ঈদুল আজহা উপলক্ষে প্যারিসের ঐতিহাসিক প্লাস দ্য লা রিপাবলিক চত্বরে ২৪ মে বসেছে বাংলাদেশি বাণিজ্য মেলা। ফ্রান্সের সামাজিক ও অভিবাসনবিষয়ক সংগঠন সাফ এবার অষ্টমবারের মতো এ মেলার আয়োজন করল।
প্রবাসে বাংলা সংস্কৃতি, ঐতিহ্য ও ব্যবসার সম্ভাবনা একসঙ্গে তুলে ধরার এ আয়োজন ঘিরে ফ্রান্সপ্রবাসী বাংলাদেশিদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গেছে।
সাফের সভাপতি এন কে নয়ন এবার বিপুলসংখ্যক প্রবাসীর উপস্থিতি আশা করছেন। তার ভাষ্য, প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মকে দেশের সংস্কৃতি, খাবার ও ঐতিহ্যের সঙ্গে পরিচয় করানো এবং বাংলাদেশি উদ্যোক্তাদের জন্য একটি প্ল্যাটফর্ম গড়াই মেলার মূল লক্ষ্য।
মেলায় দেশি মুখরোচক খাবার, পোশাক, হস্তশিল্পসহ নানা পণ্যের শতাধিক স্টল রয়েছে বলে জানান তিনি। আছে দেশীয় খেলাধুলা ও সাংস্কৃতিক আয়োজন, শিশু থেকে সব বয়সীর জন্য নানা আকর্ষণ।
আয়োজকেরা মনে করেন, মেলাটি কেবল কেনাবেচায় সীমাবদ্ধ না থেকে প্রবাসী বাংলাদেশিদের মিলনমেলায় পরিণত হবে। ফ্রান্সে বসবাসরত বাংলাদেশি ব্যবসায়ী, সংগঠক ও সংস্কৃতিপ্রেমীদের মতে, এমন আয়োজন বিদেশে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরছে এবং নতুন প্রজন্মকে বাংলা সংস্কৃতির প্রতি আগ্রহী করছে।





