কান চলচ্চিত্র উৎসবের ৭৯তম আসরে সম্মানসূচক স্বর্ণ পাম তুলে দেওয়া হয়েছে হলিউড তারকা জন ট্রাভোল্টার হাতে। নিজের পরিচালনায় প্রথম পূর্ণদৈর্ঘ্য ছবির ওয়ার্ল্ড প্রিমিয়ার শুরুর আগমুহূর্তে এ সম্মাননা পেয়ে চমকে যান তিনি।

ফ্রান্সের দক্ষিণের পালে দে ফেস্টিভ্যাল ভবনে দ্যুবুসি থিয়েটারে শুক্রবার (১৫ মে) স্থানীয় সময় সন্ধ্যা পৌনে ৭টায় পুরস্কারটি দেন উৎসব পরিচালক থিয়েরি ফ্রেমোঁ। মেয়ে এলা ব্লু ট্রাভোল্টাকে সঙ্গে নিয়ে আসা, দুবার অস্কারে মনোনীত এই অভিনেতা আবেগভরে বলেন, ‘সত্যি বলতে, এটি অস্কারের চেয়েও বেশি কিছু।’

‘কান প্রিমিয়ার’ বিভাগে দেখানো হয় ‘প্রপেলার ওয়ান-ওয়ে নাইট কোচ’। বিমানযাত্রার স্বর্ণযুগে লস অ্যাঞ্জেলেসগামী একটি ফ্লাইট আর উড়োজাহাজের প্রতি এক কিশোরের গভীর টান নিয়ে এর কাহিনি, যা তিন দশকের মতো আগে তার নিজের লেখা একই নামের বই থেকে নেওয়া। ছবির প্রযোজনা, অর্থায়ন, পরিচালনা, ধারাভাষ্য ও চিত্রনাট্য—সবই তার নিজের।

ছবিতে ফ্লাইটের ক্যাপ্টেন হয়েছেন ট্রাভোল্টা নিজে, আর এলা ব্লুকে দেখা যাবে ফ্লাইট অ্যাটেনডেন্ট হিসেবে। ইনস্টাগ্রামের এক পোস্ট থেকে জানা যায়, মেয়েকে নিয়ে নিজেই বিমান চালিয়ে কানে পৌঁছান তিনি।

ব্যক্তিজীবনে দক্ষ পাইলট ট্রাভোল্টার ছোটবেলার প্রিয় কাজ ছিল নিউইয়র্কের লাগার্ডিয়া বিমানবন্দরে বিমান ওঠানামা দেখা। ওড়ানো শুরু করেন ১৫ বছর বয়সে, প্রথম পাইলট লাইসেন্স হাতে পান ২২ বছরে। বোয়িং ৭০৭, ৭৩৭, ৭৪৭ ও বোম্বারডিয়ার গ্লোবাল এক্সপ্রেসসহ বিভিন্ন উড়োজাহাজ চালানোর সনদ এবং ৯ হাজার ঘণ্টার বেশি ওড়ার অভিজ্ঞতা আছে তার; ব্যক্তিগত পাইলট হিসেবে সবার আগে এয়ারবাস এ-৩৮০ উড়িয়েছেন তিনিই।

‘লুক হু ইজ টকিং’ (১৯৮৯) ও ‘ব্রোকেন অ্যারো’ (১৯৯৬) ছবিতে তিনি নিজেই বিমান চালিয়েছেন, তার কয়েকটি ব্যক্তিগত বিমানও আছে। ৭২ বছরের এই অভিনেতা জানান, অনেকে ছবিটি প্রযোজনা ও পরিচালনা করতে চাইলেও বিষয়টি তার কাছে খুব ব্যক্তিগত মনে হওয়ায় নিজেই দায়িত্ব নেন; জীবনের শেষ অধ্যায়ে এসে নিজের শুরুর গল্পের প্রতিচ্ছবি তুলে ধরতে চেয়েছেন তিনি।

সত্তরের দশকের শেষ ভাগে ‘স্যাটারডে নাইট ফিভার’, ‘গ্রিজ’ ও স্টিফেন কিংয়ের গল্পভিত্তিক ‘ক্যারি’ তাকে খ্যাতি এনে দেয়। মাঝে মন্দা কাটিয়ে ১৯৯৪ সালে কানে স্বর্ণ পাম জেতা কোয়েন্টিন টারান্টিনোর ‘পাল্প ফিকশন’ দিয়ে ফিরে আসেন, পরে ‘গেট শর্টি’, ‘ফেস/অফ’ ও ‘হেয়ারস্প্রে’ তার তারকাখ্যাতি পোক্ত করে। শনিবার (১৬ মে) বিকেল ৪টায় বাজিন থিয়েটারে ও সন্ধ্যা সোয়া ৬টায় সিনেয়াম আইম্যাক্সে ছবিটি আবার প্রদর্শিত হবে; অ্যাপল টিভিতে এটি মুক্তি পাবে ২৯ মে।