্গাইল: পলাশতলী মহাবিদ্যালয় (৮.৫১ শতাংশ), ডা. সাঈদা খান মহিলা কলেজ (১০ শতাংশ), ভাওড়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয় (৯.০৯ শতাংশ)
  • শরীয়তপুর: ডোমসার জগৎচন্দ্র ইনস্টিটিউশন অ্যান্ড কলেজ (৬.৪৫ শতাংশ), গঙ্গানগর আদর্শ স্কুল অ্যান্ড কলেজ (৮.৮৯ শতাংশ), চিকন্দী শরফ আলী স্কুল অ্যান্ড কলেজ (৫.৮৮ শতাংশ)
  • রাজবাড়ী: বালিয়াকান্দি পাইলট গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজ (৭.১৪ শতাংশ), বেলগাছী আলিমুজ্জামান স্কুল অ্যান্ড কলেজ (৭.৮৪ শতাংশ), অঙ্কুর কলেজিয়েট উচ্চ মাধ্যমিক বিদ্যালয় (৩.০৩ শতাংশ)
  • গোপালগঞ্জ: আইডিয়াল কলেজ (৭.১৪ শতাংশ)
  • কিশোরগঞ্জ: মডেল কলেজ (৬.৮২ শতাংশ), জারইতলা স্কুল অ্যান্ড কলেজ (৬.২৫ শতাংশ)

মোট ৪৮ প্রতিষ্ঠানকে নোটিশ

এর আগে এইচএসসি পরীক্ষায় কোনো শিক্ষার্থীই পাস না করায় ২৬টি শিক্ষাপ্রতিষ্ঠানকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছিল ঢাকা শিক্ষা বোর্ড। নতুন করে আরও ২২টি প্রতিষ্ঠানকে তলব করায় এ বছরের এইচএসসি পরীক্ষায় ফল বিপর্যয়ের ঘটনায় মোট ৪৮টি শিক্ষাপ্রতিষ্ঠানকে কারণ দর্শানোর নোটিশ দিল বোর্ড।

তথ্যসূত্র: জাগো নিউজ এডুকেশন

Source: জাগো নিউজ২৪