স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, রাজধানী ঢাকা ও বন্দরনগরী চট্টগ্রামে দুটি নিউরোসায়েন্স সেন্টার স্থাপন করা হবে। এ সপ্তাহেই এ বিষয়ে প্রয়োজনীয় বৈঠক করার কথা রয়েছে তাঁর।

শনিবার (২৯ নভেম্বর) ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত ন্যাশানাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস অ্যান্ড হসপিটালে ‘ওয়ার্ল্ড মুভমেন্ট ডিসর্ডার ডে ২০২৬’ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। দিবসটির এ বছরের প্রতিপাদ্য ছিল ‘মোর কমন দ্যান ইউ থিংক’।

স্বাস্থ্যমন্ত্রী জানান, চলতি সপ্তাহেই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকদের সঙ্গে বৈঠক করা হবে। ওই বৈঠকে প্রয়োজনীয় অবকাঠামো, করণীয় ও অর্থের পরিমাণ নির্ধারণ করা হবে। তিনি আরও বলেন, এ অর্থবছরের মধ্যেই প্রয়োজনীয় বরাদ্দ দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।

বাংলাদেশে চিকিৎসকের ঘাটতি প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী জানান, বর্তমানে দেশে প্রায় ৮২ হাজার চিকিৎসকের ঘাটতি রয়েছে। চলতি বছর এই সংকট আরও বাড়তে পারে বলে উল্লেখ করেন তিনি। এ ঘাটতি মোকাবিলায় সরকার কার্যকর পদক্ষেপ গ্রহণ করছে এবং দ্রুত সময়ের মধ্যে পাঁচ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে বলেও জানান তিনি।

ক্যানসারসহ জটিল রোগের চিকিৎসায় আধুনিক যন্ত্রপাতি ও ব্যয়বহুল ওষুধের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে ১৭টি লিনিয়ার অ্যাক্সিলারেটর মেশিন স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে ক্যানসার বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় জনবল নিয়োগ ও নার্সদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে। পাশাপাশি আধুনিক ল্যাবরেটরি স্থাপন, নতুন হাসপাতাল ভবন নির্মাণের কাজ ত্বরান্বিত করা এবং অত্যন্ত ব্যয়বহুল ওষুধ ও ইনজেকশন সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে নিয়ে আসতে স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) ড. এস এম জিয়াউদ্দিন হায়দার। তিনি তাঁর বক্তব্যে বলেন, দেশের জেলা হাসপাতালগুলোতে নিউরোসায়েন্স-সংশ্লিষ্ট চিকিৎসাসেবার পরিধি বাড়ানোর উদ্যোগ নিতে হবে। একই সঙ্গে মুভমেন্ট ডিসঅর্ডারসহ বিভিন্ন স্নায়ুরোগের চিকিৎসা জেলা পর্যায়েই চালুর ওপর গুরুত্বারোপ করেন তিনি।

ড. হায়দার আরও বলেন, বোটুলিনাম টক্সিন (বোটক্স) ও মরফিনের মতো প্রয়োজনীয় ওষুধ দেশে উৎপাদনের উদ্যোগ নেওয়া প্রয়োজন। পাশাপাশি হাসপাতাল ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের সংস্কার ও পুনর্নির্মাণ কার্যক্রম (রেনোভেশন) গতিশীল করতে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের (এইচইডি) সক্ষমতা বৃদ্ধির ওপরও গুরুত্ব দেন তিনি।

ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হসপিটালের পরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ নুরুজ্জামান খানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন অধ্যাপক ডা. মো. মাহবুবুল আলম, ডা. ইমরান সরকার, ডা. মো. মাজহারুল ইসলাম, ডা. মো. নুরুদ্দীন প্রমুখ।

তথ্যসূত্র: জাগো নিউজের স্বাস্থ্য প্রতিবেদন।

Source: জাগো নিউজ২৪