ফ্রান্সের রাজধানী প্যারিসে প্রবাসী বাংলাদেশিরা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছেন। শনিবার (২১ ফেব্রুয়ারি) সেন্ট ডেনিসের স্থায়ী শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর ভাষাশহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
পরে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি সেন্ডেনিস ডিপার্টমেন্ট কাউন্সিলের প্রেসিডেন্ট স্টেফান স্ক্রছেল বলেন, ১৯৫২ সালে ভাষার জন্য বাংলাদেশে ঘটে যাওয়া সেই ইতিহাস আজ বিশ্বের ইতিহাস।
অনুষ্ঠান সঞ্চালনা করেন আয়েবার (অল ইউরোপিয়ান বাংলাদেশ অ্যাসোসিয়েশন) মহাসচিব ও সিকানো বাঙালির প্রধান উপদেষ্টা কাজী এনায়েত উল্লাহ।
সেন্ট ডেনিসের মেয়রের পক্ষে বক্তব্য দেন ইয়ানিক কাইয়ে; আরও বলেন মোফতাউ ইবুরোয়া, করন্তাঁ দুপ্রে, আবিদা হানেফা ও অরিয়ান ফিলল প্রমুখ। বাংলাদেশি কমিউনিটির পক্ষে বক্তব্য দেন আয়েবা এক্সিকিউটিভ সুব্রত শুভ ও মো. আলী আজম খান।
সিকানো বাঙালির প্রেসিডেন্ট ও সেন্ট ডেনিসের শহীদ মিনার স্থাপনের অন্যতম উদ্যোক্তা স্বরুফ সদিউল আগামী প্রজন্মের কাছে এই শহীদ মিনারের গুরুত্ব তুলে ধরেন। অনুষ্ঠানটি আয়োজন ও পরিচালনা করেন সিকানো বাঙালির সাধারণ সম্পাদক আবু জাফর তানিম।






